বাজেটে প্রত্যক্ষ কর বাড়ানোর প্রস্তাব
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে প্রত্যক্ষ কর বাড়ানোর এবং মূল্য সংযোজন কর (মূসক) সম্প্রসারণ না করার দাবি জানিয়েছে দেশের সাতটি অধিকারভিত্তিক নেটওয়ার্ক ও সংগঠন।সংগঠনগুলো দেশের কালো রাজনীতিকে কালো টাকা ও কর অবিচারের প্রধান উৎস হিসেবে অভিহিত করে জনগণের সঙ্গে কর নিয়ে অন্যায্যতা দূরীকরণেরও দাবি জানিয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও শোভাযাত্রায় এসব দাবি জানানো হয়। এতে বলা হয়, বিদেশি সাহায্য বা ঋণের ওপর নির্ভর না করে উন্নয়ন পরিকল্পনায় আত্মনির্ভরশীলতা অর্জনের দিকে নজর দিতে হবে। মানববন্ধনের প্রদর্শিত ব্যানারের উপজীব্য ছিল: জাতি আরও বেশি কর দিতে প্রস্তুত, কিন্তু বিলাসিতা কমানো এবং দুর্নীতি উৎপাটনের উদ্যোগ নিতে হবে।ইকুইটিবিডির মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন অনলাইন নলেজ সোসাইটির প্রদীপ কুমার রায়, বাংলাদেশ ভূমিহীন সমিতির সুবল সরকার, বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম, সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশনের জীবনানন্দ জয়ন্ত, জাতীয় শ্রমিক জোটের হেনা চৌধুরী ও মেসবাহ উদ্দিন আহমেদ এবং ইকুইটিবিডির রেজাউল করিম চৌধুরী। এতে রেজাউল করিম চৌধুরী বলেন, দেশে বর্তমানে ২২ হাজারেরও বেশি লোক আছে যাদের ব্যাংক হিসাবে এক কোটি টাকারও বেশি আছে, অথচ এক লাখ টাকার ওপরে কর দেয় এমন কর দাতার সংখ্যা এক হাজার জনের মতো। সুতরাং প্রত্যক্ষ কর বাড়ানোর বিপুল সুযোগ বাংলাদেশে আছে। আয়োজকেরা সরকারকে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করার এবং অপ্রদর্শিত অর্থের ওপর শাস্তিমূলক কর আরোপের আহ্বান জানান।