বাজেট বাস্তবায়নে তদারকি ও মূল্যায়ন বাড়ানোর তাগিদ
প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের বাজেট উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নযোগ্য। তবে এ বাজেট বাস্তবায়নে তদারকি ও মূল্যায়নব্যবস্থার প্রতি গুরুত্ব দিতে হবে। কোন টাকা কোথায়, কীভাবে ব্যয় হলো, তার সন্ধান নিতে হবে। এ জন্য শক্তিশালী করা দরকার বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি)।গতকাল সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সাংসদদের জন্য বাজেট বিশ্লেষণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন।বক্তাদের কেউ কেউ বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ দিয়ে এসব অর্থ করের আওতায় আনার সুপারিশ করেন।এতে সামষ্টিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে ২০১০-১১ অর্থবছরের বাজেট নিয়ে পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও এর চ্যালেঞ্জ নিয়ে পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার এতে স্বাগত বক্তব্য দেন।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর। বিশেষ অতিথি এবং কর্মশালার সঞ্চালক ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আশরাফ।সাদিক আহমেদ তাঁর প্রবন্ধে বলেন, বাজেট বাস্তবায়নে তদারকি ও মূল্যায়নের প্রতি গুরুত্ব দিতে হবে। টাকা কোথায় যাচ্ছে, কী খাতে ব্যয় হচ্ছে এবং কী ফলাফল আসবে—এসব হিসাব করতে হবে।আহসান এইচ মনসুর বলেন, প্রস্তাবিত বাজেটে সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মসূচি প্রতিফলিত হয়েছে। তবে সার্বিক উন্নয়নের জন্য রাজস্ব, জাতীয় আয়ের তুলনায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও জিডিপির তুলনায় বিনিয়োগ—এ তিনটির বৃদ্ধি ঘটাতে হবে সরকারকে। তবে এসব খাতের উন্নয়ন নির্ভর করবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন কতটা হয়েছে, তার ওপর।দীর্ঘ কয়েক বছর ধরে বিনিয়োগের হার যে ২৩ থেকে ২৪ শতাংশে আটকে রয়েছে, তা থেকে বেরোনো এখন জরুরি বলেও মনে করেন তিনি।মহীউদ্দীন খান আলমগীর বলেন, কালো টাকা সাদা করতে দেওয়ার সুযোগের পরিবর্তে জনগণের উদ্দেশ্যে বিনিয়োগ বাড়ানোর কথা বললেই হয়। বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হবে প্রশ্নমুক্ত ও করমুক্তভাবে। সাহসিকতার সঙ্গে সরকার যদি এটুকু বাস্তবায়ন করতে পারে যে বিনিয়োগ করলে প্রশ্ন করা হবে না এবং করও নেওয়া হবে না, তাহলেই বিপুল অঙ্কের টাকা উৎপাদনে আসবে এবং কর জালেরও আওতায় আসবে।ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে মহীউদ্দীন খান আলমগীর বলেন, বাজেটে বিদ্যুৎ, গ্যাস ও কয়লা খাতে সাড়ে ছয় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও প্রকৃত বরাদ্দ বায়বীয়। এর অর্ধেকই ব্যয় হবে প্রযুক্তি-সহায়তা বাবদ।ভাড়াভিত্তিক যে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হচ্ছে, ৭ থেকে ১৩ টাকা দিয়ে কিনে তা তিন টাকা ৮১ পয়সা করে বিক্রি করা হবে। এ তথ্য উল্লেখ করে ভর্তুকির বিপুল পরিমাণ অর্থ কোত্থেকে আসবে বলে প্রশ্ন তোলেন তিনি। তা ছাড়া সঞ্চালন ও বিতরণের জন্য ব্যক্তি খাতকে সংশ্লিষ্ট করে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।সংবিধান সংশোধন না করে জেলা বাজেট করার ঘোষণা অসাংবিধানিক উল্লেখ করে তিনি কেন্দ্রীয় ব্যাংককে নিজের কাজ করার পরামর্শ দেন মহীউদ্দীন খান আলমগীর। তাঁর ভাষায়, দারিদ্র্য বিমোচনের অনেক হাতিয়ার রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক নয়। আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রাখা অন্যতম কাজ হলেও মনে হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক সেখান থেকে কিছুটা সরে গেছে।আলোচনায় অংশ নিয়ে বাজেট বাস্তবায়নে আইএমইডিকে শক্তিশালী করার পরামর্শ দেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট উৎপাদনমুখী; উচ্চাভিলাষী নয়। এতে রাজনৈতিক অর্থনীতি উঠে এসেছে। বাজেট বাস্তবায়নে সব মন্ত্রণালয়েরই সমান দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি।আওয়ামী লীগের সাংসদ হাফিজ আহমেদ মজুমদার বলেন, কালো টাকা অর্থনীতিতে আছে, ভবিষ্যতেও থাকবে। কালো টাকা বলে দূরে না রেখে এগুলোকে বিনিয়োগের আওতায় আনা উচিত।জাতীয় পার্টির সাংসদ (সাতক্ষীরা) এস এম এ জব্বার বলেন, আইলায় যে ক্ষতি হয়েছে, তাৎক্ষণিক ব্যবস্থা নিলে দুই হাজার কোটি টাকায় সারানো যেত। এখন ১৬ হাজার কোটি টাকায়ও সামাল দেওয়া যাবে না। আর্সেনিকমুক্ত পানির জন্য গভীর নলকূপ চেয়েও পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।এ ছাড়া সরকারদলীয় সাংসদ আবু তালহা, আশিকুর রহমান, বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রাশেদা বেগম, শাম্মী আক্তার প্রমুখ বক্তব্য দেন।