বাজেট প্রতিক্রিয়ায় শেয়ারবাজারে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটের পর প্রথম কর্মদিবস আজ রোববার দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। বাজেট নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষের কারণে এই দরপতন। বাজেটে বিনিয়োগকারীদের একটি অংশ অর্থাত্ বড় বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় করারোপ করা হয়েছে। এতে তাঁরা নাখোশ। যদিও বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আজ ১ দশমিক ১৪ শতাংশ কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১ দশমিক ৮ শতাংশ। যদিও বাজেট পেশ করার আগে থেকে বাজারে মন্দা ভাব চলে আসছে। গত এক মাসে ডিএসইর প্রধান সূচক ১০০ পয়েন্ট কমে গেছে। এই সময়ে লেনদেনেও মন্দা ভাব লক্ষ করা গেছে। গত ২৫ মে ডিএসইর লেনদেন ১৮২ কোটি টাকায় নেমে আসে।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বার্ষিক অর্জিত মুনাফা ১০ লাখ টাকা হলে ৩ শতাংশ হারে কর দিতে হবে। এর মানে, কোনো বিনিয়োগকারী বছরে ১০ লাখ টাকা মুনাফা করলে ৩০ হাজার টাকা সরকারের কোষাগারে কর হিসেবে দিতে হবে। অর্জিত মুনাফা ২০ লাখ টাকা বা তার ওপরে হয় তবে এই কর দিতে হবে ৫ শতাংশ হারে। ২০১৪-১৫ অর্থবছরের অর্থ বিলে এই কর আরোপের বিষয়ে উল্লেখ রয়েছে। তবে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বিষয়টি উল্লেখ করেননি।
বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় কর আরোপের বিষয়ে মো. আলমগীর হোসেন নামের এক বিনিয়োগকারী প্রথম আলোকে বলেন, ‘এমনিই বাজার ভালো না। তারপর আবার মুনাফায় কর। বাজার ভালো হলে যেকোনো কর দেওয়া যায়। না হলে আমরা কীভাবে দেব।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক পরিচালক আহমেদ রশীদ লালী প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে মন্দা ভাব চলে আসছে। তার ওপর নতুন করে করারোপ করায় বিনিয়োগকারীরা হতাশ। এর প্রভাবে দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসইতে সূচক প্রায় ১০০ পয়েন্ট (৯৭ পয়েন্ট) কমে যায়।’ শিগগির এর প্রভাব যাবে না বলেও মন্তব্য করেন ডিএসইর সাবেক এই পরিচালক।
বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফার ওপর করারোপের নেতিবাচক প্রভাব গতকালের বাজারে পড়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মিজানুর রহমান। তিনি বলেন, ‘ক্যাপিটাল গেইনের ওপর কর আরোপ খারাপ নয়। অনেক দেশে এটা রয়েছে। আমাদের দেশে নতুন করে এটা আরোপ করায় অনেকে খারাপ ভাবে নিচ্ছেন।’ তবে এটা বাজারে নগদ অর্থপ্রবাহ কমিয়ে দেবে বলে মনে করেন তিনি।

ডিএসইতে সূচক কমেছে ৫০ পয়েন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আজ ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩৪৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সূচক কমে ৯৭ পয়েন্ট। এরপর সূচক কমার হার কিছুটা কমে।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৬টিরই দাম কমেছে, বেড়েছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে তিন কোটি টাকা কম।

সিএসইতে সূচক কমেছে ১৪৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৯০ পয়েন্টে।
সিএসইতে আজ ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টিরই দাম কমেছে, বেড়েছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ২৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ছয় কোটি টাকা কম।