বাজেটে অনগ্রসর জনগোষ্ঠীর চাহিদার প্রতিফলন দাবি
আসন্ন ২০১১-১২ অর্থবছরে জাতীয় বাজেটে অনগ্রসর জনগোষ্ঠী বিশেষত, কৃষক, শ্রমিক, প্রতিবন্ধী, দলিত ও আদিবাসীদের চাহিদা যথাযথভাবে প্রতিফলন ঘটানোর দাবি তুলেছে ২২টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাজেটবিষয়ক নাগরিক মোর্চা। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক মোর্চার পক্ষ থেকে এ দাবি তোলা হয়। নাগরিক মোর্চার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন নাগরিক মোর্চার অন্যতম সদস্য সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) পরিচালক উমা চৌধুরী। সুপ্রর নির্বাহী পরিষদ সদস্য মঞ্জু রানী প্রামাণিকের সঞ্চালনায় মোর্চার পক্ষে লিখিত দাবিগুলো পাঠ করেন সাক্ষরের নির্বাহী পরিচালক শামছুন্নাহার আজিজ লীনা। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী, বাংলাদেশ ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার, বাংলাদেশ বাজেট ওয়াচ গ্রুপের প্রতিনিধি সিরাজুদ্দাহার খান প্রমুখ। উপস্থিত ছিলেন সুপ্রর নির্বাহী পরিষদ সদস্য শরীফা খাতুন, বাংলাদেশ দলিত অ্যান্ড এক্সক্লুডেট রাইটস মুভমেন্টের (বিডিইআরএম) সভাপতি বোথেনকি সোলেমান; বাঁচতে শিখ নারীর নির্বাহী পরিচালক ফিরোজা বেগম; স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শামীমা নাসরীন; জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার আইন ও বিচার সম্পাদক বশির আল হোসাইন; কাপেং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান দীপায়ন খীসা এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান।