আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায় লক্ষ্যমাত্রা এক লাখ ৪৯ হাজার কোটি টাকা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ার-ম্যান গোলাম হোসেন।
এনবিআরের সম্মেলনকক্ষে গতকাল বুধবার প্রাক্-বাজেট আলোচনায় গোলাম হোসেন এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, করের আওতা বাড়িয়ে খুব বেশি রাজস্ব বাড়ানো সম্ভব নয়। এ জন্য ঘুরেফিরে ব্যবসায়ীদের কাছেই যেতে হবে। বাজেট আলোচনায় প্রায় সব ব্যবসায়ী প্রতিনিধি শুল্ক-কর কমানোর প্রস্তাব দিলে তিনি এসব কথা বলেন।
আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদে বাজেট পেশ হওয়ার কথা। বাজেট সামনে রেখে বিভিন্ন সংগঠনের সঙ্গে পরামর্শমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে এনবিআর। এরই অংশ হিসেবে এনবিআরের চেয়ারম্যান গতকাল সকালে বন্ড সুবিধাবিহীন রপ্তানি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজেট আলোচনায় মিলিত হন।
সভায় প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দিন এ খাতের সব ধরনের মূলধনি যন্ত্রপাতি আমদানিতে বিদ্য-মান ২ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেন। প্লাস্টিক শিল্পকে ১০ বছরের কর-অবকাশ সুবিধা দেওয়ার পাশাপাশি করপোরেট কর আরও ৫ শতাংশ কমানোর দাবিও জানানো হয়।
এ ছাড়া এই শিল্পের জেনারে-টরের খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহার, প্লাস্টিক পণ্যের কাঁচামাল ইউরিয়া রেজিন ও খেলনার যন্ত্রাংশ আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনা, আমদানীকৃত প্লাস্টিক পণ্যে সর্বোচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়।
আলোচনায় অংশ নেন এমব্রয়ডারি উৎপাদক ও রপ্তানিকারক সমিতি, ফুল উৎপাদক ও রপ্তানিকারক সমিতি, সবজি ও সবজিজাতীয় পণ্য রপ্তানিকারক সমিতি, হস্তশিল্প উৎপাদক ও রপ্তানিকারক সমিতি, জামদানি উৎপাদক ও রপ্তানিকারক সমিতি, বোতাম উৎপাদক ও রপ্তানিকারক সমিতি, হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতি, আলু উৎপাদক সমিতির নেতারা।
আলোচনা সভায় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।