বাজেট সংশোধন নিয়ে রোববার আলোচনা শুরু
চলতি ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আলোচনা ১০ জানুয়ারি রোববার শুরু হচ্ছে। আলোচনা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি সংশোধিত বাজেটের আলোচনা করতে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আলোচনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের অগ্রগতির চিত্র থাকতে হবে। চিঠিতে বলা হয়, ছয় মাসের অগ্রগতি চিত্র অনুযায়ী কোনো মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত অর্থের দরকার হলে তা তারা পাবে। আর দরকার না থাকলে বা ব্যবহার করতে না পারলে ওই অর্থ ফেরত দিতে হবে, যাতে অন্যরা তা ব্যবহার করতে পারে।
নতুন বেতনকাঠামো অনুযায়ী কোন দপ্তরের কত টাকার দরকার পড়বে, তার চিত্র আগামী রোববারের মধ্যে অর্থ বিভাগকে পাঠাতে বলা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন সংশোধিত বাজেট আলোচনায় বসবে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি), বাণিজ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, আন্তঃবাহিনী দপ্তরসমূহ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনের বিভাগ, দপ্তর ও অধিদপ্তরগুলো। অর্থ মন্ত্রণালয়ে বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।
কাছাকাছি সময়ে অবসরে যাবেন—এমন চাকরিজীবীদের সংখ্যা বৈঠকে উপস্থাপন করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বলা হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বাবদ যে টাকা বরাদ্দ রয়েছে, তার বিপরীতে কত টাকা ব্যয় হয়েছে, বিল পরিশোধের বিবরণী ইত্যাদি উপস্থাপন করতে হবে।
পেট্রল, ডিজেল ও সিএনজিচালিত যানবাহনের সংখ্যা এবং এসবের জন্য বরাদ্দ ও ব্যয়ের চিত্র তুলে ধরতে হবে। এ ছাড়া ছুটিতে যাবেন এমন চাকরিজীবীদের সংখ্যাসহ পূর্ণাঙ্গ তালিকা এবং রাজস্ব বাজেটের আওতাধীন কর্মসূচি, তহবিল এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কিত হালনাগাদ বিবরণীও বৈঠকে উপস্থাপন করতে হবে।
পূবালী ব্যাংক নিয়ে এল মাস্টারকার্ড ক্রেডিট কার্ড
পূবালী ব্যাংক লিমিটেড প্রথমবারের মতো গ্রাহকদের জন্য নিয়ে এল মাস্টারকার্ড ক্রেডিট কার্ড। এই কার্ডধারীরা দেশব্যাপী মাস্টারকার্ডের এক হাজারেরও বেশি অংশীদার আউটলেটে মূল্যছাড়সহ বিশেষ সুবিধা পাবেন।
ঢাকায় গতকাল বুধবার এক অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়। এতে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গীতাংক দত্তসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী বলেন, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে নিরাপদ প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক পেমেন্ট বা লেনদেন সেবাকে আরও সামনে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।’ বিজ্ঞপ্তি।