বাজেটে প্রণোদনার আশায় বছরের সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাজেটে গুচ্ছ প্রণোদনার প্রত্যাশায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেন সাড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলতি ২০১৩ সালে ডিএসইতে এটিই হচ্ছে সর্বোচ্চ লেনদেন।লেনদেনের পাশাপাশি ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আবারও চার হাজার পয়েন্ট ছাড়িয়েছে। নতুন এই সূচক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৮ পয়েন্টে। পুরোনো সাধারণ সূচক ৮৮ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে চার হাজার ৩১১ পয়েন্টে উন্নীত হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ১৮৩ পয়েন্ট বা দেড় শতাংশ বেড়ে আবারও সাড়ে ১২ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। ওই বাজারের লেনদেন ৫০ কোটি টাকা অতিক্রম করেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজেট ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া ইতিবাচক প্রত্যাশা জোরালো হয়ে ওঠায় লেনদেন ও সূচকে গতি ফিরেছে। সেই সঙ্গে বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণও বেড়েছে।গতকাল লেনদেনের শুরুতেই ঢাকার বাজারে সূচকের নিম্নমুখী চাপ তৈরি হয়। কিন্তু তা কেটে যেতে খুব বেশি সময় লাগেনি। ১৫ মিনিটের মধ্যেই সূচক ঊর্ধ্বমুখী হতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, বাজেট সামনে রেখে বাজারে গতির সঞ্চার হয়েছে। বিনিয়োগকারীদের ইতিবাচক প্রত্যাশার সুবাদেই মূলত এটি হয়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, নতুন বাজেটে সরকার এমন কিছু পদক্ষেপ নেবে, যা পুঁজিবাজারের সংকট কাটাতে সহায়ক হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে তার কিছু ইঙ্গিতও প্রকাশ পেয়েছে। মাশরিব জাহিদ আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাজারে নতুন বিনিয়োগ বা তারল্য সরবরাহ কিছুটা বেড়েছে। এই সময়ে মৌল ভিত্তির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও লক্ষ্য করা গেছে। এটি বাজারের জন্য খুবই ইতিবাচক। এখন বাজারের এই গতি ধরে রাখাই হবে প্রধান কাজ। আশা করছি, বাজেটে প্রত্যাশার প্রতিফলন ঘটলে এই গতি বহাল থাকবে।’উল্লেখ্য, অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করবেন।কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, সূচকের ঊর্ধ্বগতির পেছনে বুধবার বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোন, বিএটিবিসি, ইসলামী ব্যাংক ও তিতাস গ্যাসের মতো মৌল ভিত্তির কোম্পানিগুলো। তবে খাতভিত্তিক লেনদেনে এদিন শীর্ষে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিশেষ করে এ খাতের সরকারি কোম্পানিগুলোর অবস্থানই ছিল শীর্ষে। ওই প্রতিবেদন অনুযায়ী, দিন শেষে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। একক কোম্পানি হিসেবে এদিন লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানি ছিল যথাক্রমে স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, মেঘনা পেট্রোলিয়াম ও গ্রামীণফোন। কোম্পানি পাঁচটির সম্মিলিত লেনদে েনর পরিমাণ ছিল প্রায় ১৩০ কোটি টাকা। ঢাকার বাজারে বুধবার ২৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত ছিল ২৬টির। এদিন মোট লেনদেন হয় প্রায় ৬৬১ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি। এর আগে ডিএসইতে সর্বশেষ গত বছরের ১৪ অক্টোবর সর্বোচ্চ ৬৯১ কোটি টাকার লেনদেন হয়েছিল।চট্টগ্রামের বাজারে এদিন ২১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ১৩৬টির, কমে ৬০টির আর অপরিবর্তিত থাকে ১৪টির। এদিন মোট লেনদেন হয় ৫৫ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকা বেশি।