বাজেটে কর সুবিধা চায় দুই স্টক এক্সচেঞ্জ

আসন্ন বাজেটে স্টক এক্সচেঞ্জের জন্য আয়কর অব্যাহতি বহাল রাখার প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। পাশাপাশি ১০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যক্তি করমুক্ত আয়ের সীমা নির্ধারণের দাবি জানিয়েছে তারা।
আজ বুধবার ঢাকার সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০১৪-১৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়েছে।
ডিএসই ও সিএসইর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব দাবি সংবলিত প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়কর অব্যাহতি বহাল রাখা; স্টক এক্সচেঞ্জের সদস্যের সিকিউরিটি লেনদেনের ওপর আরোপিত কর দশমিক ০৫ শতাংশ থেকে বাড়িয়ে পূর্বের দশমিক ১৫ শতাংশ পুনর্নির্ধারণ; লভ্যাংশ প্রদানকারী কোম্পানির লভ্যাংশ হতে উেস কর কর্তনের বিধান বাতিল করা; করমুক্ত লভ্যাংশের সীমা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা প্রভৃতি।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এনবিআর, ডিএসই, সিএসই ও সিডিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।