বাজেট নিয়ে অস্বস্তি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান

বাজেট নিয়ে সবার মধ্যে অস্বস্তি আছে। অস্বস্তির প্রধান কারণগুলো হলো নতুন আইনে ১৫ শতাংশ ভ্যাট, ব্যাংকে টাকা রাখায় বাড়তি আবগারি শুল্ক এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধি না করা।

গতকাল বৃহস্পতিবার ‘জাতীয় বাজেট ২০১৭-১৮’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও প্রথম আলো যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। সভায় বক্তারা আরও বলেন, বাজেটের আকার নয়, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলো হলো বাজেটের অর্থের জোগান দেওয়া এবং সাশ্রয়ীভাবে যথাসময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। এ জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন।

কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। আইসিএবির সাবেক সভাপতি হ‌ুমায়ূন কবির বৈঠকে সঞ্চালনা করেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, ‘নতুন ভ্যাট আইনে বহু পণ্যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে জনগণ উপকৃত হবে। তথ্যপ্রযুক্তি খাত হলো অর্থনীতির উদীয়মান তারকা। সরকার এই খাতে সুবিধা দিয়েছে। আমরা সবাই মিলে যদি কথা বলি এবং কাজ করি, তবেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

নতুন ভ্যাট বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনটি বাস্তবায়নে এখনো পুরো প্রস্তুত নই। এ বিষয়ে আরও প্রশিক্ষণ দরকার।’ অর্থ প্রতিমন্ত্রীর মতে, বর্তমান সরকারের প্রথম দিকে বাজেটের বড় আকার নিয়ে আপত্তি থাকলেও এখন সবাই এটি মেনে নিয়েছেন।

বাজেট বাস্তবায়নের সক্ষমতা এবং অর্থায়নই মূল সমস্যা বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, ‘বাজেটের বেশির ভাগ অর্থের জোগান দেয় এনবিআর। এখনো কর ও মোট দেশজ উৎপাদনের অনুপাত ৮-৯ শতাংশ। ৩০-৪০ বছর ধরেই এটা শুনছি। ১৭ কোটি লোকের দেশে মাত্র ১২ লাখ করদাতা কর দেন। এত কম কর-জিডিপি অনুপাত নিয়ে বাজেটের অর্থায়ন সমস্যা দূর করা কঠিন।’ করমুক্ত আয়সীমা বাড়িয়ে সীমিত আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাজেটের আকার নিয়ে চিন্তিত নই, এর বাস্তবায়ন নিয়ে চিন্তিত।’ তিনি বলেন, আগামী অর্থবছরে বৈশ্বিক পরিস্থিতি অনুকূলে থাকবে না। যেমন, রপ্তানিতে প্রবৃদ্ধি ১১ মাসে মাত্র ৪ শতাংশ। রপ্তানি লক্ষ্য অর্জন করতে জুন মাসে ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। তাই দেশজ উৎকর্ষ নিয়েই বাজেট বাস্তবায়ন করতে হবে।

প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘জাতীয় বাজেট ২০১৭-১৮’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘জাতীয় বাজেট ২০১৭-১৮’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা l ছবি: প্রথম আলো

মোস্তাফিজুর রহমান বলেন, ‘নব্বইয়ের দশকের পর সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নতুন ভ্যাট আইন। কিন্তু গত পাঁচ বছরেও আমরা প্রস্তুত হতে পারিনি। তাই আইনটি বাস্তবায়নের স্বার্থে ভ্যাটমুক্ত পণ্যের তালিকা বড় করেছি, ভ্যাটমুক্ত সীমা ৩০ লাখ থেকে বাড়িয়ে ৩৬ লাখ টাকা করেছি। সম্পূরক শুল্ক উঠে যাওয়ার কথা থাকলেও ১২ শ পণ্য ও সেবার ওপর সম্পূরক শুল্ক রাখা হয়েছে। সম্পূরক শুল্কের কারণে ভোক্তার ওপর করভার বাড়বে।’ তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আমরা বলছি না। অবকাঠামো খাতে এত ব্যয় করা হচ্ছে। কিন্তু তা সাশ্রয়ীভাবে, সুশাসনের সঙ্গে এবং সময়মতো এসব অবকাঠামো প্রকল্প শেষ করতে হবে।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘শিক্ষা খাতে বরাদ্দ ১৬ শতাংশ দেখে খুশি হয়েছিলাম। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাজেট শিক্ষায় জুড়ে দেওয়া হয়েছে। এটির সঙ্গে শিক্ষার কোনো সম্পর্কই নাই। আমরা কবে শিক্ষার জন্য পরিপূর্ণ একটি বাজেট পাব?’

সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ কমানোয় ক্ষোভ প্রকাশ করে রাশেদা কে চৌধূরী বলেন, জঙ্গিবাদ নিরসনের জন্য সুশিক্ষা দরকার। সে জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট বাড়ানো দরকার।

আইসিএবি সভাপতি আদিব হোসেন খান বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাজেটের আকার সময়োপযোগী হয়েছে। তবে ব্যাংকিং খাতের শাসনব্যবস্থা নিয়ে কয়েক বছর ধরে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব দেখা যাচ্ছে। এ খাতে সৎ করদাতাদের টাকা দেওয়া দুর্ভাগ্যজনক। বাজেটে করমুক্ত আয়সীমা ও বিনিয়োগ সীমা বৃদ্ধি না করা দুঃখজনক।

আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ বলেন, ‘এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি আছে। নতুন ভ্যাট আইন এবং ব্যাংকে টাকা রাখার ওপর শুল্ক বৃদ্ধি করায় এই অস্বস্তি। যাদের ব্যাংকে এক লাখ টাকা আছে, বাংলাদেশের বাস্তবতায় তারা ভালো নেই।’

 এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবু নাসের বলেন, ‘ইতিমধ্যে রডের দাম বেড়ে গেছে। ইট, সিমেন্ট, বালু, পণ্য পরিবহনে ১৫ শতাংশ ভ্যাট যোগ হলে ফ্ল্যাটের দাম কত হবে? তখন কি ফ্ল্যাট কেনা যাবে?’

আবু নাসের বলেন, ‘প্রতি রাতে ঘুম বাদ দিয়ে ভ্যাট আইন পড়তে হচ্ছে। ব্যবসা পরিচালনা করতে এখন যদি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হয়, তাহলে তা সম্ভব না।’

অবকাঠামো উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর জোর দেন ঢাকা চেম্বারের সহসভাপতি কামরুল ইসলাম। ভ্যাট আইন বাস্তবায়নে প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে কামরুল ইসলাম বলেন, ‘ভ্যাট আইন বাস্তবায়নে আমরা প্রস্তুত কি না, ভাবতে হবে। প্রত্যেক স্তরের হিসাব সঠিকভাবে না রাখতে পারলে অধিকাংশ পণ্যের দাম বাড়বে। আর রাখতে পারলে কিছু পণ্যের দাম কমবে।’

আইসিএবির কাউন্সিল মেম্বার এ এফ নেসারউদ্দিন বলেন, বিনিয়োগ বাড়াতে হলে কর হার কমাতে হবে। এ দেশের কর হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে সহনীয় করা হলে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন।

ভ্যাট আইন হিসাব রাখা সম্পর্কে নেসারউদ্দিন বলেন, ভ্যাট আইনের মূল কথা হচ্ছে হিসাব সংরক্ষণ। তবে আইনটি বাস্তবায়নেই সরকার পাঁচ বছর সময় নিয়েছে। শিক্ষিত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতেই যদি পাঁচ বছর লাগে, তাহলে সারা দেশের ব্যবসায়ীদের বোঝাতে কত দিন লাগবে?

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘সরকারকে ধন্যবাদ দেব। আমরা স্বস্তিতে আছি।’ তথ্যপ্রযুক্তি পণ্য রপ্তানিতে নগদ সহায়তা দাবি করে মোস্তাফা জব্বার বলেন, ‘কচুর লতি রপ্তানি করলে সরকার নগদ সহায়তা দেয়। তাহলে মেধা রপ্তানি করলে কেন সহায়তা দেবেন না।’ ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক এবং ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি করেন তিনি।

বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে পোশাক খাতের অবস্থা খুবই নাজুক। গত ১০ বছরে পোশাক রপ্তানিতে ১৩ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও গত ১১ মাসে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ১৬ শতাংশ। প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পোশাক রপ্তানিতে দুই বছরের জন্য উৎসে কর প্রত্যাহারের দাবি আমলে নেওয়া হয়নি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। আরও বক্তব্য দেন আইসিএবির সাবেক সভাপতি মুহাম্মদ ফরহাদ হোসেন ও মো. কামরুল আবেদিন, আইসিএবির কাউন্সিল মেম্বার মো. শাহাদাৎ হোসেন।