বাজেটে পদ্মা সেতুর জন্য বরাদ্দ ৬,৮৫২ কোটি টাকা: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে পদ্মা সেতু নির্মাণের জন্য স্থানীয় ও বৈদেশিক মুদ্রা মিলিয়ে ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। আর চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে থাকছে এক হাজার পাঁচ কোটি টাকা। সচিবালয়ে গতকাল শনিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ তথ্য দিয়েছেন। এ সময় অর্থমন্ত্রী আরও জানান, পদ্মা সেতুর অর্থায়ন-সম্পর্কিত সার্বিক বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে একটি খসড়া প্রতিবেদন তৈরি করা হবে।মুহিত বলেন, পদ্মা সেতুর জন্য চীনের একটি গোষ্ঠী প্রস্তাব দিয়েছিল, চীনা সরকার এখনো কিছু জানে না।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থসচিব ফজলে কবির এ সময় উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক রাহাত খান, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফাহিম মুনয়েম, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী প্রমুখ।সরকারের নির্বাচনী অঙ্গীকার কতটুকু পূরণ হলো এবং আগামী দিনে আওয়ামী লীগকে মানুষ কেন ভোট দেবে—আগামী বাজেটে তার প্রতিফলন থাকবে কি না, অর্থমন্ত্রীর কাছে তা জানতে চান সম্পাদকেরা। গ্রামীণ ব্যাংক: অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুহাম্মদ ইউনূস এটিকে চালাতে দিচ্ছেন না। গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগও করতে দিচ্ছেন না। তিনি এটিকে আঁকড়ে ধরে থাকতে চান।অর্থমন্ত্রী আরও বলেন, মুহাম্মদ ইউনূস বিশ্বাস করেন যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংক ধসে পড়বে। কিন্তু তিনি চলে যাওয়ার পর এটি ভালো চলছে। মুহিত বলেন, ‘জনাব ইউনূস গ্রামীণ ব্যাংককে মনে করেন নিজের সম্পদ। উনার বিরুদ্ধে এটি আমার অভিযোগ। উনার রীতিমতো অহমের সমস্যা (ইগো প্রবলেম) আছে।’শেয়ার কেলেঙ্কারি: সাক্ষীর অভাবে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া যাচ্ছে না বলে জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘খোন্দকার ইব্রাহিম খালেদ তাঁর তদন্ত প্রতিবেদনে যাঁদের প্রতি ইঙ্গিত করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা আমার নেই। কারণ, সাক্ষী নেই। সাক্ষী নেই বলেই তিনি এ বিষয়ে শুধু অনুমান করেছেন। তার পরও এ বিষয়ে মামলা হয়েছে।’অর্থমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদনে যে চারজনের কথা বলা হয়েছে, তাঁদের বিষয়ে আমাকে সাক্ষী পেতে হবে তো। সাক্ষী না পেলে কীভাবে এগোব।’তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, সাক্ষীর অভাবে ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা না গেলেও এবার সেটা হবে না। কারণ, এবার আছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।এ কথা স্মরণ করিয়ে দিলে অর্থমন্ত্রী বলেন, বেনামে লেনদেন করলে সিডিবিএলও তা শনাক্ত করতে পারে না।বিদ্যুৎ খাত: অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০১৭ সালে দেশে বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না। তিনি জানান, বিদ্যুৎ খাত-সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হবে আগামী বাজেটে।বর্তমান সরকারের আমলে মোট কতগুলো বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, কতগুলো স্থাপিত হয়েছে, কতগুলো উৎপাদন শুরু করেছে, বাকিগুলো কবে উৎপাদনে যাবে এবং মোট উৎপাদনক্ষমতা—সব সেখানে থাকবে।অন্যান্য: ডেসটিনির দুর্নীতি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটি এক বড় সমস্যা। বিষয়টি দেখছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকও কিছু কাজ করেছে।দেশের আর্থিক খাতের অপরাধ প্রতিরোধে একটি কমিশন গঠনের কথা বলা হয়েছিল—এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটি আগামী সরকারের জন্য রেখে দিলাম। আর আমার ধারণা, আগামী দিনে আওয়ামী লীগই সরকার গঠন করবে।’এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আগামীতে আমি আর মন্ত্রী হতে চাই না। তবে সাংসদ হওয়ার জন্য নির্বাচন করবো। মন্ত্রী হতে চাইলে ১৬ ঘণ্টা কাজ করতে হয়, আমি এখন ১২ ঘণ্টার বেশি কাজ করতে পারি না।’