বাজেটে জ্বালানি ও যোগাযোগে জোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিনিয়োগের ক্ষেত্রে বরাবরের মতো প্রবৃদ্ধি সহায়ক খাতসমূহ অগ্রাধিকার পাবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, সরকারি বিনিয়োগে ভৌত ও সামাজিক অবকাঠামো খাত যেমন বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, যোগাযোগ, বন্দর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও আইসিটি খাতে অধিকতর সম্পদ সঞ্চালন করা হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতার ষষ্ঠ অধ্যায়ের উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা অংশে মুহিত এ ঘোষণা দেন।
২০২১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা জানিয়ে মুহিত বলেন, ‘এ লক্ষ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পুরোনো কেন্দ্রগুলোর সংস্কার, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন, পর্যায়ক্রমে প্রি-পেইড মিটার স্থাপন, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় বিদ্যুৎ আমদানি, জ্বালানি উৎস বহুমুখীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখব।’ তিনি বলেন, পরিবহন খাতে গুরুত্বপূর্ণ মহাসড়কসমূহকে চার লেনে উন্নীতকরণের চলমান কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করব। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ চারলেন রাস্তা অবশ্যই আগামী অর্থবছরে সম্পন্ন হবে। এ ছাড়া প্রক্রিয়াধীন আইন/বিধি মালাসমূহ শীঘ্রই চূড়ান্ত করার আশা রাখি। পরিবহন খাতে এডিপিভুক্ত ১৩৩টি প্রকল্পের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরেই ৩৯টির কাজ শেষ হবে বলে আশা করেন অর্থমন্ত্রী।