বাজেট সংশোধন করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিডির সংবাদ ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য ষ প্রথম আলো
সিপিডির সংবাদ ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য ষ প্রথম আলো

যেসব প্রত্যাশার ভিত্তিতে ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রণীত হয়েছে, বাস্তবে তা অর্জিত হয়নি। আর তাই বাজেটের লক্ষ্যমাত্রাগুলো অনেক বেশি সুদূরপরাহত হয়ে পড়েছে।
এই বাস্তবতায় বাজেটের লক্ষ্যগুলো পুনর্মূল্যায়ন ও পুনর্বিন্যাসের মাধ্যমে এখনই সংশোধন করার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ‘বাংলাদেশের অর্থনীতি ২০১৩-১৪: বাজেটের তিন মাস পরে, নির্বাচনের তিন মাস আগে’ শিরোনামে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
রাজধানীর ধানমন্ডিতে সিপিডির নিজস্ব কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে মূল বক্তব্য তুলে ধরেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন আনিসাতুল ফাতেমা ইউসুফ, ফাহমিদা খাতুন, খন্দকার গোলাম মোয়াজ্জেম, তৌফিকুল ইসলাম খান প্রমুখ।
এতে অর্থনীতির বিশ্লেষণ তুলে ধরে বলা হয়, আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ এখন ‘রাজনৈতিক-ব্যবসায় চক্রে’ (পলিটিক্যাল বিজনেস সাইকেল) প্রবেশ করতে যাচ্ছে। এই চক্র হলো এমন পরিস্থিতি, যখন ক্ষমতাসীন শাসকগোষ্ঠী কোন সময় নির্বাচন হবে, কোথায় রাষ্ট্রীয় কোষাগারে টাকা ব্যয় করা হবে এবং কোথা থেকে অর্থ আসবে, তা নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে।

এ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধারণা প্রয়োগ করা হয়েছে এবং এটির বাস্তবতা প্রমাণিত হয়েছে। এই রাজনৈতিক ব্যবসায় চক্র সাধারণত এটাই দেখায় যে রাজনৈতিক ব্যক্তি-গোষ্ঠী অর্থনীতিকে এমনভাবে পরিচালিত করতে সচেষ্ট থাকে, যেন তারা পুনর্নির্বাচিত হতে পারে।

দেবপ্রিয় বলেন, দুটি বাদে বাংলাদেশের সব জাতীয় নির্বাচন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। একটি হলো, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় নির্বাচন আর দ্বিতীয়টি হলো ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। তিনি বলেন, ‘বর্ষার বাইরে, গ্রীষ্মের বাইরে, শীতকালে ঠান্ডার মধ্যে শস্য ওঠার পর নির্বাচন করা হয়।’

অর্থনীতির বিশ্লেষণ

সিপিডি ২০১২-১৩ অর্থবছরকে ব্যাংক খাতের বিপর্যয়ের বছর হিসেবে অভিহিত করেছে। এ প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, বিগত অর্থবছর শেষে ব্যাংকে খেলাপি ঋণের হার ১১ দশমিক ৯০ শতাংশে উন্নীত হয়েছে, যা আগের বছর ছিল ৭ দশমিক ২০ শতাংশ। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে বড় ধরনের মূলধনের ঘাটতি দেখা দিয়েছে।

দেবপ্রিয় বলেন, পরিহাসের বিষয় হলো, যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ একটি ঋণ চুক্তির বিভিন্ন শর্তে আবদ্ধ, তখন ব্যাংক খাতে এসব বিপর্যয় ঘটেছে। তিনি বলেন, ব্যাংক খাতের বিপর্যয়ের জন্য দায়ী বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে আছে অর্থ মন্ত্রণালয়। আর আইএমএফও দায় এড়াতে পারে না।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একদিকে ব্যাংক খাতে বিপুল পরিমাণ বাড়তি তারল্য বা নগদ অর্থ জমেছে, অন্যদিকে অর্থের চাহিদা নেই। আবার দেশে প্রচুর টাকা-ডলার থাকার পরও বেসরকারি খাত বিদেশ থেকে ঋণ নিচ্ছে। এর মানে হলো, দেশের ব্যাংক খাতের কাছ থেকে প্রতিযোগিতামূলক সুদের হারে ঋণ পাওয়া যাচ্ছে না।

রপ্তানি খাতকে অর্থনীতির জয়তিলক অভিহিত করে দেবপ্রিয় বলেন, অভ্যন্তরীণ খাতে নানা সমস্যার বিপরীতে বাইরের খাত বেশ ভালো করছে। বিশেষত রপ্তানি। যেকোনো মূল্যে রপ্তানি অব্যাহত রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, তার মানে এই নয় যে শ্রমিকদের মজুরি বাড়বে না। শ্রমিকদের যথাযথ মজুরি দিতে হবে।

কৃষি খাতের ওপর আলোকপাত করে দেবপ্রিয় বলেন, অনেক কৃষক এখন ধান চাষ ছেড়ে অন্য ফসলে যাচ্ছেন। কেননা, ধান চাষ আর আগের মতো মুনাফা দিচ্ছে না। এর ফলে আগামী দিনে খাদ্য আমদানির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই কৃষকের প্রণোদনামূলক দাম পাওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।