বাজেট শিল্প ও বিনিয়োগবান্ধব: বিজিএমইএ
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে শিল্প ও বিনিয়োগবান্ধব এবং জনকল্যাণমুখী উল্লেখ করে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
আজ বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত বাজেটে শিল্পকে বিশেষ করে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পকে অগ্রাধিকার দিয়ে বেশ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এটা শিল্পে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে বিজিএমইএ।
বাজেট প্রস্তাবনায় রপ্তানি খাতকে উত্সাহিত করার জন্য সরকার কর্তৃক প্রদত্ত নগদ সহায়তার ওপর উেস কর কর্তনের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা, পোশাকশিল্পে অগ্রিম আয়কর ০.৮০ শতাংশ থেকে কমিয়ে ০.৩০ শতাংশ করা, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য ৫০ কোটি টাকার তহবিল বরাদ্দ, শিল্প বিকেন্দ্রীকরণের জন্য সহায়ক নীতি ঘোষণা, রপ্তানিমুখী পোশাকশিল্পে প্রি-ফেব্রিকেটেড বিল্ডিংয়ের কাঁচামাল ও অগ্নিনির্বাপক যন্ত্রপাতির আমদানির শুল্ক প্রত্যাহার করা এবং অনগ্রসর এলাকায় শিল্প স্থাপন করা হলে কর রেয়াত-সুবিধা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।
করপোরেট করের হার ৩৭.৫% থেকে কমিয়ে ৩৫% ধার্য করা, সামাজিক দায়বদ্ধতা তহবিলের পরিধি ৮ কোটি থেকে ১২ কোটি টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে করে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে গতিশীলতা আসবে বলে বিজিএমইএ গভীরভাবে আশাবাদী।