জাতীয় বাজেট করার বিদ্যমান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ওপর থেকে যা ঠিক করে দেওয়া হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে বাজেট। অথচ বাজেট করতে হবে নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে নয়।
রাজধানীর মেট্রো চেম্বার কার্যালয়ে গতকাল শনিবার অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট রিপোর্টিং’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা কামাল এসব কথা বলেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।
মেট্রো চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ইআরএফের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ।
নিচ থেকে ওপর বলতে মন্ত্রী বাজেট তৈরিতে সমাজের তৃণমূল মানুষের সম্পৃক্ততা ও তাঁদের চাহিদা অনুযায়ী বাজেট প্রণয়নকে বুঝিয়েছেন। মুস্তফা কামাল বলেন, কর আদায়ের সম্ভাব্য খাতগুলোও চিহ্নিত হয়নি। যেভাবে চলছে, এভাবে বাজেট হওয়া উচিত নয়। আয়কর আইন সহজ করা, মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকি রোধে দোকানে মেশিন বসানো, উপজেলা পর্যায়ে কর কার্যালয় স্থাপন এবং বাজেট করার আগে তৃণমূল পর্যায়ের বিশ্লেষণের দরকার বলেও পরিকল্পনামন্ত্রী মনে করেন।
বাজেট প্রণয়নের সঙ্গে দীর্ঘ বছর জড়িত থাকা পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান বলেন, প্রতিবছর বাজেট চূড়ান্ত করার আগেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ঠিক করা হয়। এরপর ১৩-১৪ শতাংশ নামিক জিডিপি এবং গড়ে ৫ শতাংশ ঘাটতি বিবেচনায় রেখে ঠিক করা হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা।
ঘাটতি বাজেট ঠিক রাখাটা বাজেটের একটি বড় কাজ বলে মনে করেন আরাস্তু খান। বাজেট নিয়ে নির্ভুল প্রতিবেদন করতে হলে অর্থনীতির মৌলিক বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা রাখার পরামর্শ দেন তিনি।
কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পরিচালক মো. আবদুর রউফ মূসক নিয়ে, প্রথম সচিব মোহাম্মদ এহতেশামুল হক শুল্ক এবং রঞ্জনকুমার ভৌমিক আয়কর নিয়ে কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।
প্রথম আলোর হেড অব রিপোর্টিং শওকত হোসেন বাজেট নিয়ে প্রতিবেদন তৈরিতে পরিসংখ্যান তুলে ধরার পরিবর্তে বরং ‘মানুষ কী পেল’—তা বিবেচনায় রাখার পরামর্শ দেন। বেসরকারি বিনিয়োগ সাত বছর ধরেই জিডিপির ২১-২২ শতাংশে আটকে রয়েছে জানিয়ে শওকত হোসেন প্রশ্ন রাখেন—এ কারণেই কি অর্থমন্ত্রীর বক্তব্য থেকে কর্মসংস্থানের চিত্রটিও পাওয়া যায় না?