বাজেটে টেলিটকের জন্য বিশেষ বরাদ্দ দাবি
ইক্যুইটিবিডির নেতৃত্বে ১৫টি অধিকারভিত্তিক সংগঠন গতকাল এক সমাবেশে আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেটে টেলিটককে শক্তিশালী করার জন্য অর্থমন্ত্রীর কাছে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে।একই সঙ্গে তারা দেশের টেলিযোগাযোগ খাতে বিদেশি কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ইক্যুইটিবিডির নেতৃত্বে অর্পণ, অনলাইন নলেজ সেন্টার, এসডিও, এসো, এমএবিএস, লিড ট্রাস্ট, প্রদীপ, প্রতিকৃত, বিএনএনআরসি, ভয়েস, বাংলাদেশ ভূমিহীন সমিতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, সিরাক বাংলাদেশ, মানুষ মানুষের জন্য ও এসিআই এ সমাবেশের আয়োজন করে।আয়োজকরা বলেন, টেলিযোগাযোগ খাত এখন আর বিলাসিতার বিষয় নয়, মানুষের মৌলিক অধিকারও বটে; এবং এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত।ইক্যুইটিবিডির মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রফিকুল ইসলাম পথিক, জাহিদুল ইসলাম, সুবল সরকার, এস এম সৈকত, ফিরোজ আহমেদ, বদরুল আলম, শিপ্রা রানী দাস, সৈয়দ আমিনুল হক ও রেজাউল করিম চৌধুরী।সমাবেশ আয়োজকদের পক্ষ থেকে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে একটি লিখিত ‘অবস্থানপত্র’ উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।