বাজেটে অগ্রাধিকার, বাস্তবায়নে শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রতিবছরের বাজেটে কিছু অগ্রাধিকার খাত চিহ্নিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঘোষণায় এসব খাতকে যতটা অগ্রাধিকার দেওয়া হয়, বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলো ততটাই পিছিয়ে থাকে। বছর শেষে অগ্রাধিকার খাতের বাস্তবায়ন আর হয় না। ফলে এগুলো প্রতিবছর থেকে যায় কেবলই কাগজে-কলমে, ঘোষণায়।
এক বছরের অগ্রাধিকার খাত অবাস্তবায়িত অবস্থায় রেখে আবারও নতুন বাজেট দিতে হয় অর্থমন্ত্রীকে। আবারও চিহ্নিত করতে হয় তাঁকে নতুন অগ্রাধিকার খাত। তাই আগেরগুলোর বাস্তবায়ন করতে না পারার একটি ব্যাখ্যা বাজেট বক্তব্যে দিতে হয় অর্থমন্ত্রীকে। দেখা যায়, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই চিত্র আর একই ব্যাখ্যা মন্ত্রীর।
ছয় বছর ধরে চলতে থাকা এ চিত্র বদলাচ্ছে না আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটেও। জাতীয় সংসদে আগামী ৪ জুন যে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী, সেখানেও তিনি অগ্রাধিকার খাত বাস্তবায়নের অঙ্গীকার করবেন বলে জানা গেছে।
অগ্রাধিকার বাস্তবায়নের চিত্র বিশ্লেষণে দেখা যায়, ছয় বছরেও চূড়ান্ত হয়নি কয়লানীতি ও জ্বালানিনীতি। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কাঠামো শক্তিশালী দূরের কথা, আইনই পাস হয়নি। দূষণমুক্ত হয়নি বুড়িগঙ্গা নদী। গড়াই নদ পুনঃখনন হয়নি। ভূমি জরিপ ও ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় আনা হয়নি।
এ ছাড়া গড়ে তোলা হয়নি দেশের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক অঞ্চল। ই-গভর্ন্যান্সের আওতায় সব সরকারি দপ্তরকে সমন্বিত তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কের আওতায়ও সরকার আনতে পারেনি। এগুলো ছাড়াও অন্যতম অগ্রাধিকার খাতের মধ্যে রয়েছে রাজধানীর অবকাঠামো উন্নয়ন, রেলপথের সংস্কার ও রেলকে করপোরেট প্রতিষ্ঠানে রূপান্তর করা। কিছুই হয়নি এগুলোর।
শুরুই হয়নি ঢাকার অবকাঠামো উন্নয়ন: ২০০৯-১০ অর্থবছরের বাজেটে অগ্রাধিকার খাতের মধ্যে অন্যতম ছিল রাজধানীর ভৌত অবকাঠামোগত উন্নয়ন।
এর মধ্যে রয়েছে ঢাকাকে ঘিরে বৃত্তাকার সড়ক নির্মাণ; ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ নির্মাণ; ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণ; মগবাজার-মৌচাক-পল্টন থেকে ঢাকা মাওয়া সড়কে উড়ালসড়ক নির্মাণ এবং ঢাকার পরিবহন, যানজট, পানি, পয়োনালা ও পরিবেশ সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ। এগুলোর কিছু শুরুই করতে পারেনি সরকার।
ঢাকার চারপাশে নদীতে বিশুদ্ধ পানিপ্রবাহ নিশ্চিতের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। ফলে ঢাকার উন্নয়ন নিয়ে আগামী অর্থবছরেও এগুলোকে অগ্রাধিকার খাত হিসেবে রাখা হচ্ছে। বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ঢাকার ব্যাপারে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে অবশ্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম মনে করেন, সরকার শুধু ঢাকাকে ঘিরে নয়। সারা দেশের কথাই যেহেতু সরকারকে মাথায় রাখতে হয়, তাই সরকারের অগ্রাধিকার দেওয়ার বিষয়ও সারা দেশকে ঘিরেই। তিনি বলেন, সারা দেশ মানেই হলো সারা দেশের মানুষ।
আর্থিক খাত ও বাজেট-পরিকল্পনা অপরিবর্তিত: অগ্রাধিকার তালিকায় থাকা আর্থিক খাতের মধ্যে নিরীক্ষা আইনের খসড়া অর্থ মন্ত্রণালয়ে পড়ে আছে সাত বছর ধরে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আইন মন্ত্রিসভা অনুমোদন করলেও আটকে রয়েছে প্রায় এক বছর ধরে।
বৈদেশিক সাহায্যের বিকল্প উৎস অনুসন্ধানও ছিল এ খাতের অগ্রাধিকার তালিকায়। কোনো ব্যবস্থা করতে পারেনি সরকার। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প বাস্তবায়নে ধীর গতি একটি নিয়মিত ব্যাপার, যা ত্বরান্বিত করতে মাঠ পর্যায়ের প্রকল্প পরিদর্শন করে ত্রিপক্ষীয় সভার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগের কথা সরকার শুধু বলেই আসছে। বাস্তবে কিছু হয়নি।
স্টক এক্সচেঞ্জের লেনদেন নিষ্পত্তির জন্য আলাদা একটি ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানিও সরকার গঠন করতে পারেনি। অগ্রাধিকার খাত চিহ্নিত করলেও কয়েক বছরেও গঠিত হয়নি জাতীয় কর আদালত এবং ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেন্টার।
ব্যবসা পরিবেশ আগের মতোই: ভূমি নিবন্ধনের পর দুই থেকে সাত দিনে মূল দলিল দেওয়া হবে বলে কয়েক বছর থেকেই সরকার বলে আসছে। কাজটি শুরু হয়নি। শুরু হয়নি বিচারপ্রার্থীদের হয়রানি কমাতে মামলার ধার্য তারিখ ও ফলাফল ডিসপ্লে-বোর্ডে প্রদর্শন এবং সুপ্রিম কোর্টে তথ্যভান্ডার স্থাপনের কাজও।
বিনিয়োগ কার্যক্রমও স্বয়ংক্রিয় ব্যবস্থার (অটোমেশন) আওতায় আনার প্রতিশ্রুতি ছিল সরকারের। এটিও হয়নি। দুই বছর হয়েছে প্রতিযোগিতা আইন পাস হলেও সে আইনের বলে গঠিত হয়নি প্রতিযোগিতা কমিশন।
ট্রেজারি চালান কার্যক্রম অনলাইনে জমা দেওয়ার কাজটি অবশ্য প্রক্রিয়াধীন রয়েছে। তবে নির্মাণ কর্মকাণ্ডে বিভিন্ন ছাড়পত্র গ্রহণের সুবিধার্থে ওয়ানস্টপ সেবাকেন্দ্র স্থাপন এবং ট্রেড পোর্টাল স্থাপনের কাজটি এখনো প্রাথমিক পর্যায়েই।
সৎ করদাতাদের উৎসাহিত করতে সর্বোচ্চ করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়ার বিষয়ে ঢাকা চেম্বারের সঙ্গে সম্প্রতি এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেছেন, এটি ব্যাপকভাবে চালু করতে কয়েক বছর সময় দরকার।
এ ছাড়া প্রত্যক্ষ কর আইন পাসই হয়নি। করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) ব্যবস্থা আধুনিকায়নে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যভান্ডারের সঙ্গে অনলাইন সংযোগের একটি পরিকল্পনা তিন বছর ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে।
পুষ্টি কার্যক্রম অসম্প্রসারিত, অসমন্বিত কৃষি-ও: সমন্বিত কৃষি ও পল্লী উন্নয়ন খাতের আওতায় প্রতি গ্রামে অন্তত একটি জলাশয় সংস্কার ও সংরক্ষণ করবে বলে ছয় বছর ধরেই বলে আসছে সরকার। কিন্তু এর কার্যক্রম এখনো শুরুই হয়নি।
ভারতের সঙ্গে টিপাইমুখ প্রকল্পের বিষয়ে যৌথ সমীক্ষা পরিচালনা, মংলা বন্দরের জন্য মাল্টিপারপাস জেটি নির্মাণ এবং বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত উন্নয়ন, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারের একটি রূপরেখা প্রণয়নের কথাও সরকার অগ্রাধিকার তালিকায় রাখছে কয়েক বছর ধরেই। কিন্তু বাস্তব রূপ নিচ্ছে না। প্রণীত হয়নি হাওর ও জলাভূমি উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনাও।
এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জাতীয় পুষ্টি কার্যক্রম কর্মসূচিকে ১২৩টি উপজেলায় সম্প্রসারণ করার কথা বলা হচ্ছে তিন বছর ধরে। এ মন্ত্রণালয়ের এ ছাড়াও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীর অনুপাত ১:৩:৫-এ উন্নীত করার কথা। বড় বড় শহরে ছয়টি শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করার কথা থাকলেও হয়নি। হয়নি ৩০টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জাতীয় ওষুধ নীতিও।
অন্যান্য অগ্রাধিকারও অবাস্তবায়িত: ‘ঢাকায় একটি মেট্রোরেল হবে’ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পরই একে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম শুরু করে। এটি আর বাস্তব রূপ নিচ্ছে না। দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গেও বাংলাদেশ যুক্ত হতে পারেনি। যদিও বলা হচ্ছে ২০১৬ সালের মধ্যে এর সব কার্যক্রম সম্পন্ন হবে।
গাজীপুরের কালিয়াকৈরে একটি হাই-টেক পার্ক করা হবে—তিন বছর ধরে এই কথা বলা হচ্ছে। কাজটি এখনো সম্পন্ন হয়নি। সম্পূর্ণ ভূমি ব্যবস্থাপনাকে এক দপ্তর থেকে করার কথা অর্থমন্ত্রী বলে আসছেন ২০০৯ সাল থেকে। অথচ এর পথনকশাই তৈরি হয়নি এখনো।
কেন প্রতি বাজেটে একই অগ্রাধিকার খাত থাকছে এবং এ থেকে উত্তরণই বা কীভাবে সম্ভব—জানতে চাইলে মির্জ্জা আজিজ প্রথম আলোকে বলেন, একবার যেহেতু চিহ্নিত হয়েছে, সমাধান না হওয়া পর্যন্ত তো অগ্রাধিকার খাত থাকতেই থাকবে। এ জন্য অবশ্য দীর্ঘসূত্রতা, অদক্ষতা ও মনোযোগিতাকে তিনি দায়ী করেন। সাবেক এই অর্থ উপদেষ্টা আরও বলেন, যে বরাদ্দটা রাখা হয়, স্বচ্ছতার সঙ্গে তার ব্যয়টা নিশ্চিত করা গেলেই ভালো ফল পাওয়া সম্ভব। সরকারকে সেদিকে নজর দিতেই তাঁর পরামর্শ।