
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লক্ষ্যবিলাসের বাজেট’ বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। অর্থমন্ত্রী নিজে তাঁর বাজেট কার্যক্রম ও অর্থায়ন পরিকল্পনাকে উচ্চাভিলাষী বলেছেন৷ কিন্তু সিপিডি বলছে, উচ্চাভিলাষী নয়, বরং এতে যে লক্ষ্যগুলো অর্থমন্ত্রী দিয়েছেন, তা বিলাসী৷
এর একটি ব্যাখ্যাও দিলেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য৷ তাঁর ভাষায়, ‘মানুষ যখন উচ্চাশা করে, সেটা একধরনের বিলাসিতা। এখানে লক্ষ্য নিয়ে বিলাসিতা করা হয়েছে। এই বিলাসিতাটা সঠিক ও কাঙ্ক্ষিত। কিন্তু সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গতকাল শুক্রবার দুপুরে এই মন্তব্য করেন ড. দেবপ্রিয়৷ আর বাজেট নিয়ে বিকেলে অনুষ্ঠিত আরেক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা৷ প্রথমে কোনো মন্তব্য করতে চাননি অর্থমন্ত্রী৷ কিন্তু সংবাদ সম্মেলনের শেষের দিকে অর্থমন্ত্রী বলেছেন, তাঁদের সরকার প্রথম থেকেই উচ্চাভিলাষী বাজেট পরিকল্পনা করে আসছে৷ এ কাজটি সফল হয়েছে বলেই বাজেটের আকার দ্বিগুণ হয়েছে৷
রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরদিনই প্রতিবছর বাজেট নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি। সংবাদ সম্মেলনের বড় একটি অংশজুড়েই ছিল ব্যক্তি খাতের বিনিয়োগ স্থবিরতার বিষয়টি৷ এ ছাড়া কালোটাকা সাদা করার সুযোগ দিয়েও তা নিয়ে অর্থমন্ত্রীর নীরবতার সমালোচনা করা হয়৷ এ সময় সিপিডি আরও বলেছে, ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে সরকারের মধ্যে যে উদ্যম উদ্যোগ থাকার প্রয়োজন ছিল, তা দেখা যায়নি। মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ব্যক্তি খাতের করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা করার প্রস্তাবও করেছে সিপিডি।
সিপিডি সুনির্দিষ্টভাবে চারটি কমিশন গঠনের প্রস্তাব করেছে। অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি দূর করতে স্বাধীন পরিসংখ্যান কমিশন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষিপণ্য মূল্য কমিশন, এডিপির নৈরাজ্য কমাতে সরকারি ব্যয় পর্যালোচনা কমিশন এবং স্থানীয় সরকার অর্থায়ন কমিশন গঠনের প্রস্তাব করেছে সিপিডি।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন, অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান এবং সংলাপ বিভাগের প্রধান আনিসাতুল ফাতেমা ইউসুফ৷
প্রবৃদ্ধি প্রশ্নবিদ্ধ ও বিনিয়োগে হতাশা: বাজেটে প্রবৃদ্ধির ৭ দশমিক ৩ শতাংশ লক্ষ্যমাত্রার যৌক্তিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে ড. দেবপ্রিয় বলেন, এই প্রবৃদ্ধি অর্জন করতে বেশি প্রয়োজন বিনিয়োগ। সরকারি বিনিয়োগ বাড়লেও ব্যক্তি খাতের বিনিয়োগ পতনের ধারায়। ব্যক্তি খাতের বিনিয়োগের হার এখন ২১ শতাংশ। প্রবৃদ্ধি অর্জনের জন্য সেটাকে ২৫ শতাংশে উন্নীত করতে হবে। এ জন্য আরও ৪-৫ শতাংশ বিনিয়োগ বাড়াতে হবে। এই বিনিয়োগের পরিমাণ হবে টাকার অঙ্কে ৭৫ হাজার কোটি টাকা। এই বিনিয়োগ কীভাবে হবে? দেশে যেখানে এক বছরে কখনোই দেড় থেকে দুই শতাংশের বেশি বিনিয়োগের প্রবৃদ্ধি হয়নি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এমন নয় যে গত বছরের রাজনৈতিক অস্থিরতার কারণেই দেশে ব্যক্তি খাতের বিনিয়োগ কমেছে। এই অবস্থা শুরু হয়েছে ২০১২-১৩ অর্থবছরের শেষ ছয় মাস থেকে। কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যক্তি খাতের বিনিয়োগকে উৎসাহী করতে উদ্যম দেখা যায়নি।
এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, আগামী অর্থবছরে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কি না তা-ও অনিশ্চিত। যদিও অর্থমন্ত্রী ধরে নিয়েছেন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। এসব কারণেই সিপিডি বেশ কিছুদিন ধরেই সমঝোতামূলক রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলে আসছে।
বিনিয়োগ নিয়ে সিপিডির এই পর্যবেক্ষেণ বিষয়ে জানতে চাইলে তরুণ উদ্যোক্তা, নিউ এক গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, গত বছরের নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ না হওয়ার অন্যতম প্রধান কারণ। তবে এর বাইরে আরেকটি বড় কারণ হলো ব্যাংকঋণের উচ্চ সুদহার। এ কারণে বিনিয়োগ করার জন্য পাচ্ছেন না ব্যবসায়ীরা। কয়েক বছর ধরেই দেশে যে বিনিয়োগে স্থবিরতা চলছে, তার আরেকটি বড় কারণ হচ্ছে শিল্পে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ না পাওয়া৷
এদিকে, প্রবৃদ্ধির বিষয়ে সিপিডির সংশয় নিয়ে গতকাল অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে খানিকটা উষ্মা প্রকাশ করেন অর্থমন্ত্রী৷ এ ধরণের প্রশ্ন করাকে অন্যায় ও ‘স্টুপিড’ শব্দটি উচ্চারণ করেন অর্থমন্ত্রী
তবে এ নিয়ে বিবিএসের সঙ্গে যোগাযোগ করা হলে বিবিএসের জাতীয় হিসাব শাখার পরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির যে সাময়িক হিসাব বিবিএস দিয়েছে, সেটাই অর্জিত হবে বলে আশা করি। জিডিপির অনুপাতে যে পরিমাণ বিনিয়োগ হয়েছে, তাতেও এই প্রবৃদ্ধি অর্জিত হওয়া খুবই সম্ভব। এ ছাড়া আমরা কৃষি খাতে প্রবৃদ্ধির যে হিসাব দিয়েছি, আবহাওয়া অনকূলে থাকায় তার চেয়ে বেশি হতে পারে।’
রাজস্ব আদায় চ্যালেঞ্জ: সিপিডি বলছে, চলতি অর্থবছর এনবিআরের মোট রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ১২ হাজার থেকে ১৩ হাজার কোটি টাকা কম হতে পারে৷ এ অবস্থার ওপর দাঁড়িয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এনবিআরকে ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে।
সংস্থাটি বলছে, এ বছর দেশের রাজস্ব আদায় এক ধরনের উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। করবহির্ভূত রাজস্ব আদায়ও কম হয়েছে। আয়করের ওপর এবার গুরুত্ব দিয়েছে সরকার। সিপিডিও মনে করে, প্রত্যক্ষ করের মাধ্যমে করব্যবস্থা দাঁড়ানো উচিত।
কাঙ্ক্ষিত সাহায্য আসবে তো?: দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ঘাটতি মোকাবিলায় বৈদেশিক অনুদান এবং সাহায্যের পরিমাণ ধরা হয়েছে ৪০০ কোটি ডলার। নিট হিসেবে পেতে হবে ৩০০ কোটি ডলার। বাংলাদেশের ইতিহাসে কখনোই ৪০০ কোটি ডলার পাওয়া যায়নি। এ অবস্থায় নতুন এই অর্থায়নটা কীভাবে হবে, তা আশ্চর্য মনে হচ্ছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন ‘মনে হয়, ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার পর এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করার পর যেটুকু বাকি থাকে সেই হিসাব মেলানো হয়েছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায়।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিশ্বব্যাংক, ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, বর্তমানে এক হাজার ৯০০ কোটি ডলার বৈদেশিক সাহায্য পাইপলাইনে আছে। এগুলো প্রতিশ্রুত অর্থ। ব্যবহারের হার যদি বাড়ে, তাহলে এই টাকাও বেশি পাওয়া যাবে। তবে অভিজ্ঞতা বলে, উন্নয়ন কর্মকাণ্ড যখন ভালো থাকে তখনো পাইপলাইনের ১৭-১৮ শতাংশ পর্যন্ত বৈদেশিক সাহায্য পাওয়া যায়। কিন্তু সরকার বৈদেশিক সাহায্য পাওয়ার যে লক্ষ্য ঠিক করেছে, তা অর্জন করতে হলে পাইপলাইনে থাকা সাহায্যের ২২ শতাংশ পেতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়িয়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী বৈদেশিক সাহায্য পাওয়া নিয়ে তাই সংশয় থাকা যৌক্তিক। এটা অর্জন করা বড় ধরনের চ্যালেঞ্জ হবে।
