বাজেট ঘাটতি জিডিপির ৫.১ শতাংশে রাখতে চান প্রণব
রাজস্ব ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ১০ শতাংশের মধ্যে বেঁধে রাখার ঘোষণা দিয়ে ভারতের ২০১২-১৩ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছেন দেশটির অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। বিদায়ী ২০১১-১২ অর্থবছরে ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখতে চাইলেও বাস্তবে তা ৫ দশমিক ৯০ শতাংশে উন্নীত হবে বলে প্রাক্কলন করা হয়েছে। এবার প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়িয়ে এক লাখ ৯৩ হাজার ৪০৭ কোটি রুপি করা হয়েছে। গতবার এই বাজেট বরাদ্দ ছিল এক লাখ ৬৪ হাজার ৪১৫কোটি রুপি ১৪ লাখ ৯০ হাজার ৯২৫ কোটি রুপির ব্যয়-প্রস্তাবসংবলিত বাজেটে আগামী অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে এক লাখ ৯৩ হাজার ৪০৭ কোটি রুপি করা হয়েছে। গতবার এই বরাদ্দ ছিল এক লাখ ৬৪ হাজার ৪১৫ কোটি রুপি। অর্থাৎ প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১৭ শতাংশ বাড়ানো হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বর্তমান পরিস্থিতিতে সাধারণ বাজেটকে খুব ভালো বাজেট বলে অভিহিত করলেও তিনি প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ আরও বাড়ানো হবে বলে আশা করেছিলেন। তিনি বলেছেন, ‘প্রতিরক্ষার জন্য আরও অর্থ পাব ভেবেছিলাম। তবে যা পেয়েছি তাতে খুশি।’ অর্থমন্ত্রী প্রতিরক্ষা বাহিনীর জন্য আধুনিক আগ্নেয়াস্ত্র ও সামরিক যন্ত্রপাতি ক্রয় বাবদ ৭৯ হাজার ৫৭৯ কোটি রুপি বরাদ্দ করেছেন। এ বছরই বেশ কিছু প্রতিরক্ষাসরঞ্জাম কেনার চুক্তি বাস্তবায়িত করা হবে। এ জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এর মধ্যে রয়েছে ফ্রান্সের কাছ থেকে ১২৬টি যুদ্ধবিমান কেনার বিষয়টিও। প্রণব মুখোপাধ্যায় বাজেট পেশ করে বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকে বাজেটে লক্ষ রাখা হয়েছে। কৃষিক্ষেত্রে ১৮ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করেছেন অর্থমন্ত্রী। তবে পরিষেবা করের পরিমাণ ১০ থেকে ১২ শতাংশ করায় সাধারণ মানুষের তা গুনতে হবে। বিরোধীরা এই বাজেটের সমালোচনা করে বলেছে, এই বাজেটের ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে। বামপন্থীরা এই বাজেটকে দীশাহীন বাজেট বলে ক্ষোভ প্রকাশ করেছে।কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, একদিকে মূল্যস্ফীতি রোধ অন্যদিকে উন্নয়ন ত্বরান্বিত করার দিকে লক্ষ রেখে বাজেট তৈরি করা হয়েছে। বাজেটে তৈরি পোশাকের ওপর অতিরিক্ত কর আরোপের ফলে এর দাম আরও বাড়বে। এতে করে বাংলাদেশ ভারতের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশের যে প্রত্যাশা করছিল, তা অনেকটা ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে।অর্থমন্ত্রী তাঁর বাজেটে গাড়ির আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন। দামি গাড়ির ক্ষেত্রে ২২-২৪ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে মধ্যবিত্তকে কর ছাড়ের সুবিধা দিয়েছেন আয়করের ক্ষেত্রে। দুই লাখ রুপি পর্যন্ত আয়ে কাউকে কোনো কর দিতে হবে না। এ ছাড়া পাঁচ লাখ রুপি পর্যন্ত আয়ে মাত্র ১০ শতাংশ কর দিতে হবে। পাঁচ লাখ এক রুপি থেকে ১০ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ এবং এর বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ হারে করারোপের প্রস্তাব করা হয়েছে। তবে সোনার ক্ষেত্রে আমদানি শুল্ক ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করা হয়েছে। ফলে স্বর্ণ কেনার জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে। অর্থমন্ত্রী পাঁচ লাখ ৭৫ হাজার কোটি রুপি কৃষিঋণ দেওয়ার জন্য বরাদ্দ করেছেন। এ ছাড়া গৃহঋণে ১ শতাংশ সুদ কমানোরও ঘোষণা দিয়েছেন। আবার ২৫ লাখ রুপির বাড়ির জন্য ১৫ লাখ রুপি ঋণ দেওয়ারও প্রস্তাব রেখেছেন। অর্থমন্ত্রীর ঘোষিত এই বাজেটের ফলে এলসিডি টিভি, মোবাইল ফোন হ্যান্ডসেট, জীবনরক্ষাকারী ওষুধ, সিনেমার টিকিট, তরল প্রাকৃতিক গ্যাস, দেশলাই, কম দামের জুতো, লেখার সরঞ্জাম, বাইসাইকেল ইত্যাদির দাম কমবে। আর দাম বাড়বে এয়ারকন্ডিশনার, ফ্রিজ, সিগারেট, পান, মসলা, সাবান, প্রসাধনী, সোনা, হীরা, পান্না, চুনি, প্লাটিনাম ইত্যাদির। প্রণব মুখোপাধ্যায় বলেছেন, কালোটাকা উদ্ধারের জন্য সার্বিক উদ্যোগ নেওয়া হবে। এ-সংক্রান্ত শ্বেতপত্রও সংসদে পেশ করা হবে চলতি অধিবেশনে। অর্থমন্ত্রী বিমানপরিষেবা উন্নত করার জন্য ভারতের আকাশে বিদেশি বিমান চালনারও অনুমতি দিয়েছেন। প্রণব আরও বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বেড়েছে।’ আরও বলেছেন, গত বছর আর্থিক বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯০ শতাংশ। এবার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। অর্থমন্ত্রী সারা দেশে আট হাজার ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণেরও প্রস্তাব রাখেন। এ জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার ৪০০ কোটি রুপি। তিনি আশা প্রকাশ করে বলেছেন, এই বাজেটের ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যাবে। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সংস্থার শেয়ার এবার বাজারে ছাড়া হবে। স্টক এক্সচেঞ্জে এই শেয়ার বিক্রির ব্যবস্থা থাকবে। দেশে ক্ষুদ্র ব্যাংক খোলারও অনুমতি দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী।