বাজেটকে বাস্তবমুখী বলে স্বাগত জানাল সিলেট চেম্বার
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ২০১০-১১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে। এটাকে দিনবদলের ধ্যান-ধারণা বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং বিদ্যুৎ, জ্বালানি, কৃষি ও মানবসম্পদ উন্নয়নের পদক্ষেপসংবলিত একটি বাস্তবমুখী বাজেট বলা হয়। সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত বাজেটে নেওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে পদক্ষেপে দেশের সামগ্রিক অবস্থার সত্যিকারের অগ্রগতি হবে। তিনি বলেন, বিদ্যুৎ খাতকে জরুরি খাত ঘোষণা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ সত্যিই প্রশংসনীয়।ফারুক মাহমুদ চৌধুরী বলেন, কৃষিঋণের প্রবাহ ও সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং কৃষি খাতে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ দেওয়ার ফলে দেশে খাদ্যনিরাপত্তা বাড়বে। এতে বিদেশ থেকে খাদ্য আমদানির হার কমে আসবে। তিনি আরও বলেন, সঠিকভাবে বাস্তবায়িত হলে এই বাজেট দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।