বাজেট আলোচনায় রাজনীতি

বাজেট নিয়ে হলেও পুরো আলোচনাটি অনেকটাই রূপ নেয় রাজনৈতিক আলোচনায়। একদিকে দুজন—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান। অন্যদিকে একা সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজনটি ছিল বেসরকারি টিভি চ্যানেল এনটিভি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠান। প্রায় আড়াই ঘণ্টার এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এনটিভি।
অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অর্থমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বিভিন্ন প্রশ্নের জবাব দেন, আর অনুষ্ঠান সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথার সূত্র ধরেই বাজেট আলোচনাটি রাজনৈতিক আলোচনায় মোড় নেয়। আমীর খসরু বলছিলেন, গত বিএনপি সরকারের শেষ দিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির যে হার ছিল, তারই ধারাবাহিকতা চলছে এখন। বরং এখন যে জিডিপির প্রবৃদ্ধির হারের সংখ্যাগুলো বলা হয়, তা নিয়ে অর্থনীতিবিদদের প্রশ্ন রয়েছে। বিনিয়োগ স্থবির হয়ে গেছে, কমে গেছে প্রকৃত মজুরি। যে প্রবৃদ্ধির হারের কথা বলা হয়, তার সঙ্গে অর্থনীতির অন্য সূচকগুলোর কোনো সামঞ্জস্য নেই। এই প্রবৃদ্ধি ফলাফলশূন্য ও কর্মসংস্থানহীন। এর কারণও আছে। সেটা হচ্ছে সরকারের চরিত্রে কোনো জনপ্রতিনিধিত্ব নেই।
বিএনপির সাবেক বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘২০০৬ সালের বাংলাদেশ আর ২০১৭ সালের বাংলাদেশ সম্পূর্ণ আলাদা। সেখান থেকে আমরা কোথায় চলে গেছি! এটা কী করে অস্বীকার করবেন আমি বুঝি না।’
মাঝখানে কয়েকজন কথা বলার পর সঞ্চালক আবার সুযোগ দেন আমীর খসরুকে এবং এবার তিনি কথা শুরু করেন অর্থমন্ত্রীর কথার জের ধরে। বলেন, ‘অর্থমন্ত্রী যে আজকের বাংলাদেশের কথা বললেন, পোশাক খাতকে অগ্রাধিকার, বেসরকারীকরণসহ বড় বড় সংস্কারের কাজগুলো কিন্তু বিএনপিই করেছে। আওয়ামী লীগ আমলে কোনো সংস্কার হয়নি।’
ইউরোপের বিভিন্ন দেশে ও চীনে বড় বড় প্রকল্প নির্মাণে যে খরচ হয়, বাংলাদেশে তার চেয়ে বেশি খরচ হয় এমন মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আসলে দেশের সম্পদ কোথায় যাচ্ছে? সুইস ব্যাংকে টাকা জমা হচ্ছে। অর্থ পাচারে পানামা পেপারসে নাম এসেছে বাংলাদেশিদের। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছে। প্রতিবেদনটাও আজ পর্যন্ত প্রকাশিত হয়নি।’
আমীর খসরুর বক্তব্যের মাঝখানে অর্থমন্ত্রী ইংরেজিতে বলতে থাকেন, ‘নো, নো।’ আমীর খসরু তখন বলেন, ‘আমি পত্রিকায় পড়েছি। ব্যাংকগুলোতেও লুটপাট চলছে।’
আমীর খসরুকে উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, আপনি অর্থনীতি নিয়ে নয়, রাজনীতি নিয়ে কথা বলছেন।’ আমীর খসরু বলেন, ‘রাজনীতি ও অর্থনীতি হাতে হাত মিলিয়ে চলে।’
অর্থমন্ত্রী বলেন, ‘আপনার বক্তব্যে শুধু রাজনীতি। যেসব পরিসংখ্যান দিয়েছেন, বাস্তবতার সঙ্গে তার সম্পর্ক নেই।’ আমীর খসরু বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য ব্যবহার করছি। পরিসংখ্যান আমি তৈরি করিনি।’
সঞ্চালক আবদুল মাতলুব আহমাদ এই পর্যায়ে বাজেটের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখার আহ্বান জানান। কিন্তু তাঁর আহ্বানে সাড়া দেননি কেউই। প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নানের পালা এলে আমীর খসরুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের রাজনৈতিক ভিশন কী ছিল? টাকা নিয়ে খেলা। প্রকল্প করেছেন, পরে কেটে দিয়েছেন।’
মাঝখানে সৈয়দ নাসিম মঞ্জুর ও ফাহমিদা খাতুন বাজেট নিয়ে কথা বলার পর আবার সুযোগ পান আমীর খসরু। প্রতিমন্ত্রী আবদুল মান্নানের উদ্দেশে তিনি বলেন, ‘ভিশন দেব, দেখতে পাবেন। বিএনপি ব্যক্তি খাত নিয়েই স্বপ্ন দেখে। এই যে বিনিয়োগ হচ্ছে না এবং টাকা চলে যাচ্ছে বিদেশে, এর কারণ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। দেশে নির্বাচিত সরকার না থাকলেই এই অভাব হয়।’
প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, সার চাওয়ায় বিএনপি আমলে ১৮ জনকে গুলি করে মারা হয়েছিল। আমীর খসরু বলেন, ‘গুলি করে হত্যা অত্যন্ত দুঃখজনক। তবে এই আমলে বিএনপির ৫০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। আরও কত হাজার কারাগারে আছেন, হিসাব দিলে বিব্রতকর অবস্থায় পড়তে পারেন।’
রাজনৈতিক বক্তব্য এরপরও শেষ হয়নি। আবদুল মান্নান বলেন, ‘বিএনপি আমলে কত হাজার কর্মকর্তাকে হত্যা করা হয়েছে সবাই জানেন।’ আমীর খসরু বলেন, স্বাধীনতার পর থেকে শুরু হয়ে হত্যা এখনো চলছে। আর দুর্ভিক্ষ হয়েছে শুধু আওয়ামী লীগ আমলে।’
আলোচনায় ব্যবসায়ীরা নিজেদের স্বার্থসম্পর্কিত বিষয়ে কর হার কমানোর দাবি জানান। অর্থমন্ত্রী সবকিছুর জবাব দেননি। তবে ঘোষণা দেন যে আগামী বাজেট হবে দেশীয় শিল্পের স্বার্থরক্ষার বাজেট। বহুল আলোচিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) হার নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘১৫ শতাংশের কথা চার বছর ধরেই বলছি। বলতে পারবেন না যে প্রস্তুতি নেওয়ার সময় পাননি। তবে একটি সহনীয় মূসক হার (কমফোর্টেবল রেট) দেওয়ার কথাই চিন্তা করছি।’