বাজেটে কর কমানোর দাবি মোবাইল অপারেটরদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটরদের সংগঠন এমটব বলেছে, উচ্চ করের কারণে টেলিযোগাযোগ খাতের অগ্রগতি ব্যাহত হচ্ছে। এ কারণে তারা আসছে বাজেটে এই দিকটি মাথায় রেখে সরকারকে বাজেট পরিকল্পনা তৈরি করার আহ্বান জানিয়েছে। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই আহ্বান জানায়।  

সংবাদ সম্মেলনে এমটব জানায়, বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল টেলিযোগাযোগ বাজারগুলোর একটি হওয়ার পরও শিল্পবান্ধব করনীতির অভাবে  রয়েছে। মোবাইল ফোন অপারেটরগুলোর ওপর উচ্চহারে চাপিয়ে দেওয়া করের কারণে গ্রাহকসেবা ও তৃণমূল পর্যায়ের গ্রাহকদের ওপর এর প্রভাব পড়ছে। সিম বা রিম কার্ডের ওপর বর্তমান যে সম্পূরক শুল্ক ও ভ্যাট রয়েছে, তা তুলে নেওয়ার বিষয়টি সরকারের কার্যকর বিবেচনায় আনার আহ্বান জানায় এমটব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল সংযোগের ওপর করারোপ করার প্রভাব পড়বে মধ্য ও নিম্নবিত্ত মানুষের ওপর। সিমের ওপর কর বিদ্যমান থাকায় মোবাইল ফোন ব্যবহারের ব্যয় বৃদ্ধি পায়। এতে সরকারের প্রাপ্ত মোট করের পরিমাণও কমে যায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোনের অপারেটরের ওপর ৪০ শতাংশ এবং তালিকাভুক্ত নয় এমন ফোনের অপারেটর কোম্পানিগুলোর ওপর ৪৫ শতাংশ করপোরেট ট্যাক্স রয়েছে। অন্যদিকে পুঁজিবাজারের সাধারণ তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর ২৭ দশমিক ৫ শতাংশ এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ওপর ৩৭ দশমিক ৫ শতাংশ করারোপ রয়েছে। অন্য শিল্পের তুলনায় মোবাইল ফোন শিল্পের ওপর সর্বোচ্চ পরিমাণে করপোরেট করারোপ  ভবিষ্যত্ বিনিয়োগের অন্যতম অন্তরায়। এর ফলে দেশের পুঁজিবাজার চাঙা করতে তালিকাভুক্ত হওয়ার আগ্রহও হারাচ্ছে অপারেটরগুলো।

এমটবের দাবি, করপোরেট ট্যাক্স কমানো ও টার্নওভার ট্যাক্স বাতিল করতে হবে। ইন্টারনেট মডেম ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ওপর ভ্যাটও প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান এমটবের সভাপতি নুরুল কবীর। সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ ওয়াই হালিম, টেলিটকের অর্থ ও হিসাব শাখার মহাব্যবস্থাপক ফারকী আহমেদ, এয়ারটেলের রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান আশরাফুল হক চৌধুরী, রবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহাতাব উদ্দিন আহমেদ, গ্রামীণফোনের কর্মকর্তা মাইনুর রহমান ভূঁইয়া ও সিটিসেলের নিশাত আলী খান উপস্থিত ছিলেন।