এডিপিতে নৈরাজ্য!: দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এক ধরনের নৈরাজ্য চলছে। এখানে শৃঙ্খলা না আনা গেলে রাষ্ট্রীয় বরাদ্দের সুফল সাধারণ মানুষ পাবে না। তিনি বলেন, পরিকল্পনা কমিশন ৩০৫টি প্রকল্পকে চলতি অর্থবছরে শেষ করা হবে বলে চিহ্নিত করেছিল। কিন্তু সেখানকার ১১০টি প্রকল্প শেষ হয়নি। আগামী অর্থবছরেও এর কাজ চলবে। এডিপির মোট বরাদ্দের অর্ধেকই ৩৫২টি প্রকল্পে দেওয়া হয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এডিপির প্রকল্পগুলোর মূল্যায়ন হলো, ব্যয় হলো কী হলো না এর ভিত্তিতে। কিন্তু এই খরচের ফলে জনগণের কোনো উপকার হলো কি না, তার ভিত্তিতে মূল্যায়ন হচ্ছে না।
কালোটাকায় অর্থমন্ত্রীর নীরবতা: কালোটাকা সাদা করার বিষয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় স্পষ্ট করে কিছু বলেননি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘অথমন্ত্রী নীরবতার মাধ্যমে কালোটাকা সাদা করার বিধানকে
অব্যাহতভাবে সমর্থন দিয়ে গেলেন। একদিকে কর বাড়ানোর চেষ্টা করব। অন্যদিকে যারা কর দিল না তাদের সুবিধা দেব, এটা বৈষম্যমূলক। এটা কোনোভাবেই আর্থিক খাতের নীতিমালার সঙ্গে একসঙ্গে যেতে পারে না। এটা আর্থিক নীতিমালাকে দুর্বল করে দেবে।’
এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, বিত্তবানদের ওপর কর বাড়ানো হয়েছে। এটা ইতিবাচক। কিন্তু একই বিত্তবানদের আবার কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। একই জায়গা থেকে দুই ধরনের সিদ্ধান্ত কীভাবে এল?
অন্য খাতের বরাদ্দ পদ্মা সেতুতে?: পদ্মা সেতুতে বরাদ্দ দেওয়ার কারণে অন্যান্য খাতে আনুপাতিক হারে বরাদ্দ কমেছে বলে মনে করে সিপিডি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পদ্মা সেতুর একটা বড় বরাদ্দ রাখা হয়েছে। ফলে সামাজিক খাতে ব্যয় সেভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। এই টাকাটা পুরোটাই যদি পদ্মা সেতুর জন্য না যেত, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, শিশু ও নারীদের জন্য বরাদ্দ আরও বাড়তে পারত।
তবে এ বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন৷ তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দ তো অনেক খাতেই বেড়েছে। তাহলে পদ্মা সেতুর বরাদ্দকে এখানে কেন মেলানো হচ্ছে? বাজেটে অন্যান্য খাতের অংশ কমে যাওয়ার সঙ্গে আমি পদ্মা সেতুর বরাদ্দ মেলানোকে সমর্থন করি না।’
জেলা বাজেট: দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি, আটটি জেলায় এবার যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, ৬৪টি জেলায় যদি একই হারে বরাদ্দ দেওয়া হতো, তাহলে সেখানে মোট বাজেটের ৭০ শতাংশ চলে যেত। প্রশ্ন হলো, তাহলে ৩০ শতাংশ বরাদ্দ দিয়ে কি কেন্দ্রীয় সরকার পরিচালনা করা সম্ভব?’ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের টাকা দিয়ে জেলা বাজেট করার কোনো মানে নেই। জেলাগুলোকে নিজেদের আয় থেকে ব্যয় মেটানোর সক্ষমতা অর্জনে মনোযোগ দিতে হবে।
অন্যান্য: এবারের বাজেটে বিভিন্ন খাতের জন্য যে ভর্তুকি রাখা হয়েছে, তা জিডিপির ২ শতাংশের মধ্যে আছে। গত বছর এর পরিমাণ ছিল ২ দশমিক ৭ শতাংশ। এই ভর্তুকি কমানোর প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি শর্ত ছিল ভর্তুকি দুই শতাংশের নিচে নামিয়ে আনা। সে কারণেই হয়তো এটি করা হয়েছে। তবে তা শেষ পর্যন্ত রক্ষা করা যাবে কি না, তা নিয়ে সংশয় আছে।