দেশের ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতিসহ প্রাসঙ্গিক বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও ব্যবসায়ীদের গবেষণা সংস্থা বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম

প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতা তো কেটে গেছে। এখন কি দেশে ব্যবসার পরিবেশ ফিরে এসেছে?
আসিফ ইব্রাহীম: হ্যাঁ, আমার মনে হয়, দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছিল, তা কেটে গেছে। নির্বাচন-পরবর্তী ব্যবসার পরিবেশ এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। ২০১৩ সালে দেশের সব খাতের ব্যবসায়ী প্রচুর পরিমাণে লোকসানের সম্মুখীন হন। এটা কাটিয়ে উঠে তাঁদের শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে হলে সরকারের উচিত এই ব্যবসায়ীদের জন্য ভর্তুকিমূলক সহায়তা আগামী বাজেটে রাখা। তবে ব্যবসার পরিবেশ ফিরে এলেও রাজনৈতিক অস্থিরতায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা কাঠিয়ে উঠে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আরও কমপক্ষে তিন বছর লেগে যেতে পারে।
প্রথম আলো: আপনার তো তৈরি পোশাকের ব্যবসা। আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স দেশের কারখানাগুলো পরিদর্শন করছে। বিজিএমইএ ইতিমধ্যে এতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছে। আপনার কী মত?
আসিফ ইব্রাহীম: আমাদের ব্যবসায়ী গ্রুপের নাম নিউ এজ। আমরা ওভেন ও নিট—এই দুই ধরনের পোশাকই তৈরি করে তা রপ্তানি করি। পশ্চাদ্মুখী সংযোগ শিল্পেও আমাদের বিনিয়োগ রয়েছে। দেখেন, রানা প্লাজার ঘটনার আগের চিত্র আর এর পরের চিত্র পুরোটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন। রানা প্লাজার ঘটনার কারণে আগামী পাঁচ বছর পর্যন্ত দেশের তৈরি পোশাক খাত একধরনের সংস্কারের মধ্য দিয়ে যাবে। আমরা যদি এটাকে ইতিবাচকভাবে দেখি এবং সব কারখানার স্বার্থ সংরক্ষণ করে নীতি তৈরি করতে পারি, তাহলে তা ভবিষ্যতের জন্য অর্থবহ হবে। অ্যাকর্ড ও অ্যালায়েন্স দেশের পোশাক কারখানাগুলোতে যে পরিদর্শন করছে, তাতে ষড়যন্ত্র না খুঁজে বরং একে ইতিবাচকভাবে নেওয়া উচিত। আজ থেকে ১০ বছর পর অর্থাৎ ২০২৪-২৫ সালে পোশাকশিল্পকে আমরা কোথায় দেখতে চাই, তা বিবেচনায় নিয়ে এবং সেটা অর্জনের জন্য এসব পরিদর্শনকে আমলে নেওয়া উচিত। তবে ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলো যেন টিকে থাকতে পারে, সেদিকে সরকারকে নজর দিতে হবে। শুধু তা-ই নয়, অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো যেমন—ব্যাংক ও আন্তর্জাতিক দাতা সংস্থাকে এ বিষয়ে কার্যকর ভূমিকা নিতে হবে, যেন এসব কারখানা চূড়ান্তভাবে টিকে থাকতে পারে। আমাদের অনেকে অবশ্য আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর অর্থে অনেক কিছু করার আশা দেখেন। তবে তাদের আশায় বসে থাকলে হবে না। নিজেদের ঘর নিজেদেরই গোছাতে হবে।
প্রথম আলো: আপনি ঢাকা চেম্বারের সভাপতি ছিলেন। আপনার কি মনে হয়, দেশের ব্যবসায়ী সংগঠনগুলো সব সময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে পারে?
আসিফ ইব্রাহীম: আমি ২০১১ ও ২০১২ সালে ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম। আমি মনে করি, যেকোনো ব্যবসায়ী সংগঠন, চেম্বার কিংবা সমিতিকে শুধুই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে দেওয়া উচিত। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ করেছি, যখন যে সরকারই ক্ষমতায় থাকে, তাদের একটা লক্ষ্যই থাকে যে সরকারপন্থী ব্যবসায়ী নেতাদের মধ্য থেকে যেন কাউকে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠন ও সমিতিগুলোর নেতা নির্বাচন করা যায়। আমি মনে করি, এটা ব্যক্তি খাতের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় এবং এটা করলে দেশে ব্যবসায়ী চেম্বার ও সংগঠনগুলোর নিজস্ব কর্মক্ষমতা (ক্যাপাসিটি) গড়ে উঠবে না। যখন একটি সংগঠন একটি রাজনৈতিক দলের সহযোগীতে পরিণত হয়, তখন শিল্পের স্বার্থ সংরক্ষণ করা কিংবা এর পক্ষে কথা বলা তার জন্য দুরূহ হয়ে পড়ে।
প্রথম আলো: ব্যবসায়ী সংগঠনগুলো তেমন একটা গবেষণা করে না বললেই চলে। এর প্রয়োজন কতটুকু?
আসিফ ইব্রাহীম: ব্যবসায়ী সংগঠনগুলোর জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। আমি গর্ব করে বলতে পারি, ঢাকা চেম্বারে একটি শক্তিশালী গবেষণা সেল আছে। এই সেল থেকে সরকারকে নানা বিষয়ে সুপারিশ পেশ করা হয়। প্রতিবেশী দেশ ভারতের এফআইসিসিআইতে ২০০ জনের বেশি পিএইচডিধারী ব্যক্তি গবেষণাকাজ করে থাকেন। এর মাধ্যমে দেশটির সরকারকে তাঁরা অর্থনৈতিক নীতিমালা তৈরিতে সহায়তা করে থাকেন। আমি মনে করি, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর এটি অনুসরণ করা উচিত এবং গবেষণায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা বিল্ড (বাংলাদেশ ইনিশিয়েটিভ ফর লিডিং ডেভেলপমেন্ট) প্রতিষ্ঠা করেছি। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটি (পিএসডিপিসি) নামে শক্তিশালী একটি কমিটি করা হয়েছে। এই কমিটিতে বেসরকারি খাতের উন্নয়নের সঙ্গে জড়িত সব মন্ত্রণালয়ের সচিব, এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, সিসিসিআইয়ের সভাপতির পাশাপাশি বিল্ডকেও রাখা হয়েছে। বেসরকারি খাতের যেসব নীতিমালাগত প্রতিবন্ধকতা আছে, সেসব বিষয়ে গবেষণা করে পিএসডিপিসি কমিটিতে তা তুলে ধরে বিল্ড। আর এসব সুপারিশের ভিত্তিতে বেশ কিছু ক্ষেত্রে ব্যবসাবান্ধব নীতিমালা তৈরি করেছে সরকার।
প্রথম আলো: সামনেই বাজেট। একজন ব্যবসায়ীর দৃষ্টিকোণ থেকে বলুন যে ব্যবসা ও শিল্পবান্ধব বাজেটে কী কী অবশ্যই থাকা উচিত?
আসিফ ইব্রাহীম: বিগত বছরের রাজনৈতিক অস্থিরতার ধকল কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত খাতগুলোর ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের সুবিধা আগামী বাজেটে থাকা উচিত। দেশের শিল্পায়নের পূর্বশর্ত হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনা। আগামী বাজেটে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে বলে আশা করি।
[সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]