বাজেট বাস্তবায়নে জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটের লক্ষ্য যতই ভালো হোক, বরাদ্দ যতই দেওয়া হোক, বাস্তবায়িত না হলে কোনো সুফল পাওয়া যায় না। আর তাই ঠিকমতো বাজেট বাস্তবায়ন করার ওপর জোর দেওয়া প্রয়োজন।আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির সুপারিশ তুলে ধরতে গিয়ে সমিতির নেতারা গতকাল শনিবার এসব কথা বলেন।তাঁরা আরও বলেন, শতভাগ বাজেট বাস্তবায়নে সরকারের এ অঙ্গীকার গত দুই অর্থবছর সরকার রক্ষা করতে পারেনি। কাজেই বছরের শুরু থেকেই কার্যকর উন্নয়ন বাজেট বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অর্থনীতি সমিতি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি রোধ বা নিয়ন্ত্রণ করাকে সরকারের এক নম্বর চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছে। এজন্য রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় করা এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করে সঠিকভাবে বাজারে হস্তক্ষেপের সুপারিশ করেছে।রাজধানীর ইস্কাটন গার্ডেনে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ।খলীকুজ্জমান বলেন, ‘প্রতিবারই অর্থবছরের শেষভাগে এসে বাস্তবায়নের গতি বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর তাই আমরা চাই ১ জুলাই থেকেই বাজেট বাস্তবায়ন শুরু করতে হবে।’তিনি আরও বলেন, অর্থনীতি সমিতি সরকারের সম্প্রসারণমূলক বাজেটের আকারকে উচ্চাভিলাষী মনে করে না। বরং বাজেট বাস্তবায়ন কাঠামোকে দুর্বল মনে করে।বর্তমানে মূল্যস্ফীতির হার ১০ শতাংশ উল্লেখ করে অর্থনীতি সমিতি বলছে, এটা পাঁচ শতাংশের মতো হলো গ্রহণযোগ্য, তার বেশি নয়। অথচ বাজেট ঘোষণার কয়েক সপ্তাহ আগে সরকার পেট্রল ও গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ফলে অনিয়ন্ত্রিতভাবে বেড়েছে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া। আবার আন্তর্জাতিক বাজারেও খাদ্যদ্রব্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়ছে। মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশে নামিয়ে আনা সম্ভব কি না জানতে চাইলে খলীকুজ্জমান বলেন, এটা এত কমে আসবে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রাখতে হবে। কেননা, বাংলাদেশ এখন মূল্যস্ফীতির ক্ষেত্রে ‘অতি সতর্ক’ হওয়ার সময় অতিক্রম করছে।তিনি আরও বলেন, বাজার অর্থনীতিতে সরকারের দায়িত্ব অনেক বেশি। এখানে বাজার ঠিকমতো কাজ করছে না। সে জন্যই সরকারকে সক্রিয় হতে হবে। অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবে কালো টাকা সাদা করার সুযোগ প্রদানের তীব্র বিরোধিতা করা হয়েছে। সমিতি বলছে, এ ধরনের সুযোগ একদিকে সৎ করদাতাদের কর প্রদানে নিরুৎসাহিত করে এবং অন্যদিকে দুর্নীতিকে উৎসাহিত ও সমাজে বৈষম্য বৃদ্ধি করে। এ ছাড়া বিগত বছরগুলোয় কালো টাকা বিনিয়োগের সুযোগ অর্থনীতির জন্য কোনো লক্ষণীয় সুবিধা বয়ে আনেনি। অর্থনীতি সমিতি আরও বলছে, আগের মতো বর্তমান বছরেও সঞ্চয়ের হার বিনিয়োগের হারের চেয়ে বেশি। এই ভারসাম্যহীনতার কারণে সঞ্চয়ের বড় অংশ ফাটকামূলক বাজারে (যেমন—রিয়েল এস্টেট, সেকেন্ডারি শেয়ারবাজার, স্বর্ণ ক্রয়) যাওয়ার প্রবণতা বেড়েছে। তাই সঞ্চয়কে অধিক হারে উৎপাদনশীল বিনিয়োগে নেওয়ার সুস্পষ্ট পদক্ষেপ বাজেটে থাকতে হবে বলে সমিতি মনে করছে।অর্থনীতি সমিতি শেয়ারবাজারে বিও হিসাবধারীদের ক্ষেত্রে টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। তবে মূলধনী মুনাফার ওপর করারোপের প্রস্তাব সমর্থন করেনি।এ প্রসঙ্গে তৌফিক আহমেদ চৌধুরী বলেন, বাজারের স্থিতিশীলতার স্বার্থে এখন ব্যক্তি বিনিয়োগকারীর মূলধনী মুনাফার ওপর করারোপ সমর্থনযোগ্য নয়। আর এটাও মনে রাখতে হবে যে আর্থিক বাজারের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাজার হলো পুঁজিবাজার। কাজেই এই বাজার সবার জন্য নয়। সে ক্ষেত্রে যাঁরা বিনিয়োগ করতে আসবেন, তাঁদের সতর্কতার জন্যই টিআইএন বাধ্যতামূলক করা প্রয়োজন।অর্থনীতি সমিতি আরও বলেছে, গত কয়েক বছরে দারিদ্র্য কমলেও বৈষম্য বেড়ে গেছে। কিছু মানুষের কাছে প্রচুর অর্থ জমেছে। বাজেটে এদিকে নজর দিতে হবে। সমিতি বাজেটে করের আওতা বাড়ানো ও করের সংগ্রহ পদ্ধতি সহজ করার সুপারিশ করেছে। মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষে মত দিয়েছে। বিলাসদ্রব্যের ওপর কর বাড়ানোর পরামর্শ দিয়েছে। উন্নয়ন বাজেটে কৃষি ও গ্রামীণ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে।