বাজেট ইতিবাচক মনে করে ঢাকা চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটে জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে অধিক গুরুত্ব দেওয়াসহ অর্থনীতির চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় আনীত প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। দেশের ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী সংগঠনটি বলেছে, প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭০ শতাংশ ধরা হয়েছে। প্রবৃদ্ধির হার উচ্চমাত্রায় ধরা হলেও এটি ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। বাজেট ঘোষণার পরদিন গত শুক্রবার ডিসিসিআইর সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে ডিসিসিআই সভা কক্ষে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে আলোচনার জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিসিসিআই পরিচালক, সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বাজেট প্রতিক্রিয়ায় ডিসিসিআই বলেছে, জ্বালানি ও পরিবহন খাতকে গুরুত্ব প্রদান করা হলেও এসব প্রকল্পের সময়মতো বাস্তবায়ন জরুরি। বাংলাদেশের উন্নয়নের পূর্বশর্ত হলো অবকাঠামো উন্নয়ন। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ছয় হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে ডিসিসিআই এই খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছিল। তবে চেম্বার ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা ও ট্রাফিক পদ্ধতি উন্নয়নে কোনো বিশেষ বরাদ্দ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে। বাজেটে উত্তরা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ৩২ কিলোমিটার এলিভিটেড এক্সপ্রেস ওয়ে ও ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব ঢাকা শহরের যানজট নিরসনে যথেষ্ট নয় বলে ডিসিসিআই মনে করে। বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নের জন্য সরকারের ২০ বছর মেয়াদি পরিকল্পনাকে ডিসিসিআই স্বাগত জানিয়ে দ্রুত মাস্টার প্ল্যান ঘোষণার সুপারিশ করেছে। ঢাকা চেম্বার মনে করে, রেলওয়ের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের মাধ্যমে রেল খাতে স্বতন্ত্র বরাদ্দ দিতে হবে। ঢাকার যানজট নিরসনের জন্যও রেল যোগাযোগ গড়ে তোলা জরুরি। তবে বাজেটে ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডর উন্নয়নে কোনো বিশেষ বরাদ্দ না রাখায় ডিএসই হতাশা ব্যক্ত করেছে। ঢাকা চেম্বার আরও বলছে, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আইনগত ভিত্তি দ্রুত চূড়ান্তকরণ ছাড়া বেসরকারি খাত পিপিপির আওতায় বিনিয়োগে আগ্রহী হবে না। তবে বাংলাদেশ অবকাঠামো অর্থ তহবিল (বিআইএফএফ) খাতে এক হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখাকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার। ঢাকা চেম্বার ট্যাক্স কার্ড প্রবর্তনের সিদ্ধান্ত ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানায়। ইটিপি প্ল্যাট স্থাপনে ৩০০ কোটি টাকা পুনঃঅর্থায়নের ব্যবস্থাকে স্বাগত জানিয়ে এ খাতের সব যন্ত্রপাতির ক্ষেত্রে শূন্য শুল্ক আমদানির সুবিধা চেয়েছে। পাশাপাশি শিল্পায়নকে উত্সাহিত করতে ভ্যাট ও কতিপয় কাঁচামালের শুল্ক প্রত্যাহারকে ইতিবাচক বলেছে। তবে খুচরা পর্যায়ে নির্ধারিত ভ্যাট বাড়ানো হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) ক্ষতিগ্রস্ত হবে বলে ডিসিসিআই এখানে ভ্যাটের বর্তমান হার বজায় রাখার প্রস্তাব করেছে।