বাজেটে নানামুখী সুবিধা চান ব্যবসায়ীরা
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ও আয়করসংক্রান্ত বিভিন্ন ধরনের সুবিধা চান ব্যবসায়ীরা। অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে কাছে পেয়ে নিজেদের এসব দাবিই প্রকাশ করেন তাঁরা।ব্যবসায়ীরা বলছেন, করের হার কমিয়ে করের আওতা বাড়ানো প্রয়োজন। এতে সরকারের রাজস্ব বাড়বে। আর মন্দার কারণে বিদ্যমান সব প্রণোদনা যেন আগামী বাজেটেও অব্যাহত থাকে, সেই সুবিধা দাবি করেছেন রপ্তানিকারকেরা।এসব দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সুনির্দিষ্টভাবে কয়েকটি খাতে প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি বিদ্যমান প্রণোদনা সুবিধাগুলোর সামান্য কিছু পরিবর্তনের তথা কমানোর কথাও বলেছেন তিনি।অর্থমন্ত্রী আরও বলেন, আগামী বাজেটে দক্ষতা উন্নয়ন, ভুট্টা চাষ, বিট উৎপাদন ও পোলট্রি খাতের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হবে। শিল্প-কারখানায় বর্জ্য শোধনাগার স্থাপনে প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে। ২০১২-১৩ অর্থবছরের বাজেট সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। গতকাল ঢাকায় একটি হোটেলে এফবিসিসিআইর সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা ও প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।সভায় অর্থমন্ত্রী আরও বলেন, বাজেটে অনেক কিছু দেওয়া না গেলেও বাজেট পাস হওয়ার পরও অনেক ক্ষেত্রে কিছু সংশোধন করি। মুহিত বলেন, ‘অভ্যন্তরীণ উৎপাদন কার্যক্রমকে বিশেষ সুবিধা দেওয়া মানে কর অবকাশ নয়। আমরা কর অবকাশ উঠিয়ে দিচ্ছি। তার বদলে ক্রমবর্ধমান হারে কর প্রদানের কাঠামোকে উৎসাহিত করা হচ্ছে।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা রপ্তানি খাতকে ভাসিয়ে রাখতে চাই। তবে রপ্তানির বর্তমান প্রবৃদ্ধিকে যাঁরা নিম্ন বলছেন, তাঁরা ঠিক বলছেন না। আগের বার ৪১ শতাংশ হারে প্রবৃদ্ধির পর এখন ১১ শতাংশ প্রবৃদ্ধি তো অসাধারণ কৃতিত্ব। কেননা, একটা উঁচু ভিত্তির (৪১ শতাংশ) ওপর এ প্রবৃদ্ধি হয়েছে। অথচ রপ্তানিকারকেরা এটা নিতে চাচ্ছেন না।’দ্রব্যমূল্য প্রসঙ্গে মুহিত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে আপনারাও ভূমিকা পালন করেন। আমরা সরবরাহ বাড়ানোর জন্য শুল্ক ছাড় দিই।’দ্রব্যমূল্য ইতিমধ্যে কমতে শুরু করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন যে বাজেট পেশের দিন মূল্যস্ফীতির হার ৯ শতাংশ হয়েছে বলে উল্লেখ করতে পারবেন।অর্থমন্ত্রী আরও জানান, প্রাক্-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) প্রথার মেয়াদ আর ছয় মাস আছে। তবে পিএসআই উঠে গেলেই সব সমাধান হয়ে যাবে, চালানে ফাঁকি কমে যাবে, তা নয়। আর অল্প কিছু পণ্যের ক্ষেত্রে পিএসআই অব্যাহত থাকবে। প্রস্তাব: সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আমদানি শুল্কসংক্রান্ত ১৯৪টি, মূল্য সংযোজন করসংক্রান্ত ১০৭টি এবং আয়করসংক্রান্ত ১৪৭টি বাজেট প্রস্তাব তুলে ধরা হয়।আমদানি শুল্কসংক্রান্ত প্রস্তাবে আছে, শিল্প খাতের মূলধনি যন্ত্রপাতি ও মৌলিক কাঁচামাল আমদানিতে শুল্কহার ১ শতাংশ, মধ্যবর্তী কাঁচামালে (যা দেশে উৎপাদিত হয় না) ৩ শতাংশ, দেশে উৎপাদিত হয় এমন মধ্যবর্তী কাঁচামাল আমদানিতে ১২ শতাংশ এবং তৈরি পণ্য ও বিলাসজাতীয় ভোগ্যপণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করা এবং এর সঙ্গে বিদ্যমান সম্পূরক শুল্ক ও ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি) অব্যাহত রাখা।