বাজেটে জলবায়ু ইস্যুতে জোর দেওয়ার আহ্বান
অধিকারভিত্তিক বিভিন্ন নাগরিক সংগঠন আসন্ন ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেটে জলবায়ু অভিযোজনের বিষয়টি বিশেষভাবে সমন্বিত করার আহ্বান জানিয়েছে। তারা এ জন্য বিদেশি সাহায্যের দিকে না তাকিয়ে স্থানীয় সম্পদ সৃষ্টি তথা নিজস্ব অর্থায়নের ওপর জোর দেওয়ারও সুপারিশ করেছে।ঢাকায় গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সুপারিশ করা হয়। এতে ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরী ও মোস্তফা কামাল আকন্দ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম, নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশের মিজানুর রহমান বিজয়, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের জাহাঙ্গীর হাসান এবং স্থায়িত্বশীল জীবনযাত্রার জন্য প্রচারাভিযান ও অনলাইন নলেজ সোসাইটির প্রদীপ কুমার রায় উপস্থিত ছিলেন। সংগঠনগুলো জানায়, আসন্ন বাজেট অধিবেশনের আগে তারা এ বিষয়ে একটি স্মারকলিপি অর্থমন্ত্রী ও সব সাংসদের কাছে পাঠাবে। স্মারকলিপিতে ১১টি অগ্রাধিকারভিত্তিক সুপারিশ করা হয়। উল্লেখ্য, সুপারিশগুলোর মধ্যে রয়েছে: উপকূলীয় বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ, কৃষিজমি রক্ষায় বিশেষ ভূমি অঞ্চল ঘোষণা, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণে পুকুর ও খাল খনন, সর্বস্তরের শিক্ষা পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্তকরণ, স্থানীয় পর্যায়ে বীজ সংরক্ষণে বিএডিসির কার্যক্রম উপজেলা পর্যন্ত সম্প্রসারণ ইত্যাদি। বিজ্ঞপ্তি।