বাজেটের ৭১ শতাংশ অর্থ আসবে সাধারণ জনগণ থেকে। পরোক্ষ করের মাধ্যমে সাধারণ জনগণের ওপর করের বোঝা বাড়ানো হয়েছে। এটা সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো লক্ষণ নয়। প্রস্তাবিত বাজেটে স্লোগান ছাড়া সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেই।
ব্র্যাক বিজনেস স্কুলের উদ্যোগে গতকাল সোমবার প্রস্তাবিত ২০১৬-১৭ বাজেট পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে অর্থনীতিবিদেরা এমন মন্তব্য করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন বিজনেস স্কুলের পরিচালক মোহাম্মদ রেজাউর রাজ্জাক। সমাপনী বক্তব্য দেন বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক রহিম বি তালুকদার।
সেমিনারের মূল প্রবন্ধে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে যেসব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা অর্জিত হবে না। সঞ্চয়পত্র বিক্রি থেকে যে আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তার অনেক বেশি বিক্রি হয়ে যাবে। ফলে সুদ বাবদ সরকারের ব্যয়ও বাড়বে। আবার বাজেটে স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে সমতাভিত্তিক সমাজ গঠনের চেষ্টার কোনো ইঙ্গিত মেলে না। জনপ্রশাসন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, প্রতিরক্ষা ও সুদের পেছনে ব্যয় কমিয়ে স্বাস্থ্য, কৃষি ও পরিবহন খাতে ব্যয় বাড়ানোর প্রস্তাব করেন তিনি।
মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘ভারত, চীন ও জাপানের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল করার প্রক্রিয়া চলছে, তবে কোরীয় অর্থনৈতিক অঞ্চলই তো আমাদের ভালো সংকেত দেয়নি। নতুনগুলো আর কী দেবে?’ তিনি বলেন, ব্যবসায়ীদের চাপে নতুন ভ্যাট আইন এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে পরবর্তী বছরেও একই ঘটনা ঘটতে পারে। বেসরকারি খাতে পেনশন ফান্ড গঠনের প্রস্তাব আশাবাদী হওয়ার মতো, তবে এতে গতি আনা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের প্রায় ৭১ শতাংশ অর্থ আসবে জনগণ থেকে, তাহলে বাজেট সমতাভিত্তিক হয় কীভাবে? বরং এর ফলে বিভিন্ন ফাঁকফোকর দিয়ে জনগণের ব্যয় বেড়ে যাবে। তিনি বলেন, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ৬ দশমিক ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু স্বচ্ছতা, সুশাসন, জবাবদিহি ও আইনের শাসনের অভাব প্রকট হয়ে উঠেছে। এসব আলোচনায় আনা প্রয়োজন। সরকার যত দিন, কালোটাকা সাদা করা যাবে তত দিন, এটা জানিয়ে দিয়ে ভালো হয়েছে। এর ফলে যারা কালোটাকার মালিক, তারা প্রস্তুতি নিতে পারবে।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সরকারি ব্যাংকগুলোতে লুটপাট হলো কোনো ব্যবস্থা না নিয়ে সরকার আবারও দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ‘লাগে টাকা দেবে গৌরী সেন’। সরকারি ব্যাংকগুলো চলতে না পারলে ছোট ছোট ব্যাংকিং করবে। কিন্তু বারবার জনগণের টাকা বরাদ্দ দেওয়া কেন? পণ্যের মূল্য নির্ধারণ ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাবে জনগণ ভোগান্তির শিকার হবে বলে মনে করেন সালেহউদ্দিন আহমেদ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হাফিজ জি এ সিদ্দিকী বলেন, দেশে শিক্ষার গুণগত মান নেই। শিক্ষার ওপর গুরুত্ব না দিলে উন্নয়ন টেকসই ও ত্বরান্বিত হবে না। সরকার পোশাক খাতে যেভাবে গুরুত্ব দিচ্ছে, বেসরকারি খাতের উচ্চশিক্ষাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। পোশাক খাত সরকারি সুবিধা পেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কেন পাবে না? দুটোই তো বেসরকারি খাত।