২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘ব্যবসা ও বিনিয়োগবান্ধব’ বলে মনে করছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
তবে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি বলছে, আগামী বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতায় বাজেট বাস্তবায়ন কঠিন হবে।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন এমন মত দেন। ফেডারেশন ভবনে পরিচালকদের নিয়ে একসঙ্গে বসে বাজেট বক্তৃতা দেখে এ প্রতিক্রিয়া দেন তিনি।
হেলাল উদ্দিন বলেন, ২০১৩-১৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নে বর্তমান সরকারের ছয় মাস ও পরবর্তী সরকারের ছয় মাস রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এই সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বাজেট বাস্তবায়ন দুরূহ হয়ে পড়বে।
বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থা থেকে প্রায় ২৬ হাজার কোটি টাকা ঋণ নেবে—প্রস্তাবিত বাজেটের এমন প্রস্তাবে হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের অর্থনীতির যে আকার সেখানে প্রায় ২৬ হাজার কোটি টাকার ব্যাংকঋণ নিলে দেশীয় পুঁজিতে তেমন কোনো প্রভাব পড়ার কথা নয়। তবে এর চেয়ে বেশি নিলে আমরা ব্যবসায়ীরা চাপে পড়ব।’
এ ক্ষেত্রে ব্যাংকঋণের সুদের হার ২০ শতাংশ থেকে কমিয়ে আনার আহ্বান জানান এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ৩ শতাংশ থেকে ২ শতাংশ করার প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে এফবিসিসিআই বলেছে, এটা ১ শতাংশ করা হলে আরও ভালো হতো এবং তা বিনিয়োগ ও শিল্পায়নে সহায়ক হবে।
এ ছাড়া ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টাকা করা, কর অবকাশ (ট্যাক্স হলিডে) সুবিধা ২০১৫ সাল পর্যন্ত অব্যাহত রাখা, ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটব্যবস্থা (প্যাকেজ ভ্যাট) অব্যাহত রাখার সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেছে এফবিসিসিআই।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল ওয়াহেদ, শাহেদ রেজা ও বিজয় কুমার কেজরিওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।