বাজেট ঘাটতি তিন গুণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাজেট ঘাটতি অর্থায়ন গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে। তবে তা চলতি অর্থবছরের প্রত্যাশিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ৭৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় যে আলোচ্য সময়কালে মোট ঘাটতি অর্থায়ন হয়েছে ১২ হাজার ৬০ কোটি ১৫ লাখ টাকার। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র চার হাজার ৪৭৬ কোটি ৮৬ লাখ টাকা।
সাধারণভাবে সরকার এক বছরে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে মোট যে রাষ্ট্রীয় ব্যয়ের পরিকল্পনা করে সেটিই হলো বাজেট ব্যয়। এই ব্যয় মেটাতে প্রথমে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয়। কিন্তু রাজস্ব আয় দিয়ে পুরোটা মেটানো সম্ভব হয় না বলে ঘাটতিটুকু দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে অর্থায়ন করতে হয়। এটিই ঘাটতি অর্থায়ন হিসেবে পরিচিত।
আলোচ্য সময়কালে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে অর্থায়ন করা হয়েছে ১০ হাজার ৯১৯ কোটি ৬৪ লাখ টাকা। গত বছর অবশ্য এর পরিমাণ ছিল মাত্র দুই হাজার ২৬৬ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন বেড়েছে প্রায় সাড়ে চার গুণ।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকার ব্যাংকব্যবস্থা থেকে প্রকৃত (নিট) ঋণ গ্রহণ করেছে তিন হাজার ৭০ কোটি ৭০ লাখ টাকার। বাকি সাত হাজার ৮৪৮ কোটি ৯৪ লাখ টাকা নেওয়া হয়েছে ব্যাংকবহির্ভূত উৎস থেকে, যার সিংহ ভাগই সঞ্চয়পত্র বিক্রি করে এসেছে।
এ বছরের বাজেটে ব্যাংকব্যবস্থা থেকে সরকার ৩১ হাজার ২২১ কোটি টাকা প্রকৃত ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে। একটি নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে গৃহীত ঋণ থেকে একই সময়ে আগের ঋণের পরিশোধিত আসলের পরিমাণ বাদ দিয়ে প্রকৃত বা নিট ঋণ পাওয়া যায়।
অন্যদিকে ব্যাংকবহির্ভূত উৎস থেকে এবার সরকার ১২ হাজার ৫৬ কোটি টাকা প্রকৃত ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। এর মধ্যে সঞ্চয়পত্র বিক্রি করে নেওয়া হবে নয় হাজার ৫৬ কোটি টাকা।
ঘাটতি অর্থায়নে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি উৎস থেকে সরকার মাত্র এক হাজার ১৪০ কোটি ৫১ লাখ টাকা নিয়েছে। এটি হলো মূলত বিদেশি ঋণ। গত বছর একই সময়ে নিয়েছিল দুই হাজার ২১০ কোটি ৩০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক ঋণ। সরকার এ বছর ১৮ হাজার ৬৯ কোটি টাকার বিদেশি ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে।
চলতি অর্থবছর সরকার সামগ্রিক বাজেট ঘাটতি নির্ধারণ করেছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। এটি এ বছরের প্রত্যাশিত জিডিপির ৫ শতাংশ। চলতি অর্থবছর জিডিপির আয়তন ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ কোটি টাকার সমপরিমাণ হবে বলে ধরে নেওয়া হয়েছে।
অবশ্য বিদেশি অনুদান পরিশোধযোগ্য নয় বলে একে সরকারি রাজস্বের সঙ্গে একই শ্রেণিভুক্ত করে হিসাব করা হয় বাজেট দলিলে। তাই সামগ্রিক ঘাটতি দাঁড়ায় ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা। কেননা, ছয় হাজার ২০৬ কোটি টাকার বিদেশি অনুদান প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।