
২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয় বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সমুন্নয়। তবে বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তা অর্জন হবে কি না সে বিষয়ে প্রতিষ্ঠানটির সংশয় রয়েছে।
প্রস্তাবিত বাজেট নিয়ে এমনই পর্যালোচনা সমুন্নয়ের। এ পর্যালোচনা তুলে ধরতে গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘বাজেটের অর্থ যেন নির্বাচনের কাজে ব্যয় না হয়। নির্বাচন কমিশনকে এ বিষয়টিতে নজর দিতে হবে। কমিশন দিকনির্দেশনামূলক ভূমিকা না নিলে ক্ষমতাসীন সরকার বাজেটের টাকা নির্বাচনী কাজে ব্যয় করে ফেলতে পারে।’
বাজেট উপস্থাপন-পদ্ধতির সমালোচনা করে আকবর আলি খান বলেন, ‘পাটের বস্তায় করে বাজেটের নথি দেওয়া হলো, কিন্তু কোথায় নতুন করে কর বসল, জানতে পারলাম না।’ তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে আয়-ব্যয়ের ঘাটতি ২৮ হাজার কোটি টাকা। এই ঘাটতি কোথা থেকে পূরণ হবে, সেটা বলা হয়নি। গুঁড়া দুধ, নিউজপ্রিন্টের ওপর শুল্ক বাড়িয়ে এই ঘাটতির কতটা পূরণ করা হচ্ছে, তা-ও বলা হয়নি।’
অনুষ্ঠানের সভাপতি সমুন্নয়ের ইমিরেটাস ফেলো ও কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ ফ্ল্যাট-প্লট কেনায় কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, কোনো একটি বিশেষ চক্রের প্রভাবে বাজেটে এই ব্যবস্থা রাখা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সময় এ সুযোগকে কাজে লাগিয়ে প্লট-ফ্ল্যাটের দাম তিনগুণ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
ইব্রাহিম খালেদ বলেন, প্রবৃদ্ধির ধারা দুই বছর কমেছে। এ ধারা পেরিয়ে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয় আছে।
মূল প্রবন্ধে সমুন্নয়ের গবেষণা সমন্বয়ক দিলরুবা ইয়াসমিন বলেন, বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া অমানবিক। এতে নিয়মিত করদাতারা নিরুৎসাহিত হবেন। তার ওপর কেবল একটি খাতে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় জমি, ফ্ল্যাট ও প্লটের দাম মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যাবে। তিনি বলেন, বাজেটে নিম্নবিত্ত ও উচ্চবিত্ত উভয়কেই স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে উচ্চবিত্তকে চাপে রেখে আরও দরিদ্রবান্ধব পরিকল্পনা প্রণয়ন করা যেত।
সমুন্নয়ন বলেছে, প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে আনুপাতিক হারে বরাদ্দ বাড়ানো হয়নি। গত বছর যেখানে এ খাতের বরাদ্দ ১২ দশমিক শূন্য ৫ শতাংশ ছিল। প্রস্তাবিত বাজেটে তা ১১ দশমিক ৪০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে দুস্থ মহিলাসহ প্রান্তিক মানুষের ভাতা বাড়ানো প্রয়োজন ছিল।