
বাজেটে বরাদ্দ রাখা আছে, কিন্তু টাকা খরচ হচ্ছে না। আবার বরাদ্দ যা রাখা আছে, খরচ হচ্ছে সে তুলনায় একেবারেই সামান্য। চলতি ২০১৫-১৬ অর্থবছরের ২১টি কর্মসূচির জন্য রাখা মূল বরাদ্দ ও সংশোধিত বাজেট বিশ্লেষণে এ বিষয়টি উঠে এসেছে। কর্মসূচিগুলোতে ৫ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যা কমিয়ে করা হয় ১ হাজার ২০৯ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে হাওর উন্নয়নে বিশেষ অনুদান রাখা হয়েছিল ৫০ কোটি টাকা। ১০ মাসেও এ থেকে কোনো টাকা খরচ হয়নি। এ টাকা অন্য খাতে সরিয়ে নেয় সরকার।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষক ও পোলট্রি খামারিদের সহায়তা দিতে বরাদ্দ ১০০ কোটি টাকা থেকেও কোনো খরচ হয়নি। আবার খেলার মাঠ উন্নয়ন ও সংস্কার এবং প্রশিক্ষণকাজে ৭০ কোটি টাকা বরাদ্দ কমিয়ে করা হয় মাত্র ৮৫ লাখ টাকা।
এভাবে জেলা পরিষদের জন্য সহায়তা বাবদ বরাদ্দ ৩ হাজার ২০০ কোটি টাকা থেকে কমিয়ে ২০০ কোটি, দক্ষতা উন্নয়ন তহবিলে ১০০ কোটি থেকে ২০ কোটি, নারী উদ্যোক্তা তহবিলে ১০০ কোটি থেকে ৫৭ কোটি, বিনিয়োগ সহায়তা ও অর্থায়নসুবিধা ২৫৩ কোটি থেকে ৮০ কোটি এবং ছিটমহলের জন্য ২০ কোটি থেকে কমিয়ে ১০ কোটি করা হয়।
প্রতিবছরই এমন ঘটনা ঘটছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বরাদ্দ থাকায় অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এগুলো নিয়ে প্রতিশ্রুতিও থাকে।
আবার কমিয়ে যে বরাদ্দ রাখা হয়, তাও পুরোপুরি খরচ হয় না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর সত্যতা পাওয়া যায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদের কথায়।
সেলিমা আহমাদ গতকাল বলেন, নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি থেকে কমিয়ে যে ৫৭ কোটি টাকা রাখা হয়েছে, তা থেকে খরচ হবে মূলত ৩৪ কোটি টাকা।
সুনির্দিষ্ট বরাদ্দ খরচ না হওয়াকে বাজেট বাস্তবায়নে সরকারের দুর্বলতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেশির ভাগ ভালো কর্মসূচির অর্থই খরচ হয় না প্রশাসনিক দুর্বলতার কারণে। কিছু আছে শুধুই রাজনৈতিক কর্মসূচি—এগুলোতে খরচ না হওয়াই ভালো। ঘোষণা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারলে বাজেটের অঙ্কের প্রতি মানুষের বিশ্বস্ততা কমে যায় বলেও মনে করেন মির্জ্জা আজিজ।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য বলছেন, বাজেটে বরাদ্দ রাখার মানে এই নয় যে এই অর্থ খরচ করাই হবে বা খরচ করতেই হবে। কৌশলগত কারণে বরাদ্দটা রাখতে হয়। তবে তাঁরাও স্বীকার করেন যে টাকা খরচ হয় না প্রশাসনিক দক্ষতার অভাবেই।
সরকারি ব্যাংকগুলোকে মূলধন দেওয়া, থোক বরাদ্দ, ভর্তুকি—এসব খাতে খরচ না হওয়াটাকেই ইতিবাচক বলে মনে করা হয়। যেমন চলতি অর্থবছরে ‘বিবিধ বিনিয়োগ’ নাম দিয়ে বরাদ্দ রাখা হয়েছিল ১০ হাজার ২৫ কোটি টাকা, যার মধ্যে ৫ হাজার কোটি টাকাই সরকারি ব্যাংকের জন্য। সংশোধিত বাজেটে বরাদ্দ কমিয়ে করা হয় ২ হাজার ৭২৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর অংশ ১ হাজার ৮০০ কোটি টাকা।
এ ছাড়া চলতি অর্থবছরে থোক বরাদ্দ ২ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৫০ কোটি, পল্লী বিদ্যুৎ ও রপ্তানিতে (কৃষি ভর্তুকি বাদে) ভর্তুকি ৪ হাজার ৫০৮ কোটি টাকা থেকে ৩ হাজার ৮০৮ কোটি টাকা করা হয়।
বরাদ্দ রেখে খরচ না করার অন্য একটি খারাপ দিকও আছে, যা টের পান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রথম আলোকে তাঁরা বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর জন্য যে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, এতে ব্যাংকগুলো ধরেই নিয়েছিল যে ওই টাকা পাওয়াটা তাদের অধিকার।
আগামী অর্থবছরের বাজেটেও একই ধরনের কর্মসূচি থাকছে বলে জানা গেছে। জানতে চাইলে অর্থসচিব মাহবুব আহমেদ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বরাদ্দের মানে সব সময়ই এই নয় যে এই টাকা খরচ হওয়া জরুরি। কখনো আগাম সতর্কতা হিসেবে আবার কখনো ভালো কিছু করার উদ্দেশ্যে বরাদ্দ রাখা হয়। খরচ না হলে যে যে খাতে বেশি প্রয়োজন, সেগুলোতে সরিয়ে নেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ের সমন্বয়ের অভাবে টাকা ছাড় হতে বছর শেষ হয়ে যায় বলে হতাশা ব্যক্ত করেন বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমাদ। তিনি বলেন, ‘অর্থমন্ত্রীকে কয়েক দিন আগে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে অনুরোধ করেছি। প্রশ্ন তুলেছি, বরাদ্দ থাকলেই লাভ কী, যদি টাকা ছাড় না হয়?’