
আসন্ন বাজেটের মাধ্যমে আগামী পাঁচ বছরের অর্থনৈতিক ও উন্নয়ন কর্মসূচি প্রদান করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ তিনি নিজেই এ কথা বলেছেন৷ এ-ও বলেছেন, এটা হবে চলমান কর্মসূচি, যা চলতে থাকবে৷ আর এটাই হবে দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি অর্থমন্ত্রীর ‘স্থিতিশীলতার’ বার্তা৷
মেট্রোপলিটান চেম্বার (এমসিসিআই) ও মাছরাঙা টেলিভিশনের যৌথ আয়োজনে ‘বাজেট ২০১৪-১৫: আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় অর্থমন্ত্রী গত শুক্রবার রাতে এসব কথা জানান৷ অর্থমন্ত্রী এ সময় আরও বলেন, এসব কর্মসূচি বাস্তবায়িত হবেই, এর ব্যত্যয় ঘটবে না৷ আর তাই এটা হবে একধরনের আভাস যে দেশে স্থিতিশীলতা রয়েছে৷
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি আগের পাঁচ বছর প্রতিবারই স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেছি৷ কিন্তু তা হয়নি৷ এবার তাই ধরে নিচ্ছি যে স্থিতিশীলতা থাকবে৷ তা না হলে দেশ এগিয়ে যেতে পারবে না৷’
মেট্রো চেম্বার মিলনায়তনে এমসিসিআইয়ের নির্বাহী কমিটির সদস্য নিহাদ কবিরের সঞ্চালনায় এ বাজেট আলোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা দেশে রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে অনিশ্চয়তা ও সুশাসনে দুর্বলতার কথা তুলে ধরার পরিপ্রেক্ষিতে সমাপনী বক্তব্যে মুহিত এসব কথা বলেন৷
আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহী বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে দেশি বিিনয়োগ বাড়বে না৷ আর দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ হবে না৷ কাজেই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে৷’
সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সন্দিহান অনেকেই৷ এটা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মাঝে দ্বিধা তৈরি করছে৷’
আলোচনায় ব্যবসায়ী নেতারা আগামী ২০১৪-১৫ অর্থবছরে উচ্চহারে কর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন৷ তাঁরা বলেন, প্রায় এক লাখ ৫০ হাজার কোটি টাকার কর আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে৷ এর মধ্য দিয়ে যাঁরা নিয়মিত কর দেন, তাঁদের ওপরই চাপ বাড়বে৷
নিহাদ কবির বলেন, ‘মনে হচ্ছে আগামী বছর বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) তৎপরতায় ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন৷ তাহলে তাঁরা কখন ব্যবসা করবেন?’
এমসিসিআইয়ের সাবেক সহসভাপতি সৈয়দ নাসিম মনজুর বলেন, ‘এলটিইউর কর কর্মকর্তারা আমাদের ওপর চাপ বাড়াচ্ছেন৷ তাঁরা বলছেন যে আমাদের কাছে না আসলে তাঁরা কোথায় যাবেন?’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী বলেন, ‘এলটিইউ কী পরিমাণ চাপ বাড়াচ্ছে তা ভাবা যায় না৷ সঠিকভাবে যাঁরা ব্যবসা করেন, ঠিকঠাকমতো ব্যাংকঋণ পরিশোধ করেন, তাঁদেরই শাস্তি দেওয়া হয়৷ যাঁরা বড় ঋণখেলাপি, তাঁদের সুদ মওকুফ করা হয়, এমনকি আসলটা পরিশোধেও দীর্ঘ সময় দেওয়া হয়৷’
তিনি আরও বলেন, বিপুল পরিমাণ অপ্রদর্শিত আয়ের অর্থ রয়ে গেছে, দুর্নীতির অর্থ রয়ে গেছে৷ এগুলো কেন ধরা হচ্ছে না?
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, সাত লাখ মূসক (মূল্য সংযোজন কর) নিবন্ধন থাকলেও মাত্র দুই লাখ নিয়মিত মূসক বিবরণী দাখিল করে, আর মাত্র ৫০ হাজার নিয়মিত মূসক দেয়৷ তিনি সিগারেট বিক্রি থেকে উচ্চ হারে কর আদায়ের সুযোগ আছে বলে উল্লেখ করেন৷
কর আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘করের চাপ করদাতাদের ওপর বেশি থাকবে না, তা বিস্তৃত হয়ে পড়বে৷ কেননা, করদাতার সংখ্যা বাড়ানো হচ্ছে৷’ তিনি জানান যে করমুক্ত আয়ের সীমা ও আয়কর স্তর আগামী বছর থেকে আর বাড়ানো হবে না৷ ১০ বছর ধরে অপরিবর্তিত থাকবে৷
আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ২০১৫ সাল থেকে নতুন মূসক আইন কার্যকর হবে৷ এখন যে এক হাজার ৪০০ খাত মূসক ছাড় পায়, তখন তা কমে আসবে ১৭০টিতে৷ ফলে সুরক্ষা আর থাকবে না৷
বেসরকারি বিনিয়োগ আশানুরূপভাবে বাড়ছে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, গত বছর সন্ত্রাসবাদের মাধ্যমে অর্থনীতিতে ধস নামানো হয়েছে৷ হত্যা, বোমাবাজি, ককটেল, গাড়ি পোড়ানোর মতো সন্ত্রাসী কাণ্ড ঘটিয়ে ২০১৩ সালের শেষ তিন মাসে অর্থনীতির গুরুতর ক্ষতিসাধন করা হয়েছে৷ এ অবস্থায় বিিনয়োগ হতে পারে না বলে তিনি উল্লেখ করেন৷
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রথমে ঘটানো হয়েছে অর্থনৈতিক সন্ত্রাস৷ তাই শেয়ারবাজার কেলেঙ্কারি, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি, হল-মার্ক কেলেঙ্কারি, ব্যাংকে বিপর্যয় ঘটেছে৷ এরপর তৈরি হয়েছে রাজনৈতিক সন্ত্রাস৷ তারপর এখন হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস৷
আমীর খসরু আরও বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হলে সত্যিকারের অর্থবহ, অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন করতে হবে৷’
আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ১০ বছর ধরে আয়কর স্তর অপরিবর্তিত রাখা অত্যন্ত নিষ্ঠুর কাজ হবে৷
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, যিদ ১০ বছর আয়কর স্তর অপরিবর্তিত রাখতে চান, তাহলে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখতে হবে৷
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন সম্পত্তির ওপর করারোপের আহ্বান জানান৷
সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে হলে উন্নয়ন প্রশাসনের সক্ষমতা ও অর্থনীতির চাহিদার মধ্যে ঘাটতি মেটাতে হবে৷