বাজেটে জলবায়ু অভিযোজন কৌশল সমন্বয়ের তাগিদ

অধিকারভিত্তিক সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিরা জলবায়ু অভিযোজন কৌশলকে জাতীয় বাজেট ও পরিকল্পনার সঙ্গে সরাসরি সমন্বিত করার দাবি জানিয়েছেন।জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বক্তারা বিভিন্ন জলবায়ু তহবিলের ওপর বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একক কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সেগুলো পর্যালোচনার দাবি জানান।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইক্যুইটিবিডির প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী ও একই সংস্থার মোস্তফা কামাল আকন্দ, এনসিসিবির মিজানুর রহমান, সিএসআরএলের তাপস রঞ্জন চক্রবর্তী এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের মাইনুদ্দিন মাহিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইক্যুইটিবিডির সৈয়দ আমিনুল হক। মূল প্রবন্ধে বলা হয়, গত তিন বছরে জলবায়ু অভিযোজন পরিকল্পনায় নতুন অনেক কর্মসূচি অন্তর্ভুক্ত হলেও তা বাস্তবায়নে সরকারি বরাদ্দ ৭ থেকে কমে ৫ দশমিক ২ শতাংশে এসে দাঁড়িয়েছে, যা অনভিপ্রেত।মূল প্রবন্ধে আরও বলা হয় সরকারের ৫৭টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে ২৮টির জলবায়ু অভিযোজনসংক্রান্ত কর্মসূচি রয়েছে মাত্র এক-দুটি। নয়টি মন্ত্রণালয়ের প্রতিটিতে অবশ্য সর্বোচ্চ ১০২টি পর্যন্ত কর্মসূচি আছে। অন্যদিকে ১৮টি মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত কোনো কর্মসূচিই নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, দীর্ঘমেয়াদে বাংলাদেশে জলবায়ু প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে হলে সব মন্ত্রণালয়েরই এ ধরনের কর্মসূচি থাকা উচিত। মিজানুর রহমান ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ধনীদের ওপর সবুজ কর (গ্রিন ট্যাক্স) আরোপের দাবি জানান।