২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব বলে আখ্যায়িত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ঘোষিত বাজেটে পুঁজিবাজারের জন্য যেসব প্রণোদনা দেওয়া হয়েছে সেগুলোকে স্বাগত জানানোর পাশাপাশি ব্যাংকের প্রাতিষ্ঠানিক করহার কমানো ও বিনিয়োগকারীদের ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয়কে করমুক্ত রাখার প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসই প্রাঙ্গণে আয়োজিত বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির সভাপতি রকিবুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী, পরিচালক আহসানুল ইসলাম, খাজা গোলাম রসুল, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসাইন, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) শুভ্রকান্তি চৌধুরী প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, পুঁজিবাজারসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত করার ঘোষণা দিয়েছে সরকার। তবে আমাদের দাবি, এসইসির অধীনেই শক্তিশালী আপিলাত ট্রাইব্যুনাল করা হোক। পুঁজিবাজারসংক্রান্ত যেকোনো মামলার জন্য প্রথমে এই ট্রাইব্যুনালে আসতে হবে। বাজেট অধিবেশনেই সরকার এই ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দেবে বলে আমাদের প্রত্যাশা। লিখিত বক্তব্যে ডিএসইর সভাপতি দেশের অবকাঠামো উন্নয়ন খাত, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, গভীর সমুদ্রবন্দরের অর্থায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারিমূলক (পিপিপি) কর্মকাণ্ডের সঙ্গে পুঁজিবাজারকে সম্পৃক্ত করার আহ্বান জানান। এ ছাড়া বাজেট ঘাটতি পূরণে ব্যাংকনির্ভরতা কমিয়ে সরকারি খাতের শেয়ার ছেড়ে পুঁজিবাজারের মাধ্যমে ঘাটতি অর্থায়নের পরামর্শ দেন ডিএসইর সভাপতি। শেয়ার বাইব্যাক পদ্ধতি বা আইন দ্রুত চালুরও দাবি জানান তিনি।ডিএসইর সভাপতি আরও বলেন, আগের প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি বাজেটে নতুন প্রণোদনা ঘোষণার মাধ্যমে সরকার পুঁজিবাজার ভালো রাখার সংকেত দিয়েছে। এখন আমরা যারা বাজারের সঙ্গে সম্পৃক্ত তাদের দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করা। আইনিসীমার মধ্যে থেকে বর্তমান বাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ করা নৈতিক দায়িত্ব উল্লেখ করে রকিবুর রহমান বলেন, একসময় তাঁরা আইনিসীমার অতিরিক্ত বিনিয়োগ করে এই বাজার থেকে অনেক মুনাফা করেছে। তিনি আগামী মাসে মুদ্রানীতি প্রণয়নের সময় পুঁজিবাজারের বিষয়টি ভালোভাবে খেয়াল রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান।রকিবুর রহমান বলেন, ‘ভারতে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের অর্ধেকই স্বাধীন পরিচালক। আমাদের দেশে সম্প্রতি কোম্পানিগুলোতে ২৫ শতাংশ স্বাধীন পরিচালক রাখার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের দাবি, কোম্পানিগুলো যখন প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর আবেদন জমা দেবে তার সঙ্গে স্বাধীন পরিচালকদের নামও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক।’ প্রশ্নোত্তর পর্বে রকিবুর রহমান ও আহমেদ রশীদ লালী সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসার আহ্বান জানান। ২০০৯ সালে বাজারের উত্থানের পেছনে রকিবুর রহমানের ভূমিকা ও বাংলাদেশ ব্যাংকের কাজে প্রভাব বিস্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ব্যাংকের কোনো কাজে প্রভাব বিস্তার করিনি। ২০০৯ সালের জুলাই মাসে যখন বাজারে হঠাৎ করে লেনদেনের পরিমাণ অনেক কমে যায়, তখন আমি বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম। তখন বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছিলাম, যেসব ব্যাংক আইনিসীমা লঙ্ঘন করে পুঁজিবাজারে সীমা অতিরিক্ত বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষেত্রে যেন সময় দিয়ে বিনিয়োগ তুলে নেওয়ার সুযোগ দেওয়া হয়। তা না হলে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়বে।’ রকিবুর রহমান আরও বলেন, ‘সব সময় আমি আগ্রাসী অর্থায়নের বিপক্ষে। তাই পুঁজিবাজারেও আমি কখনো ব্যাংকের আগ্রাসী অর্থায়ন চাই না। আইনিসীমার মধ্যে থেকে যেটুকু বিনিয়োগ করা যায় সেটুকু যেন তারা করে সেটাই আমার চাওয়া।’ একপর্যায়ে রকিবুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকই শেয়ারবাজারের লাখ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়ে দিয়ে ব্যাংকগুলোকে বিপুল মুনাফা তুলে নেওয়ার সুযোগ করে দিয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সালমান এফ রহমানকে নিয়ে তিনি কখনো কোথাও তদবির করতে যাননি বলেও দাবি করেন রকিবুর রহমান।