বাজেটে গঙ্গা ব্যারাজ নির্মাণে বরাদ্দ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় বাজেটে গঙ্গা ব্যারাজ নির্মাণে বরাদ্দসহ ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে রাজশাহীর সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
১০ দফা দাবির মধ্যে আছে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, সিএনজি স্টেশন স্থাপন, বসতবাড়ি ও কলকারখানায় বন্ধ গ্যাস-সংযোগ চালু, রাজশাহী-চট্টগ্রাম সরাসরি ট্রেন চালু, আবদুলপুর-রাজশাহী-রহনপুর পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন, বন্ধ রেশম কারখানাসহ অন্যান্য কারখানা চালু, স্থায়ী নদীতীর প্রতিরক্ষা কাজ দ্রুত বাস্তবায়ন, কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও টেস্ট ক্রিকেট ভেন্যু প্রতিষ্ঠা।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, স্মারকলিপি প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, আবদুল মান্নান ও শাহজাহান আলী বরজাহান, আওয়ামী লীগের মঞ্জুর হাসান, ওয়ার্কার্স পার্টির এন্তাজুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আলী আর্সলান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলমগীর সরকার প্রমুখ।