বাজেটে নেই চট্টগ্রামের সোনাদিয়া সমুদ্রবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন অর্থবছরের বাজেটে চট্টগ্রাম অঞ্চলে বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প আলোচনাতেই না থাকায় হতাশ চট্টগ্রামের ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় যানজট নিরসনে চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার লম্বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের ১১টি স্থানের মতো চট্টগ্রাম বন্দরে আইটি পার্ক স্থাপনের পরিকল্পনার কথাও শুনিয়েছেন তিনি। এ ছাড়া অর্থমন্ত্রী কক্সবাজারের মাতারবাড়ীতে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের অর্থায়নে চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথাও বলেছেন।

নতুন বাজেটে চলমান প্রকল্পগুলোতেও ধারাবাহিকতা রেখে বরাদ্দ দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণে ১ হাজার ৫৭৩ কোটি ৯৭ লাখ টাকা, চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পে ১ হাজার ৫৬১ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ হয়েছে। কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৮০ কোটি টাকা। এ ছাড়া মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল্ড ফায়ার পাওয়ার প্রকল্পের জন্য ২ হাজার ২২০ কোটি বরাদ্দ হয়েছে। তবে সোনাদিয়া নিয়ে বাজেট বক্তৃতায় একটি শব্দও খরচ করেননি অর্থমন্ত্রী।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম (আইবিএফ), চিটাগাংয়ের সভাপতি এস এম আবু তৈয়ব গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, পাইপলাইনে এলএনজি কখন পাবে, সেই অপেক্ষায় আছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। এটি ছাড়া চট্টগ্রামে গ্যাস-সংকট মিটবে না। অর্থমন্ত্রীর আশাবাদ বাস্তবায়িত হলে ভালো। আবার বাজেটে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত যোগাযোগব্যবস্থার আধুনিকায়নও গুরুত্ব পাওয়ায় ভালো হয়েছে। তবে আগামী কয়েক বছরের পর সোনাদিয়া বা অন্য যেকোনো একটি গভীর সমুদ্রবন্দরে প্রয়োজনীয়তা অনিবার্য হবে। চট্টগ্রাম বন্দরের বর্তমান সক্ষমতা দিয়ে বেশি দিন চালানো যাবে না। এ জন্য অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর সম্প্রসারণসহ বন্দরকে এগিয়ে নিতে দিকনির্দেশনা বা গুরুত্ব দেওয়া উচিত ছিল।

জানা গেছে, চীনের অর্থায়নে সোনাদিয়া বন্দর নির্মাণে সমঝোতার প্রক্রিয়া এগিয়ে যায় ২০১৪ সালে। ওই বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা হয়নি। এরপরই চাপা পড়ে যায় এ প্রকল্প। সোনাদিয়ার পরিবর্তে পায়রা বন্দর গুরুত্ব পেতে থাকে।

বিদায়ী অর্থবছরের বাজেট প্রস্তাবের সঙ্গে ১০টি বড় প্রকল্প নিয়ে ‘কাঠামো রূপান্তরে বৃহৎ প্রকল্প: প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রা’ শীর্ষক পুস্তিকা বের করেছিল অর্থ মন্ত্রণালয়। তখন সরকার থেকে সরকার (জি টু জি) ভিত্তিতে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে বলে তুলে ধরা হয়। ওতটুকুই পর্যন্ত আলোচনা ছিল সোনাদিয়ার। দ্রুত সময়ে বাস্তবায়নযোগ্য (ফাস্ট ট্রাক) প্রকল্পের তালিকায় থাকলেও অগ্রগতি ছিল না আর।

অর্থনীতিবিদ ও ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান প্রথম আলোকে বলেন, সোনাদিয়া ছাড়া চট্টগ্রামের বড় প্রকল্পগুলো এবার বাজেটে গুরুত্ব পেয়েছে। সোনাদিয়ার পক্ষে কথা বলার কেউ নেই এখন। ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে না বলে হয়তো সোনাদিয়া তেমন গুরুত্ব পায়নি। আবার পায়রা বন্দরকে গুরুত্ব দিতে গেলে সোনাদিয়ায় বন্দর নির্মাণের গুরুত্ব কমে যায়। পায়রার চেয়ে প্রাকৃতিকভাবে সোনাদিয়া অনেক বেশি উপযুক্ত ছিল। প্রাকৃতিক সুবিধা থাকায় সোনাদিয়া অগ্রাধিকার তালিকায় প্রাধান্য পাওয়া উচিত ছিল। বলতে গেলে, দেশের অর্থনীতিকে চিন্তা করলে সোনাদিয়াকে প্রাধান্য দিতে হতো।

দীর্ঘদিন চাপা পড়ে থাকা সোনাদিয়া নিয়ে আবারও আলোচনা শুরু হয় সম্প্রতি। গত ২৭ এপ্রিল চট্টগ্রামে এক অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেছিলেন, কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হবে। এক দিন পর বন্দরের এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মাতারবাড়ী হোক বা সোনাদিয়ায় হোক, গভীর সমুদ্রবন্দর চট্টগ্রাম অঞ্চলে হতেই হবে। এই দুই মন্ত্রীর বক্তব্যের পর তিন বছর ধরে চাপা পড়ে থাকা এই সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প পুনরুজ্জীবিত হচ্ছে বলে ব্যবসায়ীরা ধারণা করেছিলেন। সেটির প্রতিফলন ঘটেনি বাজেট বক্তৃতায়।

মন্ত্রীদের ঘোষণার সময় দুই সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের কথা বাজেট বক্তৃতায় না থাকলেও যেকোনো সময় এই প্রকল্প আলোর মুখ দেখবে বলে আশা করছি। তবে চট্টগ্রামে অনেকগুলো বড় প্রকল্প বাস্তবায়নের কথা বাজেটে বলা হয়েছে। বরাদ্দও দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে।’

সোনাদিয়া ছাড়া ভবিষ্যৎ প্রকল্প ও চলমান প্রকল্পগুলোর কথা বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। তবে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় যানজট নিরসনে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কথা বলেছেন, সেটির এখনো কাজ শুরু হয়নি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৩ হাজার ২৫০ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এই প্রকল্পের (জুলাই ২০১৭ থেকে জুন ২০২০) প্রকল্প উন্নয়ন প্রস্তাব তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে এখনো অনুমোদন হয়নি। চূড়ান্ত অনুমোদন না হওয়ায় এবারের বাজেটে বরাদ্দও মেলেনি।

আবার গত অর্থবছরের মতো এবারও বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে ২০১৮ সালের শেষ নাগাদ এলএনজি আমদানি ও গ্যাস সরবরাহ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এ জন্য কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণ ও আমদানির কার্যক্রম জোরদার করা হবে বলে উল্লেখ করেছেন।

চট্টগ্রামের আরেকটি বড় প্রকল্প দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম রেললাইন সম্প্রসারণের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল ২০১০ সালে। রেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান এ নিয়ে প্রথম আলোকে বলেন, বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা দিয়ে ভৌত কাজ শুরু করা হবে। প্রকল্পের আওতায় ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। রেলপথ নির্মাণে দরপত্রও আহ্বান করা হয়েছে।