বাজেট বাস্তবায়নে দুর্বলতা আছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট বাস্তবায়নে দুর্বলতার কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বললেন, ‘সব সময়ই কথা ওঠে বাজেট বাস্তবায়ন নিয়ে। হ্যাঁ, এতে দুর্বলতা আছে। কিছু কিছু মোকাবিলা করার চেষ্টা করছি। আবার কিছু সাফল্যও আছে।’অর্থমন্ত্রী আরও বলেন, মানুষের আয় বাড়ছে, আবার ধনী-গরিবের মধ্যে বৈষম্যও বাড়ছে। এটা একটা সমস্যা। আবার এই সমস্যা দূর করতে খুব যে বৈপ্লবিক কোনো পদক্ষেপ নেওয়া যাবে, সে ব্যাপারে তিনি নিজেও আশাবাদী নন।তবে বাস্তবায়নে দুর্বলতা থাকলেও আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেটটি বড় এবং উচ্চাভিলাষীই হবে বলে জানান অর্থমন্ত্রী।গতকাল শনিবার সচিবালয়ে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পুনর্গঠন প্রসঙ্গে বলেন, সংস্থাটির পুনর্গঠন খুবই কঠিন। এটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, এখানে কেউ বসে বসে শিখবে, সে অবস্থা নেই। অথচ এ জন্য যোগ্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।অর্থমন্ত্রী বলেন, ‘নিয়োগ দেওয়ার জন্য মাথা ঠুকে একজনকে পেলাম। কিন্তু উনি শেয়ারবাজার বিষয়ে বিশেষ কিছু জানেন না।’কোম্পানির সম্পদ মূল্যায়নে চার্টার্ড অ্যাকাউনট্যান্ট (সিএ) ফার্মগুলো যেসব নিয়মনীতি অনুসরণ করে বা যেভাবে হিসাব দেয়, তা ততটা মানসম্মত নয় বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।সভায় গণমাধ্যমের প্রতিনিধিরা সম্পদ কর প্রবর্তন, যানজট কমানোর পদক্ষেপ গ্রহণ, কৃষকদের জন্য ভর্তুকি অব্যাহত রাখা, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ, সঞ্চয়পত্রের আয়ের ওপর কর কমানো, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এবং হিমাগার ও খাদ্যগুদাম তৈরির পরামর্শ দেন।ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, সঞ্চয়পত্রের ওপর অতিরিক্ত কর আরোপের কারণে অনেকে তা তুলে নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেছে এবং মার খেয়েছে। বিষয়টি নিয়ে ভাবা উচিত বলে তিনি মনে করেন।সংবাদপত্রশিল্পকে স্বাধীনভাবে বিকশিত করতে নিউজপ্রিন্ট আমদানিতে কর কমানোর পরামর্শ দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি আরও বলেন, শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকে করের বাইরে রাখা যেতে পারে। তবে সেকেন্ডারি বাজারের আয়ের ক্ষেত্রে কর আরোপের বিষয়টি চিন্তা করে দেখতে পারেন অর্থমন্ত্রী।চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ধান উৎপাদন ধরে রাখতে চাইলে ভর্তুকি অব্যাহত রাখতে হবে। তবে কৃষক সরাসরি ভর্তুকি চান না। এতে নগদ টাকা অকৃষকের হাতে চলে যায়। তিনি সারের ওপর ভর্তুকির সুপারিশ করেন।বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) বীজ সরবরাহ বাড়ানোর তাগিদ দিয়ে শাইখ সিরাজ বলেন, ‘ঝলক’ নামের একটি হাইব্রিড বীজ কৃষকদের শেষ করে দিয়েছে। কারণ, এর ফসলে চিটা।টাঙ্গাইলের একজন কৃষকের উদ্ধৃতি দিয়ে শাইখ সিরাজ বলেন, ‘একজন মন্ত্রী যদি শুল্কমুক্ত গাড়ি কিনতে পারেন, তাহলে আমি যে যন্ত্রটি ব্যবহার করি, তা কেন শুল্কমুক্ত হবে না?’সংবাদ-এর সম্পাদক মুনীরুজ্জামান বলেন, ‘পিপিপির ধারণাটি ভালো। কিন্তু এ নিয়ে দৃশ্যত কিছু হয়নি। কার্যকর না করা গেলে এত টাকা বরাদ্দ দেওয়া ঠিক কি না, ভাবা দরকার।’ এসইসির পুনর্গঠন নিয়ে কোনো ‘নড়াচড়া নেই’ বলে মন্তব্য করেন তিনি।ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে এডিপি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বছরের শুরু থেকে এডিপি বাস্তবায়নের কাজ শুরু করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশ্ববাজারে ডলারের দাম কমলেও দেশে তা বাড়ছে বলে জানান তিনি।দ্য সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, প্রবৃদ্ধি হচ্ছে। কিন্তু আয় ও ব্যয়ের মধ্যে কোনো সেতুবন্ধ নেই। ঢাকার রাস্তায় বিএমডব্লিউ গাড়ি চললেও গণপরিবহনে উঠতে গিয়ে যখন প্রতিনিয়ত হোঁচট খেতে হয়, তখন বোঝা যায়, ব্যাপারটিতে কোথায় যেন ঘাটতি রয়ে গেছে।বাজেট বাস্তবায়নে ব্যর্থতা থাকায় কোনো সংস্কার পরিকল্পনা আছে কি না, জানতে চান নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ।সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, দুই বছরেও পিপিপির কিছু করা যায়নি। তিনি জানতে চান, এবারের বাজেটে ধারণাগত কোনো পরিবর্তন আসবে কি না। প্রবাসী-আয়ের কারণে বাজারের চেহারা পাল্টে গেছে বলে মনে করেন তিনি।বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী বলেন, যানজটের কারণে অনেক কাজ সময়মতো করা যায় না। প্রয়োজনে ঢাকা সেনানিবাসকে অন্যত্র সরানোর পরামর্শ দেন তিনি।এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা সাইফুল বারী ভূমিহীনদের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণের সুপারিশ করেন।