
সার্বিকভাবে কিছু সাহসী পদক্ষেপ আছে। কিছু ক্ষেত্রে উচ্চাভিলাষ আছে, কিছু ক্ষেত্রে উদাসীনতাও আছে। আবার কিছু পদক্ষেপ সঠিক পথে নেই। রাজস্ব আদায় ও খরচের লক্ষ্যগুলো বড় করা একটা রীতি হয়ে গেছে। অর্জনযোগ্য নয় জেনেও দেখানোর জন্য হলেও বড় বাজেট দেওয়া হচ্ছে। ৪ লাখ কোটি টাকার বাজেট বাস্তবায়ন করতে পারা না–পারা পরের বিষয়, বাজেট বড় দেখাতে গিয়েও ঘাটতি বড় হয়ে যাচ্ছে।
আমাদের রীতি হয়ে গেছে ৫ শতাংশের মধ্যে ঘাটতি দেখাতে হবে। ঘাটতির ক্ষেত্রে অর্থায়ন কীভাবে হবে, সেটিও একটি বড় প্রশ্ন। বাজেট যেহেতু বড় হচ্ছে, ৫ শতাংশ ঘাটতি আনুপাতিকভাবে টাকার অঙ্কে অনেক বেশি। বিদেশি সহায়তা প্রাপ্তির খরচ ৭ বিলিয়ন ডলারের বেশি দেখানো হয়েছে, সেটাও উচ্চাভিলাষী। এতটা খরচ কখনো করতে পারিনি, এতটা আয়ও কখনো হয়নি। এটা যে তাঁরা জানেন না, তা নয়। বড় আকারের বাজেট দেওয়া অনেকটা লোক দেখানো হয়ে গেছে। তবে এটা কেন হলো, এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই।
কর আদায়, উন্নয়ন বাজেট ও বিদেশি অর্থায়ন—তিনটি ক্ষেত্রে উচ্চাভিলাষ প্রতিফলিত হয়েছে। এর ভালো দিকে হলো উচ্চাভিলাষ না থাকলে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। আর খারাপ দিক হলো, পরপর এমন বড় বাজেট করা হচ্ছে কিন্তু সেটি বাস্তবায়িত হচ্ছে না। বাজেটের বিশ্বাসযোগ্যতা খুব গুরুত্বপূর্ণ।
ভ্যাট আইন বাস্তবায়নের বিষয়টি সাহসী পদক্ষেপ। কারণ, নির্বাচনের আগে এই ধরনের বড় সংস্কার করা হচ্ছে। এখন ভ্যাট আইনটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া উচিত। আইনটি বাস্তবায়নের স্বার্থে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সেখানে ব্যবসায়ীদের স্বার্থকে দেখা হয়েছে, ভোক্তাস্বার্থকে অনেক ক্ষেত্রে বিসর্জন দেওয়া হয়েছে। আইনে ছিল প্রায় সব সম্পূরক শুল্ক উঠিয়ে নিয়ে সবকিছুকে ১৫ শতাংশ ভ্যাটের আওতায় আনা। সে ক্ষেত্রে এত দিন ধরে সংকুচিত ভিত্তিমূল্যে যে ভ্যাট আদায়ের জটিলতা ছিল, তা উঠে যেত। এরপর দেশীয় শিল্প সুরক্ষার কথা বলে চাপ এল। সরকারকে আইনটি কিছুটা সংশোধন করতে হলো। সেখানে দেখা গেছে, সম্পূরক শুল্ক তেমন ওঠেনি। বরং কিছু সম্পূরক শুল্ক কিছুটা বাড়িয়ে আরও সুরক্ষা দেওয়া হয়েছে।
ভ্যাটের কারণে পণ্যমূল্যের ওপর যে চাপ আসত, তা সম্পূরক শুল্ক কমানোর ফলে কিছুটা লাঘব হতো। আইনটি সংশোধন করার পর এটার সাফল্য নির্ভর করবে ব্যবস্থাপনার ওপর। ব্যবসায়ীরা যদি মনে করেন, সঠিক হিসাব রাখলে তা আয়কর বিবরণীতেও প্রদর্শন করতে হবে, এ ক্ষেত্রে সদিচ্ছাই আসল। কেননা, আয়কর বিভাগ ওই ব্যবসায়ীর ভ্যাটের হিসাবনিকাশের তথ্য ব্যবহার করতে পারে। হিসাব রাখার সক্ষমতার কথা বলে পাঁচ বছর সময়ক্ষেপণ করা হয়েছে। এমন অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে ভ্যাট আইন বাস্তবায়ন একটি সাহসী পদক্ষেপই বলতে হবে।
