বাজেটকে অভিনন্দন ডিএসইর
২০১২-১৩ অর্থবছরের বাজেটকে অভিনন্দন জানিয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ শনিবার দুপুরে মতিঝিলে ডিএসইর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএসইর আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় এ অভিনন্দন জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান।এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, পরিচালক আহসানুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন ও প্রধান অর্থ কর্মকর্তা শুভ্রকান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে রকিবুর রহমান বলেন, ‘বাজেটে পুঁজিবাজার সম্পর্কিত ঘোষণার ফলে পুঁজিবাজার শক্তিশালী হওয়ার মাধ্যমে দেশের শিল্পোন্নয়নে গতি ত্বরান্বিত হবে’। পুঁজিবাজারের উন্নয়নে বাজেটের প্রস্তাবগুলো ক্রমবিকাশমান পুঁজিবাজার আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রকিবুর রহমান। এ ছাড়া বাজেটকে পুঁজিবাজার বান্ধব বলেও অভিহিত করেন তিনি।রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারে পূর্ববর্তী বছরের প্রদত্ত প্রণোদনা বর্তমান বছরেও অব্যাহত রাখার পাশাপাশি নতুন কিছু প্রণোদনা প্রস্তাব করা হয়েছে। ২০১২-১৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য বেশ কিছু প্রণোদনা দেওয়া হয়েছে। এগুলো হলো কোম্পানি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ শেয়ার আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে হস্তান্তর করলে সংশ্লিষ্ট বছরে ১০ শতাংশ কর রেয়াত সুবিধা প্রদান, বিনিয়োগকারীদের লভ্যাংশ আয় পাঁচ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব, মার্চেন্ট ব্যাংকের আয়করের হার ৪২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৭ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব। এগুলো বাজারের জন্য অনেক ইতিবাচক বলে মনে করছেন তিনি।রকিবুর রহমান বলেন, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড নামে একটি বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা করা হয়েছে। সরকার দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার জন্য সরকারি ও বেসরকারি অংশীদারির মাধ্যমে বিদ্যুত্ উত্পাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের একটি অংশ পুঁজিবাজার থেকে উত্তোলনের অনুরোধ করেছে। তিনি বলেন, ‘২০১১ সাল নাগাদ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য সরকার যে ২০১৬ সাল নাগাদ দুই হাজার ৯৩৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এতে যে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হবে, এর একটা অংশ দেশের পুঁজিবাজার থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি।’সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে বলে ২০১২-১৩ অর্থবছরের বাজেটে বলা হয়েছে। সরকার দেশের পুঁজিবাজার থেকে প্রয়োজনীয় অর্থের একটি অংশ সংগ্রহ করলে দেশের পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীরা উপকৃত হবে।পুঁজিবাজারের বিশেষ সংস্কারের জন্য আগামী অর্থবছরের স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যক্রম চালু করার উদ্যোগ সরকার হাতে নিয়েছে।পুঁজিবাজারের লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে উন্নত সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপনের মাধ্যমে বাজার মনিটরিং আরও জোরদার করা হচ্ছে এবং স্বল্পতম সময়ের মধ্যে লেনদেন নিষ্পত্তির জন্য পৃথক কিলিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি স্থাপনের উদ্যোগ সরকার হাতে নিয়েছে।পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলা-মোকদ্দমাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এর ড্রাফট করা হয়েছে এবং ২০১২-১৩ অর্থবছরে সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান রকিবুর রহমান।