বাজেট শাঁখের করাতের ওপর দাঁড়িয়ে: আকাশ
এবারের বাজেট দ্বিধা বা শাঁখের করাতের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। তাঁর মতে, এটি আসতেও কাটে আবার যেতেও কাটে। একদিকে মূল্যস্ফীতি অন্যদিকে প্রবৃদ্ধি এই শাঁখের করাত তৈরি করেছে। এম এম আকাশ ব্যাখ্যা করে বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে গেলে প্রবৃদ্ধি কমে আসবে। আবার প্রবৃদ্ধি বাড়াতে গেলে অর্থায়নের জন্য রাজস্ব আয় ও বৈদেশিক সাহায্য বাড়াতে হবে। এই দুই দিক সামলানোর অস্থিরতার মধ্যে আছে বাজেট।’ ‘জাতীয় বাজেট ২০১২-১৩: জেন্ডার সংবেদনশীলতা পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় এম এম আকাশ এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার বেসরকারি সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এই আলোচনা সভার আয়োজন করে। আকাশ আরও বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী ১৬৪ দেশের মধ্যে নারীর ক্ষমতায়নের সূচকে বাংলাদেশের স্থান ১১তম। আসলেই আমাদের নারীদের উন্নতি হয়েছে। নারী বিপ্লব ঘটেছে। তবে এটা দীর্ঘমেয়াদি করতে হলে বাজেটের চেয়ে রাজনৈতিক প্যারামিটারের ওপর নির্ভর করে।’ আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরীন, কানিজ সিদ্দিকী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক নাজনীন আহমেদ ও কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টেপসের সমন্বয়কারী মামুনূর রশীদ। সভাপতিত্ব করেন স্টেপসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।বক্তারা বলেন, জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেশ কয়েক ধাপ এগিয়েছে। এবার ২৫টি মন্ত্রণালয়ের ‘জেন্ডার বাজেট’ প্রতিবেদনে এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নের সঠিক কোনো তথ্য নেই। তাই শুধু বরাদ্দ দিয়ে নয়, নারী ও পুরুষের ব্যবধান কমিয়ে আনতে এবার বাস্তবায়নের দিকে জোর দিতে হবে।একই সঙ্গে তাঁরা প্রবৃদ্ধি অর্জনে তৈরি পোশাক শিল্পের নারীশ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, জেন্ডার বাজেট তদারকি সেল গঠন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া, নারীর প্রতি সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে স্থানীয় সরকারের ভূমিকা নিশ্চিত এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় সম্পদ আহরণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নারীদের গুরুত্ব দেওয়ার দাবি জানান।মূল প্রবন্ধে মামুনূর রশীদ বলেন, প্রস্তাবিত বাজেটে জেন্ডার খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে। বরাদ্দ করা এক হাজার ৩০৬ কোটি টাকার মধ্যে জেন্ডারের জন্য ৮৫ শতাংশ এবং শুধু নারীদের জন্য বরাদ্দ ৭৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২ হাজার ৮৮৯ কোটি টাকার মধ্যে জেন্ডারের জন্য ১১ শতাংশ এবং শুধু নারীদের জন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ। নাজনীন আহমেদ বলেন, ‘এখনো বাজেটে নারীদের বরাদ্দের ক্ষেত্রে দুস্থ দুস্থ ভাব আছে। নারীকে টিকিয়ে রাখতে দয়া-দাক্ষিণ্যের মতো বরাদ্দ চাই না। আমরা নারীদের প্রশিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই।’ মাহবুবা নাসরীন বলেন, হাঁস-মুরগি দিয়ে মূল ধারার অর্থনীতিতে নারীদের সম্পৃক্ততা বাড়ানো যাবে না। এ জন্য নারীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান বা প্রশিক্ষণ দিতে হবে। কানিজ সিদ্দিকী বলেন, ‘বর্তমানের জেন্ডার সংবেদনশীল বাজেট পাওয়াটা বিশাল ব্যাপার। কিন্তু এতে কিছু ত্রুটি আছে। এ জন্য প্রকল্পের নকশা থেকে শুরু করতে হবে। তারপরই আমরা তদারকিতে যেতে পারব।’ বরাদ্দের চেয়ে প্রকল্পের নকশা প্রণয়ন বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের পরিকল্পনা কমিশন বিচার-বিশ্লেষণ করে দিতে পারে এতে নারী ও পুরুষ কতটুকু উপকৃত হবে।