বাজেট গতানুগতিক, নতুন কিছু নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতানুগতিক। অর্থমন্ত্রী বাজেটকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। কেউ কেউ আবার নিকৃষ্ট বাজেট বলছেন। আসলে এই বাজেটে নতুন কিছু নেই।
অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং গণতান্ত্রিক বাজেট আন্দোলনের (ডিবিএম) উদ্যোগে আয়োজিত বাজেটোত্তর মতবিনিময় সভায় এম এম আকাশ এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এম আকাশ বলেন, নতুন বাজেটকে উচ্চাভিলাষী বলব না, বরং এটি অবাস্তব বাজেট। অর্থনীতির আকারের তুলনায় বাজেট হয়তো বড় নয়। কিন্তু বাস্তবায়নের দিক থেকে এটি উচ্চাভিলাষী। কেননা, বড় বাজেট দেওয়া হলেও তা বাস্তবায়ন করা যায় না। কিন্তু সমস্যা হলো, বাজেটের পুরো বাস্তবায়নের তথ্য পাওয়া যাবে আরও চার মাস পরে। তখন আর এ নিয়ে আলোচনা হয় না। বাস্তবায়নের সংকট নিয়ে উদাহরণ দিয়ে তিনি বলেন, মাত্রই খবর বেরিয়েছে যে অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৬৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। তার মানে, এখন কেবল জুন মাসেই ব্যয় করবে ৪১ হাজার কোটি টাকা।
>ইআরএফ ও গণতান্ত্রিক বাজেট আন্দোলনের মতবিনিময় সভায় এম এম আকাশ
এম এম আকাশ বলেন, ব্যাংকে ঋণখেলাপিদের শাস্তি দেওয়া হয় না। আবার গত ১০ বছরে অর্থ পাচার হয়েছে ৬ লাখ কোটি টাকা, যা অর্থমন্ত্রীর দেওয়া বড় বাজেটের দেড় গুণ। এই নিয়ে একটা বক্তব্য আসা উচিত ছিল। অথচ কিছুই করা হলো না। এসব ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন না হলে বৈষম্য কমবে না।
এম এম আকাশ বলেন, শ্রমিকদের একটা দাবি হচ্ছে তাঁদের থাকার জন্য ডরমিটরি ও রেশনের ব্যবস্থা করা। আইন করে যে শ্রমিককল্যাণ তহবিল গঠন করা হয়েছে, তা দিয়েই তো এ ধরনের ব্যবস্থা করা যায়। কিন্তু শ্রমিককল্যাণ তহবিলে কত টাকা জমা আছে, সেই তথ্য প্রকাশ করা হয় না। এটা জানানো উচিত।
এম এম আকাশ বলেন, ২০১১ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর ছিল ব্যারেলপ্রতি ১২৫ ডলার। ২০১৪ সালে তা কমে হয় ৫৬ ডলার। আর এই সময়ে দেশের মধ্যে তেলের দাম কমানো হয় সামান্য। এর বিপরীতে বড় ধরনের মুনাফা করে সরকার। অথচ শেভরন যখন বাংলাদেশ ছেড়ে চলে যায়, তখন তাদের ব্যবসা কিনে নিল চীনারা। এটা তো দেশপ্রেমের লক্ষণ না।
দৈনিক প্রথম আলোর বাণিজ্য সম্পাদক শওকত হোসেন বলেন, বাজেটে অপ্রয়োজনীয় কথা বেশি হয়। এসব অপ্রয়োজনীয় কথা না বলে সুনির্দিষ্ট বিষয়গুলো তুলে ধরা উচিত। সবার আগে দরকার বাজেট বক্তৃতার সংস্কার।
স্বাগত বক্তব্যে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বাজেট প্রক্রিয়া আরও বেশি গণতান্ত্রিক হতে হবে। এর সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। এ ছাড়া বাজেটে বরাদ্দের সঠিক ব্যবহার হচ্ছে কি না, তা-ও দেখতে হবে।
গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সহপ্রধান আসগর আলী সাবরীর সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক এ আর আমান। তিনি বলেন, বাজেটে নারীর কল্যাণে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভ্যাট সংগ্রহের প্রক্রিয়া মোটেই অনুকূল নয়। ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক আরোপ অনৈতিক। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আলম মাসুদ।