বাজেটে বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নারী ও শিশু উন্নয়নে বাল্যবিবাহকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় নারী ও শিশুর উন্নয়ন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং বিরোধী দলের নেতা সকলেই নারী। তবে, একটি ক্ষেত্রে আমরা বেশ পশ্চাৎপদ। আমাদের মেয়েদের অনেকেরই বাল্য বয়সে বিয়ে হয়ে যায়। ১৮ বছরের আগেই তারা সংসারের দায়িত্ব গ্রহণ করে। অল্প বয়সে মাতৃত্ব নারী ও শিশুস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এতে উচ্চশিক্ষায় নারীরা পিছিয়ে যায়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।’
বাজেট বক্তৃতার ‘উন্নয়নে নারী’ শিরোনামে বাল্যবিবাহ প্রতিরোধে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে বলে উল্লেখ করা হয়েছে। ‘শিশুর শারীরিক ও মানসিক বিকাশ’ প্রসঙ্গেও বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিতকরণের তাগিদ দেওয়া হয়েছে। শিশু অধিকার সংরক্ষণ প্রসঙ্গে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নারী ও শিশুর অন্যান্য উন্নয়ন প্রসঙ্গ: বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে, কর্মরত নারীর সংখ্যা ২০০৬ এর ১১ দশমিক ৩ মিলিয়ন থেকে ২০১৩ সালে ১৬ দশমিক ৮ মিলিয়নে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে শতকরা ৫০ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নারী উন্নয়ন ও কর্ম সুযোগ সংক্রান্ত সকল প্রকল্প পুনর্বিন্যাস করা হচ্ছে। নারীদের দক্ষতা উন্নয়নে গ্রহণ করা হচ্ছে নানামুখী কার্যক্রম। তৃণমূলের নারীদের পণ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত একটি সাপ্লাই চেইনে বাণিজ্যিকভাবে সম্পৃক্ত করার জন্য জয়িতা ফাউন্ডেশন কাজ করছে। এর একটি প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। জয়িতা কার্যক্রম পর্যায়ক্রমে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে। নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের জন্য স্থায়ী উন্নয়ন কেন্দ্র ও হোস্টেল নির্মাণেরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ড্রাইভিং প্রশিক্ষণ, ক্যাটারিং প্রশিক্ষণ, নারী আইসিটি ফ্রি-ল্যান্সারসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। নারীদের অগ্রাধিকারভিত্তিতে কৃষি ও পল্লি ঋণ বিতরণের জন্য ব্যাংকসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে। বাজেটে নারীর হিস্যা তুলে ধরার জন্য ২০০৯-১০ অর্থবছর থেকে প্রকাশ করা হচ্ছে জেন্ডার বাজেট।
অসহায়-অবহেলিত-প্রতিবন্ধী নারীদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা, নারীর প্রতি সহিংসতা রোধ, আত্ম-কর্মসংস্থানে ক্ষুদ্রঋণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জেন্ডার সংবেদনশীল আইনি কাঠামো, উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ফলে নারীরা ধীরে ধীরে দেশের আর্থসামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছেন বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে।
বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, লিঙ্গবৈষম্য হ্রাসে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে বর্তমানে শীর্ষ অবস্থানে আছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান ১৪২টি দেশের মধ্যে দশম।
বক্তৃতায় বলা হয়েছে, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের উপযোগী পরিবেশ তৈরির জন্য শিশু বিকাশ কেন্দ্র পরিচালনা, নিপীড়ন-নির্যাতন-সহিংসতা-শোষণমুক্ত পরিবেশ তৈরি, শিশুশ্রমের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিতকরণ, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কর্মজীবী নারীদের সন্তানদের জন্য দিবাযত্ন কেন্দ্র স্থাপন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া সুবিধা-বঞ্চিত শিশুদের উন্নয়নে ড্রপ-ইন সেন্টার, জরুরি রাত্রিকালীন আশ্রয়, শিশুবান্ধব অঞ্চল, ওপেন এয়ার স্কুল, শুল্কবিহীন শিশু হেল্পলাইন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিশু সংবেদনশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠন করা হয়েছে চাইল্ড প্রোটেকশন নেটওয়ার্ক কমিটি। শিশুর অধিকার রক্ষায় পোশাকশিল্প কারখানার নারী শ্রমিকদের সন্তানদের জন্য দিবাযত্ন কেন্দ্র স্থাপন,৬টি শিশু বিকাশ কেন্দ্রে দুস্থ, এতিম, অসহায় পথ শিশুদের জন্য আশ্রয়, খাদ্য, বস্ত্র, শিক্ষার উপকরণ, স্কুল গমনের সুযোগ, স্বাস্থ্য-সেবা, খেলাধুলা ও চিত্ত-বিনোদনের সুযোগ সৃষ্টি ইত্যাদি সৃষ্টি করা হয়েছে।