বাজেট প্রণয়নে সাংসদদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
জাতীয় বাজেট প্রণয়ন পদ্ধতির সঙ্গে সাংসদদের সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন সুধীজনেরা। আর সাংসদরা অভিমত দিয়েছেন, বর্তমানে যে পদ্ধতিতে বাজেট প্রণীত হয়, তাতে জনসাধারণের চাহিদা বা আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটে না। কারণ বর্তমান পদ্ধতিতে বাজেটে জনগণের চাহিদার প্রতিফলন বা সম্মিলন ঘটানোর সুযোগ খুবই সীমিত। জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার সকালে বাজেটবিষয়ক এক আলোচনায় বক্তারা এসব পরামর্শ দেন। বেসরকারি সংস্থা ‘উন্নয়ন সমুন্নয়’ এবং বাজেট বিশ্লেষণ ও পরিবীক্ষণ ইউনিট (বামু) এই আলোচনা সভার আয়োজন করে। বাজেট সম্পর্কে সাংসদদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বর্তমানে ইউএসএআইডি ও প্রগতির আর্থিক সহায়তায় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে একটি প্রকল্প চলমান রয়েছে। সেই প্রকল্পের আওতায় গতকালের এই আলোচনা সভার আয়োজন করে ‘উন্নয়ন সমুন্নয়’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আবদুস শহীদ। বক্তব্য দেন সরকারদলীয় সাংসদ ও আইন, বিচার এবং সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, সাংসদ শাহ জিকরুল আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ। সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান। প্রধান অতিথি আবদুস শহীদ তাঁর বক্তব্যে বলেন, বাজেট আলোচনার জন্য তিন সপ্তাহ সময় মোটেই যথেষ্ট নয়। এই সময়সীমা বাড়ানোর ব্যাপারে সংসদনেত্রী অন্যান্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আকবর আলী খান বলেন, বাজেটকে গণমুখী করতে হলে বাজেট প্রণয়ন-প্রক্রিয়ায় সাংসদ ও সংসদীয় কমিটিকে অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য প্রয়োজনে সংসদের কার্যপ্রণালী বিধি সংশোধন করা যেতে পারে। খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, বাজেট অধিবেশনের সময়সীমা বাড়িয়ে ন্যূনতম ৬০ দিন করা উচিত। সাংসদেরা যাতে বাজেটের খুঁটিনাটি বিষয় জেনে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পান, সে জন্য সংসদে বাজেট উপস্থাপনের পর কমপক্ষে তিন দিন ছুটি দিয়ে তারপর আলোচনার ব্যবস্থা করা উচিত। সাংসদ ফজলে রাব্বি মিয়া বলেন, ‘স্বাধীনতার পর তাজউদ্দীন আহমদ ছাড়া আর কোনো অর্থমন্ত্রী মাটি ও মানুষের নেতা ছিলেন না। তিনি ছাড়া বাকি সবাই ছিলেন সামরিক ও বেসামরিক আমলা।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্দেশে তিনি বলেন, ‘বিনয়ের সঙ্গে আমি আপনার কাছে জানতে চাই, অনেকের সঙ্গেই তো কথা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত কি এসব সুপারিশ বাজেটে অন্তর্ভুক্ত হবে?’