সব দিক বিবেচনা করলে এবারের বাজেট সময়োপযোগী, কিন্তু চ্যালেঞ্জিং। বাজেটের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সঠিক বাস্তবায়ন জরুরি। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা দরকার।ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) নেতারা গত রোববার ঢাকার বনানীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এভাবেই ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান, সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, পরিচালক মো. ইকবাল হোসাইন, সদস্য এ কে চৌধুরী, নির্বাহী পরিচালক মো. আবদুস সালাম প্রমুখ।হাফিজুর রহমান বলেন, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ২৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে দেশীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এতে জিডিপি প্রবৃদ্ধি অর্জনে নেতিবাচক প্রভাব পড়বে।