রাজস্ব আদায় বাড়ানোর জন্য বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ। ভ্যাট আইনের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যের কিছুটা হয়তো পূরণ করা যাবে। কিন্তু রাজস্বনীতিকে বিনিয়োগবান্ধব করতে আরও সংস্কারের প্রয়োজন ছিল, সেগুলো কিছুই করা হয়নি। তৈরি পোশাকের কর হার ২০ থেকে ১৫ শতাংশে কমিয়ে আনা ছাড়া করপোরেট কর হারের ক্ষেত্রে আর কোনো সংস্কার করা হয়নি। সে ক্ষেত্রে হয়তো সরকার ভ্যাট আইন বাস্তবায়নের অজুহাত দিতে পারে। কিছু সংস্কার প্রতিবছরই করা হয়, সে হিসেবে কিছু করার সুযোগ ছিল। ব্যক্তিগত পর্যায়ে আয়কর একই রাখা হয়েছে, এতে মূল্যস্ফীতির কারণে যে সংস্কার দরকার ছিল, সেটি করা হয়নি।
ব্যাংক ও আর্থিক খাত এখন সবচেয়ে বড় ঝুঁকির জায়গা। এই খাতের সংস্কারে বাজেটে তেমন কিছু নেই। বিশেষ করে, সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েই চলেছে। ঘাটতি পূরণের জন্য বাজেট থেকে অর্থের জোগান দেওয়া হচ্ছে। অথচ খেলাপি ঋণ নামের কোনো শব্দই বাজেটে নেই। এত বড় একটা গুরুত্বপূর্ণ খাত, সেখানে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। এই ঘাটতি জনগণের করের টাকা দিয়ে পূরণ করা হচ্ছে। ভ্যাট আইন চালু করে রাজস্ব আদায় বাড়ানো হচ্ছে। করদাতারা যদি এখন প্রশ্ন করেন, খেলাপি ঋণের টাকা জোগান দেওয়ার নৈতিক ও অর্থনৈতিক যুক্তিটা কী? সেই প্রশ্নের কোনো উত্তর বাজেটে নেই। আর্থিক খাতের সংস্কারের কথা না বলে উল্টো ব্যাংকে টাকা রাখার জন্য আবগারি শুল্ক ৩০০ টাকা বাড়ানো হলো, এই কাজটি ঠিক হয়নি। এটা এ খাতের সংকট আরও বাড়াবে।
প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ৪ শতাংশ অর্জনে জিডিপি অনুপাতে বিনিয়োগের হার ৩০ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩১ দশমিকে ৯ শতাংশ হবে বলে ধরে নেওয়া হচ্ছে। এই বিনিয়োগ প্রবৃদ্ধির ১ দশমিক ৩ শতাংশ সরকারি বিনিয়োগ, বাকিটা ব্যক্তি খাতের বিনিয়োগ। এটা ঠিক সংগতিপূর্ণ নয়। সরকারি বিনিয়োগের প্রচুর সমস্যা আছে। একটা হলো বাস্তবায়নের সমস্যা, আবার বরাদ্দ করা অর্থ খরচ হয় না। খরচ হলেও সেটি দক্ষতার সঙ্গে করা হয় না। যেখানে দক্ষতার অভাব আছে, আবার অতিরিক্ত ব্যয় প্রবণতা আছে, সেই বিনিয়োগ প্রবৃদ্ধি সে হারে বাড়াবে না। যদিও বলা হয়েছে ভোক্তা ব্যয় প্রবৃদ্ধির একটা বড় শক্তি। কিন্তু ভোক্তা ব্যয় বাড়িয়ে প্রবৃদ্ধি বাড়ানো সে হারে বাড়ানো সম্ভব নয়, উল্টো তা মূল্যস্ফীতি বাড়াবে। কাজেই বেসরকারি খাতে বিনিয়োগ না হলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
ব্যক্তি খাতের বিনিয়োগ উৎসাহিত করার জন্য বাজেটে তেমন কিছু নেই। শুধু বলা হয়েছে, বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে ব্যবসা করার পরিবেশ উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আগামী এক বছরে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়াতে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা নেই। বৈদেশিক অর্থায়নের ক্ষেত্রে বলা হচ্ছে, আগামী অর্থবছরে অর্থের প্রবাহ বাড়বে, এ জন্য এটি বাড়ানো হয়েছে। কিন্তু গত বছরের অভিজ্ঞতা থেকে বলা যায়, বড় প্রকল্পের বাস্তবায়ন খুব ধীর। অনেক প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি।