বাজেটে অল্প কয়েকটি বিষয় ছাড়া খারাপ কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের দৃষ্টিতে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অল্প কয়েকটি বিষয় ছাড়া খারাপ কিছু নেই। বরং এটি ব্যবসা, শিল্প, বিনিয়োগ, এমনকি সবাইবান্ধব বাজেট।বাজেট ঘোষণার পর সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে দুই দফা এমন বক্তব্য দিয়েছে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সামনে পেয়েও একই কথা শুনিয়ে দিয়েছেন এফবিসিসিআইয়ের নেতারা।রাজধানীর অফিসার্স ক্লাবে গতকাল বুধবার ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট-পরবর্তী আলোচনার আয়োজন করে এফবিসিসিআই। এতে অর্থমন্ত্রী প্রধান অতিথি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বিশেষ অতিথি ছিলেন।নির্ধারিত সময়ের অন্তত ৪০ মিনিট পর শুরু হওয়া এই অনুষ্ঠানে ৫০ মিনিটেরও বেশি সময় ধরে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। এরপর অন্য ব্যবসায়ীদের দুই মিনিট করে বক্তব্য দিতে বলা হয়। উপস্থিত কয়েকজন ব্যবসায়ী এ নিয়ে সভায় ক্ষোভও প্রকাশ করেন। সভায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে পরামর্শ দিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, বিভিন্ন বিরোধের জেরে ১৪ হাজার কোটি টাকার রাজস্ব পড়ে আছে। এডিআরের মাধ্যমে এই অর্থ আদায় করে বাজেট ঘাটতি মেটানো সম্ভব।কাজী আকরাম কয়েকটি প্রস্তাবও তুলে ধরেছেন। তিনি বলেন, বিক্রয়ের ওপর সরাসরি ১৫ শতাংশ মূসক আরোপ ও এর অপপ্রয়োগের কারণে এটি এখন আবগারি শুল্কে পরিণত হয়েছে। এসএমই খাতের করদাতারা অনেক ক্ষেত্রেই হয়রানির শিকার হচ্ছেন। প্যাকেজ ভ্যাটও বাড়ানো হয়েছে। এটি আগের অবস্থায় নিয়ে যেতে হবে। সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আমরা বারবার বলেছি, ভ্যাটের পরিমাণ না বাড়িয়ে আওতা বাড়ান। কিন্তু দুঃখজনকভাবে ভ্যাটের আওতা বাড়ছে না। অল্প কিছু ব্যবসায়ীই ভ্যাট দিয়ে যাচ্ছেন।’সাবেক সভাপতি আকরাম হোসেন বলেন, ‘কালোটাকা যেহেতু বন্ধ করা যাচ্ছে না, তাই এটাকে কীভাবে অর্থনীতিতে কাজে লাগানো যায়, সে জন্য এনবিআরে গবেষণা সেল করা দরকার।’সাবেক সহসভাপতি জসিম উদ্দিন বলেন, এবারের বাজেটেও শিল্পনগর ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর হক বলেন, হঠাত্ করে কেন নিউজপ্রিন্ট কাগজ আমদানির ওপর শুল্ক বাড়ানো হলো, তা বোধগম্য হচ্ছে না। কাগজ নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, তাহলে শিক্ষাসহ কয়েকটি শিল্প খাতে এর মারাত্মক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, ‘নিউজপ্রিন্ট কাগজ আমদানির শুল্ক যদি কমানো না হয়, তাহলে ১০ টাকার কাগজ ৩০ টাকায় কিনতে হবে।’অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘সবাই বলেন, এবারের বাজেট উচ্চাভিলাষী বাজেট। আওয়ামী লীগ এলেই উচ্চাভিলাষ হয়। কারণ এ সরকার জনগণের জন্য কাজ করে। এ সরকার জনতুষ্টির সরকার।’ তিনি আরও বলেন, জনগণের মঙ্গল সাধনে এ সরকার কাজ করে। সে দিক বিবেচনায় নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হয়। এ জন্য রাজস্ব আদায়ও বাড়াতে হয়। তবে রাজস্ব আদায় বাড়াতে গিয়ে খুব বেশি চাপ প্রয়োগ করা হয়নি। এ দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়েছে।অর্থমন্ত্রী আরও বলেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, এটা ধরে নিয়েই বাজেটের সব মৌলিক ভিত্তি ঠিক করা হয়েছে। আশা করি সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। ইতিমধ্যে নৈরাজ্য অনেকটাই কমে গেছে। হরতালও কমেছে, হরতালে সংঘাতও কমেছে।’