বাজেট বরাদ্দ কমে যাচ্ছে
দেশে পাঁচ কোটির বেশি মানুষ এখনো দরিদ্র। দারিদ্র্য নিরসনে অবদান রাখে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। অথচ সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে পাঁচ বছর ধরেই বাজেট বরাদ্দের হার কমছে। আবার, এসব কর্মসূচির বরাদ্দের সময় শিশুদের কথা একদমই বিবেচনায় নেওয়া হচ্ছে না।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ওইসিডি কোরিয়া পলিসি সেন্টার আয়োজিত ‘সামাজিক খাতে সরকারি ব্যয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ওইসিডি কোরিয়া সেন্টারের পরিচালক জংঘি চই এতে সূচনা বক্তব্য দেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সিরাজুননূর চৌধুরী এবং কোরিয়া ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের গবেষণা ফেলো গিয়েনঘোহান ঘো।
সেমিনারে বলা হয়, দেশে ১০০ ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচি থাকলেও এগুলোর সুফল থেকে বঞ্চিত থাকে শিশুরা। তা ছাড়া দেশে কোনো জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই।
এতে জানানো হয়, পাঁচ বছর ধরে সামাজিক নিরাপত্তায় মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও বাজেটের আকার—দুই দিক থেকেই কমছে বরাদ্দের হার। ২০০৯-১০ অর্থবছরে এই হার ছিল বাজেটের ১৫ দশমিক ২২ শতাংশ, ২০১০-১১ অর্থবছরে ১৪ দশমিক ৭৫ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ১৩ দশমিক ৭৯ শতাংশ, ২০১২-১৩ অর্থবছরে ১১ দশমিক ৮৭ এবং চলতি ২০১৩-১৪ অর্থবছরে ছিল ১১ দশমিক ৪০ শতাংশ।
এ ছাড়া জিডিপির তুলনায় এই হার ছিল ২০০৯-১০ অর্থবছর থেকে যথাক্রমে ২ দশমিক ৫২, ২ দশমিক ৫০, ২ দশমিক ৫১, ২ দশমিক ১৮ এবং ২ দশমিক ১৩ শতাংশ।
রাষ্ট্রীয় ব্যয়ে সামাজিক নিরাপত্তা
অর্থবছর বাজেট বরাদ্দ জিডিপিতে অংশ
২০০৯-১০ ১৫.২২% ২.৫২%
২০১০-১১ ১৪.৭৫% ২.৫০%
২০১১-১২ ১৩.৭৯% ২.৫১%
২০১২-১৩ ১১.৮৭% ২.১৮%
২০১৩-১৪ ১১.৪০% ২.১৩%