বাজেটে কিছু বিষয়ে সঠিক নির্দেশনা নেই: বিনায়ক সেন
প্রস্তাবিত বাজেট সম্পর্কে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেছেন, এই বাজেট যেমন কিছু ক্ষেত্রে বাস্তবসম্মত হয়েছে; তেমনি এই বাজেটে দারিদ্র্য, কর্মসংস্থান, স্বাস্থ্য বিমার মতো বেশ কিছু বিষয় সম্পর্কে সঠিক কোনো দিক নির্দেশনা নেই। আজ বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর প্রথম আলোকে বিনায়ক সেন এই অভিমত দেন।
বিনায়ক সেন বলেন, এই বাজেটের কিছু দিক বাস্তবসম্মত। যেমন বাজেটে ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে। যেহেতু বর্তমান অর্থ বছরে প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ অর্জিত হয়েছে তাই বলা যায় এই লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। এ ছাড়া অবকাঠামোগত অসমাপ্ত প্রকল্প কবে শেষ হবে তা সম্পর্কে স্পষ্ট করা হয়েছে এই বাজেটে যা একটি ইতিবাচক দিক। বাজেটে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের বিষয় স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিনায়ক সেন বাজেটের ইতিবাচক দিক তুলে ধরে আরও বলেন, এতে অর্থমন্ত্রী স্বীকার করেছেন পিপিপিতে নানা দুর্বলতা ছিল। এভাবে দায়িত্ব নিয়ে দুর্বলতা স্বীকার করার সংস্কৃতি একটি ইতিবাচক দিক। এর ফলে পরবর্তীতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া সহজ হবে।
প্রস্তাবিত বাজেটের নেতিবাচক কিছু দিকও তুলে ধরেন বিনায়ক সেন। তিনি বলেন, বিকেন্দ্রীকরণ সম্পর্কে তেমন কোনো কথাই বলা হয়নি এবং স্থানীয় সরকারের বাজেট সম্পর্কে যা বলা হয়েছে তা অত্যন্ত অস্পষ্ট। এ ছাড়া মানুষের কর্মসংস্থান সম্পর্কে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি ও শিল্প কারখানায় স্বাস্থ্য বিমার মতো বিষয়গুলো সম্পর্কে উদ্যোগ নেওয়া হয়নি। বাজেটে কারিগরি শিক্ষা বা মাদ্রাসায় বৃত্তি মূলক শিক্ষার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তিনি বলেন, আমাদের দেশ এখন চরম দারিদ্র্যের অবস্থানে নেই। তাই এখানে এখন অগ্রাধিকার হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। এ বিষয়েও স্পষ্ট করা হয়নি।