বাজেটকে সামনে রেখে চাঙা ভারতের শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটকে সামনে রেখে ভারতের শেয়ারবাজারে চাঙা ভাব লক্ষ করা গেছে। আজ সোমবার বিএসই সেনসেক্স সূচক বেড়ে ২৬ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। নিফটি সূচকও ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

আজ দিন শেষে বিএসই সেনসেক্স সূচক ৫৩ শতাংশ বা ১৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬ হাজার ৮ পয়েন্টে, যা সেনসেক্সের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। অন্যদিকে নিফটি সূচক ৩৫ পয়েন্ট বেড়ে সাত হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এটিও নিফটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

বাজার কারবারিরা বলছেন, আজ বাজারে পুরোপুরি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। বিদেশি বিনিয়োগকারীরা আজ ক্রেতার ভূমিকায় ছিলেন। অন্যদিকে আগামী বাজেট উন্নয়নমুখী হবে এমন আশা করছেন খুচরা বিনিয়োগকারীরা। এসব কারণে সূচকের বড় ধরনের উল্লম্ফন লক্ষ করা যায়। ১০ জুলাই মোদি সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এ দিকে দিনের লেনদেন শেষে সেনসেক্স সূচকের অধীনে থাকা কোম্পানিগুলোর মধ্যে টাটা পাওয়ার, ইনফোসিস, টিসিএস, টাটা মোটরস প্রভৃতি কোম্পানি দর বৃদ্ধিতে শীর্ষ অবস্থানে উঠে আসে।

আজ লেনদেনের শুরুতে এশিয়ার অন্য শেয়ারবাজারগুলোর মধ্যে হংকংয়ের হ্যাং সেং সূচক দশমিক ১৫ শতাংশ ও জাপানের নিক্কেই সূচক দশমিক ২ শতাংশ বৃদ্ধি পায়।

মোদি সরকার ক্ষমতায় আসার আগে গত মে মাসে লোকসভা নির্বাচন চলাকালে ভারতের শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন হয়েছিল। মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসছে, এমন খবরে সেনসেক্স ও নিফটি সূচক রেকর্ড বৃদ্ধি পেয়েছিল এ সময়ে। ইন্ডিয়া টুডে।