এ ছাড়া স্থানীয় শিল্প সংরক্ষণ ও শিল্পায়নের স্বার্থে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও আমদানি করা পণ্যের শুল্ক পার্থক্য ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে রাখা; মিথ্যা ঘোষণা ও আন্ডার ইনভয়েসিং বন্ধ করে সঠিক শুল্কায়নের জন্য বন্দরগুলোতে স্ক্যানার স্থাপন; কাল্পনিকভাবে শুল্কায়নের মাধ্যমে বৈষম্যমূলক শুল্ককর আরোপ না করে যুক্তিসংগতভাবে শুল্কায়নমূল্য নির্ধারণ; এবং ইটিপি স্থাপনের প্রয়োজনীয় রাসায়নিক ও যন্ত্রপাতি শুল্কমুক্ত আমদানির সুবিধা করা হয়েছে।মূল্য সংযোজন করসংক্রান্ত (মূসক) প্রস্তাবে বলা হয়েছে: যেসব পণ্য আমদানিতে মূসক নেই, সেসব পণ্যে স্থানীয়ভাবে উৎপাদনেও মূসক মওকুফ করা; সব উৎপাদনমুখী খাতে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার; এসএমই খাতের প্রতিষ্ঠানগুলোর বার্ষিক লেনদেন ৬০ লাখ পর্যন্ত মূসক অব্যাহতি দেওয়া।আলোচনা: সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আমদানি শুল্কসংক্রান্ত ১৯৪টি, মূল্য সংযোজন করসংক্রান্ত ১০৭টি এবং আয়করসংক্রান্ত ১৪৭টি বাজেট প্রস্তাব তুলে ধরা হয়।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, দেশে ৩০ লাখ লোকের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে। কিন্তু সবাই কর দেন না। তাঁরা সবাই কর দিলে সরকারের অতিরিক্ত ৪০০ কোটি টাকা রাজস্ব আদায় হবে।সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, রাজস্ব আদায় ও ব্যবসাবান্ধব বাজেট তৈরির জন্য এনবিআর কাজ করছে। এর ফলে দুই পক্ষই লাভবান হবে। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘গত বছর পিপিপির জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ ছিল। আমি জানি না এতে কী কাজ হয়েছে। শুনেছি, একজন সিইও নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, অনেক সরকারি প্রতিষ্ঠান দিনের পর দিন লোকসান দিচ্ছে। এগুলো বেসরকারীকরণ করা যেতে পারে। কিংবা পিপিপির আওতায় দিয়ে দিলে সরকারের লোকসান কমবে।এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন বলেন, কাঁচামালের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে শিল্প ক্লাস্টার করা যেতে পারে। সরকারের পক্ষ থেকে সে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেন বলেন, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি যদি কঠোরভাবে বন্ধ করা না যায়, তাহলে সৎ ব্যবসায়ীরা আমদানিতে নিরুৎসাহী হবেন।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, প্রচ্ছন্ন রপ্তানিকারক শিল্পগুলোর ক্ষেত্রে দশমিক ৬০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান চালু করা প্রয়োজন। এটা হলে সরকারের কর আদায়ে স্বচ্ছতা, সুষম প্রতিযোগিতা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, পরিবেশগত দিক চিন্তা করে ইটিপির জন্য আলাদা ঋণ দেওয়া হলে আগামী পাঁচ বছরে সব শিল্পকারখানায় ইটিপি হয়ে যাবে।তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, মন্দার কারণে ইউরোপের ২৭টি দেশের মধ্যে ১৫টিতেই এবার প্রবৃদ্ধি নেতিবাচক হবে। সে কারণে দেশের অন্যতম বড় রপ্তানি বাজার ইউরোপে রপ্তানি কমে গেছে। তিনি বলেন, নতুন বাজার খোঁজার জন্য সরকার যে প্রণোদনা দিচ্ছে, তার মেয়াদ আগামী জুনে শেষ হয়ে যাবে। এই প্রণোদনা আরও দুই বছর বাড়ানো প্রয়োজন।প্রয়োজনীয় প্রণোদনা পেলে বিদেশে আলু রপ্তানি সম্ভব মন্তব্য করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, কৃষিভিত্তিক শিল্পের সুবিধার কোনোটিই হিমাগার শিল্পমালিকেরা পাচ্ছেন না।নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার সব জেলার জন্য সুষম বাজেট বরাদ্দ করার প্রস্তাব করেন।জামালপুর চেম্বারের সভাপতি রেজাউল করিম বিভিন্ন জেলায় যেসব পণ্য বা শস্য উৎপাদিত হচ্ছে, সেসব স্থানে ওই পণ্য বা শস্যের বিশেষায়িত শিল্প স্থাপনে আগামী বাজেটে বিশেষ সুবিধার প্রস্তাব করেন।