বিদ্যুৎ খাত দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত। সংকট মোকাবিলায় সরকার অপরিকল্পিতভাবে ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) বিদ্যুৎকেন্দ্র স্থাপন করলেও তাতে লাভ হয়নি, বরং এসব কুইক রেন্টাল কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। এর ফলে একদিকে বাজেটের ওপর চাপ বাড়ছে, অন্যদিকে মানুষকে বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনতে হচ্ছে।২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে বক্তারা এমন মত দেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল শনিবার সিপিডির সংলাপ অনুষ্ঠিত হয়। সাবেক অর্থমন্ত্রী ও সিপিডির ট্রাস্টি এম সাইদুজ্জামানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।সংলাপে বাজেট নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বাজেটের বিশ্বাসযোগ্যাতা নির্ভর করে এর বাস্তবায়নের ওপর। কিন্তু বাস্তবায়নের সমন্বিত পরিকল্পনা বাজেটে নেই। এ কে খন্দকার বলেন, ‘বাজেটকে বিশাল বলার সুযোগ নেই। এটা জনবান্ধব বাজেট। সরকার এর সম্পূর্ণ বাস্তবায়নে সচেষ্ট থাকবে।’ বাজেট ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে ১৬০টি দেশে ঘাটতি বাজেট রয়েছে।বিদ্যুৎ খাত: সংলাপে সাংসদ রাশেদ খান মেনন বলেন, বর্তমান সময়ে কোনো খাত যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটা বিদ্যুৎ খাত। তিনি বলেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আমরা যেতেই পারলাম না। আমরা কুইক সলিউশন (সমাধান) ও কুইক মানি (অর্থ) পদ্ধতিতে গেছি। কিন্তু তাতে সমাধান আসেনি।’বিএনপির নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তিন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা ব্যয় করে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো মূলধনি যন্ত্রপাতি আমদানি করেছে। তার ফল কী? এসব বিদ্যুৎকেন্দ্র যে যন্ত্র আমদানি করেছে, সেগুলো নতুন না পুরোনো, পুরো ক্ষমতা অনুযায়ী উৎপাদন হচ্ছে কি না, সেসব বিষয়ে আমরা কিছুই জানতে পারছি না। টাকা কিন্তু তারা ঠিকই নিয়ে যাচ্ছে।’আমীর খসরু বলেন, কুইক রেন্টালগুলোতে একধরনের কেলেঙ্কারি হচ্ছে। এ বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। সরকারকে এ বিষয়ে শ্বেতপত্রও প্রকাশ করতে হবে। এ সময় তিনি বলেন, ‘কুইক রেন্টালের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে—এমন কথা বলে এ বিষয়ে কথা বলা বন্ধ করা যাবে না। আগেও এর সমালোচনা করা হয়েছে। আগামীতেও হবে।’বুয়েটের অধ্যাপক ম. তামিম বলেন, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বাজেটে চাপ বাড়াচ্ছে। পুরোপুরি অপরিকল্পিতভাবে এগুলো করা হয়েছে। বিদ্যুৎ-পরিস্থিতি উন্নয়নে সরকারের কোনো মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেই। তিনি বলেন, ‘বিদ্যুৎ এখন সাধারণ মানুষের জন্য পণ্যে পরিণত হয়েছে। এটা হওয়া উচিত না।’ কালোটাকা: সাংসদ হাফিজ আহমেদ মজুমদার বলেন, কালোটাকা সাদা করার ব্যর্থ চেষ্টা সব সরকারই করেছে। যদিও আইন অনুযায়ী সরকার এটা করতে পারে না। তিনি বলেন, ‘একজন ডাক্তার ন্যায্যভাবে টাকা আয় করেছেন, কিন্তু কর দেননি। আরেকজন ডাকাতি করে আয় করেছেন। দুজনকেই একইভাবে কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে এক কাতারে করে ফেললাম। এটা ঠিক না।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা হায়দার আকবর খান রনো বলেন, ‘পত্রিকায় দেখেছি, ঢাকা চেম্বার কালোটাকা সাদা করার ক্ষেত্রে জরিমানা বাতিলের কথা বলেছে। এমন দাবি করার আগে লজ্জা হওয়া উচিত।’সামষ্টিক অর্থনীতি: আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০ বছর ধরে বিভিন্ন সরকারের আমলে দেশের সামষ্টিক অর্থনীতিতে যে উত্তম ভারসাম্য গড়ে উঠেছিল, এই মুহূর্তে তা হুমকির সম্মুখীন। সব মিলিয়ে অর্থনীতিতে এখন ব্ল্যাকহোল তৈরি হয়েছে। সেটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে, তা-ই ভাবতে হবে। আমীর খসরু আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ হওয়ার মতো কোনো রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন দেশে নেই। বিনিয়োগকারীরা এ চিন্তাই বেশি করেন।বিএনপির এই নেতা বলেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। এ অবস্থায় কে বিনিয়োগ করবে? এ কারণে ব্যবসায়ীরা বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন। আমাদের বন্ধুবান্ধব যাঁরা ব্যবসার সঙ্গে জড়িত, তারা প্রচুর টাকা বাইরে নিয়ে যাচ্ছেন—এটা আজ আমরা সবাই জানি।’আইনের শাসন ও দুর্নীতি: একের পর এক সরকারি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে। যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তার সিইও পদত্যাগ করেছেন। তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এসব দুর্নীতির তদন্ত এখনো চলছে। অথচ, দুদক সরকারের মন্ত্রীদের ক্লিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে।’বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, ‘দল বিবেচনায় নিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। কে আমাদের দল করে, তার জন্য এক রকম আইন, কে অন্য দল করে, তার জন্য আরেক রকম আইন। এভাবে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব না।’অন্যান্য: প্রস্তাবিত বাজেটকে ‘মিশন ইমপসিবল’ মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, তা অর্জিত হবে না। মুঠোফোনের উৎসে কর এবং টিআইএন নেই এমন ব্যক্তিদের ব্যাংকের আমানতের সুদের ওপর উৎসে কর বাড়ানোর সমালোচনা করে এসব প্রত্যাহারের দাবি জানান তিনি। সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘কৃষিতে আগে অনেক সাফল্য ছিল। কিন্তু এবারের বাজেটের পর কৃষিতে সাফল্য কমে আসবে। কারণ, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে। এর প্রভাব কৃষির ওপর পড়বে।’সাবেক সাংসদ মুশফিকুর রহমান বলেন, দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাম্প্রতিক অবস্থা কী, সে বিষয়ে বাজেটে কিছু বলা হয়নি। সরকার ক্ষুদ্রঋণের বিষয়ে এনজিও এবং ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভুল সংকেত (সিগন্যাল) দিচ্ছে।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম বলেন, পোশাকশ্রমিকদের জন্য রেশনপ্রথা চালু করা সরকারের নৈতিক দায়িত্ব।