বাজেট নিয়ে সারা বছরই কাজ করার সুযোগ থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট করতে গিয়ে সরকারকে এবার কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হচ্ছে? মোয়াজ্জেম হোসেন: অর্থনীতির এক ক্রান্তিকালে এবারের বাজেট হতে যাচ্ছে। তাই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। কেননা, রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। সময়মতো সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন হলে অবশ্য তা কেটে যাবে। একদিকে সরকারের শাসনক্ষমতার মেয়াদের শেষ কয়েকটি মাস। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনের পর নতুন সরকারের মেয়াদের প্রথম কয়েকটি মাস। এভাবেই ২০১৩-১৪ অর্থবছরটি গড়িয়ে যাবে। এ জন্যই এটাকে একটা ক্রান্তিকাল বলতে হয়। আর তাই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা জরুরি।প্রথম আলো: তাহলে কী কী চ্যালেঞ্জ সামনে নিয়ে আগামী অর্থবছরের বাজেট করতে হচ্ছে?মোয়াজ্জেম হোসেন: সবার আগে বলতে হয় বিনিয়োগ বাড়ানোর কথা। সাম্প্রতিক সময়ে বিনিয়োগে মন্দাভাব দেখা দিয়েছে। যদিও আমাদের অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের অংশ অনেক বেশি, সরকারি বিনিয়োগও খুব গুরুত্বপূর্ণ। মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে বিনিয়োগের অংশ কয়েক বছর ধরে ২৪-২৫ শতাংশেই আটকে আছে। অথচ এ হার ৩২ শতাংশে না নিতে পারলে প্রবৃদ্ধির হার ৭-৮ শতাংশে উন্নীত করা যাবে না। অবকাঠামো খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। বিদ্যুৎ, গ্যাস, রেল, বন্দর ইত্যাদি অবকাঠামোর সমর্থন ছাড়া বেসরকারি বিনিয়োগ বাড়বে না, শিল্প উৎপাদনও হবে না, হবে না কর্মসংস্থান।প্রথম আলো: অন্য চ্যালেঞ্জগুলো কী কী?মোয়াজ্জেম হোসেন: প্রবৃদ্ধির সুষম বণ্টন একটা বড় চ্যালেঞ্জ। কয়েক বছর ধরে প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপরে রয়েছে। যেখানে এ বছর ভারতে প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে নেমে এসেছে, সেখানে আমাদের প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কমলেও ৬ শতাংশের ওপরে রয়েছে। কিন্তু প্রবৃদ্ধির সুষম বণ্টন খুব জরুরি। দেশে ধনী-গরিবের বৈষম্য যেভাবে বাড়ছে, তা বড় উদ্বেগের বিষয়। সরকারি পরিসংখ্যানে আয়বৈষম্যের বিষয়টি সেভাবে প্রতিফলিত না হলেও বাস্তবতা এটাই। বেশি সম্পদ যদি অল্প মানুষের কাছে সঞ্চিত হতে থাকে, তাহলে তা সামাজিক অস্থিরতা বাড়িয়ে দেবে। বাজেটে তাই আয়বৈষম্য কমিয়ে আনার পদক্ষেপ থাকা প্রয়োজন। আরেকটা চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ সম্পদ আহরণ। দেশে লাখ লাখ মানুষ করের আওতার বাইরে রয়ে গেছে। আবার কোটি কোটি টাকা আয়-উপার্জন করে নামমাত্র কর দেয় লাখ লাখ লোক। সুতরাং, তাঁদের যথাযথভাবে করের আওতায় এনে কর আদায় করতে হবে।প্রথম আলো: একটি বাজেটে এ বিষয়গুলো কতটা মোকাবিলা করা সম্ভব?মোয়াজ্জেম হোসেন: এ চ্যালেঞ্জগুলো ঘুরেফিরে আসছে, আসবে। তবে নির্বাচন সামনে রেখে এবারের বাজেটে সরকারের পক্ষে এসব পদক্ষপ কতটা নেওয়া সম্ভব হবে তা বলা কঠিন।প্রথম আলো: আপনার দীর্ঘ তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতার আলোকে যদি একটু বলেন যে বাজেট প্রতিবেদনে আমরা কতটা অগ্রসর হয়েছি আর সামনে কী করা উচিত?মোয়াজ্জেম হোসেন: বাজেট রিপোর্টিং অতীতে যেভাবে করা হতো, তা থেকে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে। তবে পরিসংখ্যান দিয়ে ভারাক্রান্ত করে প্রতিবেদন পাঠকের সামনে দেওয়া ঠিক নয়। তার বদলে সহজ ভাষায় বাজেটের বিশ্লেষণ ও অন্তর্নিহিত বিষয়গুলো উপস্থাপন করা জরুরি। মানুষ জানতে চায় যে বাজেটের কোন পদক্ষেপে তার কী হবে। এ জন্য বাজেটে আসলে কী বলা হচ্ছে, তা সাংবাদিকদের নিজে আগে ভালোভাবে অনুধাবন করতে হবে। যথেষ্ঠ প্রস্তুতি নিতে হবে। বাজেটের বিষয়গুলো লেখচিত্র, গ্রাফিকস ও কার্টুন দিয়ে প্রকাশ করলে তা অনেক বেশি অনুধাবনযোগ্য হয়। আর বাজেট নিয়ে শুধু এক দিন বা এক মাস নয়, সারা বছরের জন্যই কাজ করার সুযোগ থাকে। প্রথম আলো: বাংলাদেশে সপ্তাহের শেষ কার্যদিবসে বিকেল বেলা বাজেট দেওয়া হয়। এতে করে পত্রপত্রিকা মাত্র কয়েক ঘণ্টা সময় পায় বাজেট বুঝতে ও তা নিয়ে প্রতিবেদন তৈরি করতে। অথচ ভারতে দুপুরের মধ্যেই বাজেট দেওয়া হয়। আমরা কেন এটা করছি না?মোয়াজ্জেম হোসেন: এটা বাংলাদেশের সাংবাদিকদের জন্য বিরাট চ্যালেঞ্জ। চার-পাঁচ ঘণ্টার মধ্যে বাজেট বুঝে তা নিয়ে সঠিকভাবে লেখা খুব কঠিন। কেননা, রাত ১১টা বা ১২টার মধ্যে পত্রিকা ছাপতে দিতে হয়। ছাপা শেষে তা সারা দেশে পাঠাতে হয়। আমার মনে হয়, সরকারের এখন চিন্তা করা উচিত, বাজেট ঘোষণার সময় এগিয়ে আনার বিষয়ে। ব্যাংকিং ও শুল্ক কার্যক্রম শেষ হলে ও দুদিন ছুটি থাকলে তাৎক্ষণিক প্রভাব এড়ানো যায়—এমন চিন্তা এখন এ উন্নততর প্রযুক্তির যুগে আর খাটে না। [সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]